আগের চেয়ে বেশি আয়কর দিতে হবে গ্রামীণফোনকে
প্রাতিষ্ঠানিক (করপোরেট) আয়করের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য করস্তর পুনর্বিন্যাস না করে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুঠোফোন অপারেটরদের করের বোঝা বাড়ানো হয়েছে। এর ফলে একমাত্র তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গ্রামীণফোনকে আগের চেয়ে বেশি আয়কর দিতে হবে।বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুঠোফোন কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর ৪০ শতাংশ করা হয়েছে। বর্তমানে এই হার ৩৫ শতাংশ। ফলে চলতি অর্থবছর পর্যন্ত গ্রামীণফোন আয়ের ওপর ৩৫ শতাংশ হারে কর দেবে। আগামী অর্থবছর থেকে নতুন হার প্রযোজ্য হবে। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ৪৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। তাই অন্য মুঠোফোন অপারেটরদের প্রাতিষ্ঠানিক আয়কর হারে কোনো পরিবর্তন হয়নি। সিগারেট কোম্পানির আয়করও বাড়ল: সিগারেট প্রস্তুতকারী কোম্পানির করহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিগারেট প্রস্তুতকারী কোম্পানির করহার ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। আর তালিকাভুক্ত নয় এমন সিগারেট প্রস্তুতকারী কোম্পানির করহার সাড়ে ৪২ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক আয়কর হার অপরিবর্তিত রয়েছে।