চট্টগ্রাম বন্দরে থাকা ৪৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার খালাস করা হবে কি না সে সিদ্ধান্ত নিতে সাংসদদের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর এই কমিটি অধিকতর তদন্ত করবে।আজ রোববার জাতীয় সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।কমিটির সুপারিশ পাশ কাটিয়ে সার খালাস করার চেষ্টা করায় প্রশ্নের মুখে পড়েন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সারের গুণগত মান পরীক্ষায় গঠিত শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত আগের তদন্ত কমিটির সদস্যদের বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় নতুন কমিটি করা হয়েছে বলে জানা গেছে। সাত সদস্যের নতুন কমিটিতে নেতৃত্ব দেবেন সাংসদ কামাল মজুমদার। কমিটিতে আরও থাকবেন সাংসদ মুহিবুর রহমান মানিক, সাংসদ আলী আজগর, বুয়েটের দুজন অধ্যাপক, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং শিল্প ও বিজ্ঞান গবেষণাগারের একজন প্রতিনিধি। এক মাসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।নিম্নমানের ৪৩ হাজার টন সার খালাসের চেষ্টা ও সার্বিক সার পরিস্থিতিতে কমিটি অসন্তোষ প্রকাশ করেন।বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আট মাস ধরে ২০০ কোটি টাকা মূল্যের প্রায় ৪৩ হাজার মেট্রিক টন সার পড়ে আছে। এগুলো নষ্ট হয়ে গেছে উল্লেখ করে স্থায়ী কমিটি এই সার খালাস না করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, এই সার টেন্ডারে কান্ট্রি অব অরিজিনের বিধান মানা হয়নি। প্রচলিত আছে, এই সার ভিয়েতনাম গ্রহণ না করায় বাংলাদেশে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ সারের কিছু অংশ গুদামজাত করা হয়েছে। বাকিটা খোলা জায়গায় পড়ে রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ জমাট বেঁধে গেছে। এগুলো গুঁড়ো করে ব্যবহার করলে ৫০ শতাংশ ব্যবহার করা যাবে।সংসদীয় কমিটি সারের সংকট যেন না হয়, সে জন্য কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) যেকোনো মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বলেছে কমিটি।বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে তোফায়েল আহমেদ বলেন, দেশে সারের মজুদ যথেষ্ট পরিমাণে রয়েছে। বিদেশ থেকে আরও আট লাখ টন সার আসছে। কৃষকের সারের কোনো অভাব হবে না। এ জন্য উত্পাদন পুরোদমে চালিয়ে যেতে হবে। তোফায়েল আহমেদ জানান, সৌদি আরব থেকে দুই লাখ, কাতার থেকে চার লাখ ও সংযুক্ত আরব আমিরাত থেকে দুই লাখ মেট্রিক টন সার আমদানি করা হয়েছে। খুব শিগগির এ সার দেশে পৌঁছাবে।বৈঠকে কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান মানিক, মেরাজ উদ্দিন মোল্লা, সুলতানা বুলবুলসহ কমিটির সদস্যরা অংশ নেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।