আগের মতো রায়গঞ্জে আর নাটক মঞ্চস্থ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাংস্কৃতিক অঙ্গন এখন অনেকটাই মৌসুম ও জাতীয় দিবসনির্ভর হয়ে পড়েছে। বিভিন্ন উপলক্ষে স্থানীয় নাট্যামোদি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উদ্যোগে কালে-ভদ্রে বিচ্ছিন্নভাবে নাটক মঞ্চস্থ হয়ে থাকে; যা স্থানীয়ভাবে মানুষের বিনোদনের চাহিদা মেটাতে পারে না। কিন্তু একটা সময় ছিল, যখন স্থানীয় ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় প্রায় সারা বছরই জমজমাট থাকত রায়গঞ্জের সাংস্কৃতিক অঙ্গন। এলাকার প্রবীণ নাট্যব্যক্তিত্ব নূর-এ-আলম সরকার বলেন, ‘আমরা আগে যারা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, তাদের অনেকেই আজ নেই। আমাদের সময় সবাই ছিল শিল্প-সংস্কৃতিমনোস্ক। মুরব্বিরা সরাসরি সমর্থন না দিলেও তাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করতেন। কিছুদিন আগেও নাটক নিয়ে কাজ করতেন নাট্যকার আবুল কালাম আজাদ, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুদুল হক, আবদুল লতিফ সরকার, এস এম নজরুল ইসলাম, আবদুল হামিদ প্রমুখ। কিন্তু সংসার আর বাস্তবতার কারণে তাঁরাও নাটক থেকে এখন অনেক দূরে। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, ‘এখনো নাটক তথা সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের সমাজ ভালো চোখে দেখে না। তবুও আমরা অনেক দিন নাটকের সঙ্গে যুক্ত ছিলাম।’ তিনি আরও বলেন, ‘নাটক যখন মঞ্চে প্রদর্শিত হয়, তখন দর্শকের উপস্থিতি, হাততালি অনুপ্রাণিত করে। মনে হয় সফল হয়েছি। কিন্তু পরক্ষণই যখন ঘরে ফিরি, তখনই মনে হয়, আমরা বেশি দূর এগোতে পারিনি। গ্রামীণ নাটকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে নারী শিল্পীর অভাব। ধর্মীয় ও সামাজিক কারণে সাধারণভাবে কোনো নারী এখনো নাটকে অংশ নিতে আগ্রহী হয় না। তাই বাধ্য হয়ে শৌখিন ও পেশাজীবী নারী শিল্পী আনতে হয়।’ তরুণ অভিনেতা রোমবাদশাহ সরকার দুঃখ করে বলেন, নাটকের কথা শুনে খুশি হয়েছে, এলাকায় এমন মানুষের সংখ্যা খুব কম। তবে মঞ্চে অভিনয় করতে গিয়ে যখন দর্শকের প্রচুর হাততালি পাই, তখন এসব দুঃখ দূর হয়ে যায়। চান্দাইকোনার নাট্যব্যক্তিত্ব টি এম কামরুজ্জামান বলেন, আকাশ সংস্কৃতি উদার হওয়ার পর গ্রামগঞ্জের এসব নাটক দেখতে চায় না। তবুও নাটকপ্রেমী এসব মানুষের প্রত্যাশা, স্থানীয় মানুষজনের সহযোগিতায় আবারও রায়গঞ্জে নাট্য আন্দোলন জোরদার হবে মৌসুম বা পূজা-পার্বণের উপলক্ষে নয়, নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ হবে এলাকার বিভিন্ন মঞ্চে।