আগের ম্যাচের ভুল করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে ম্যাচের উত্তেজনা শেষ মানেই কিন্তু বিশ্বকাপ শেষ নয়। আয়ারল্যান্ড ম্যাচটাও বিশ্বকাপেরই ম্যাচ এবং এতেও আমরা ভারত ম্যাচের মতোই সিরিয়াস থাকব।কেউ যদি ভাবেন প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে আমরা এই ম্যাচটাকে গায়ে লাগাচ্ছি না, সেটা ভুল। প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডকে আমরা ভালোভাবেই নিচ্ছি। তারাও কঠিন প্রতিপক্ষ। আর অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে অনেক সময় ক্রিকেটাররা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে যায়। এসব দলের সঙ্গে তো জয়ের বিকল্প কিছু থাকে না! সমর্থক-দর্শকেরাও ধরে নেয় ম্যাচটা আমরা জিততে যাচ্ছি। জিততেই হবে বলে চাপটা বেশি থাকে। আয়ারল্যান্ডের তো আমাদের বিপক্ষে হারানোর কিছু নেই, আমাদের আছে। ‘ছোট’ দলের বিপক্ষে ‘বড়’ দলের যে চাপ থাকে, সেটাই আরকি! এই চাপটুকু ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে আমি আমাদের সব দিক দিয়েই এগিয়ে রাখব। এখানকার কন্ডিশনের কথা চিন্তা করলে তো অবশ্যই। তবে কাগজে-কলমে এগিয়ে থাকলেই শুধু হবে না। আসল জায়গায় সময়মতো আসল কাজটা করতে হবে।সব দলের বিপক্ষেই স্পিন বোলিং আমাদের মূল অস্ত্র। আয়ারল্যান্ডের বিপক্ষেও তাই থাকবে। স্পিনারদের যার যেটুকু সামর্থ্য আছে আমার মনে হয় ওটুকু করতে পারলেই চলবে। কারও বাড়তি কিছু না করলেও চলবে ওদের বিপক্ষে। এটা ঠিক, ভারতের বিপক্ষে আগের ম্যাচে বোলাররা খারাপ বল করেছে। কিন্তু আপনারাও জানেন, এর চেয়ে ভালো বল করার সামর্থ্য আমাদের বোলারদের আছে। ভারতের বিপক্ষে আমরা কেউই বল হাতে নিজেদের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারিনি। সামর্থ্য অনুযায়ী বল করলে আমাদের সামনে আইরিশ ব্যাটসম্যানদের খুব ভালো করার কথা নয়। বোলারদের কাছে তাই আমার একটাই প্রত্যাশা—তারা যেন আগের ম্যাচের ভুলগুলো না করে। স্বাভাবিক বোলিংটা করতে পারলেই হবে এই ম্যাচে।আগের ম্যাচে আমরা ব্যাটিংটা খারাপ করিনি। ভারতের বিপক্ষে যে ব্যাটিংটা করেছি সেটাই ধরে রাখতে চাই এই ম্যাচে। তবে ওই ম্যাচে শেষ ৬-৭ ওভার ভালো ব্যাটিং হয়নি।্রএই জায়গাটায় উন্নতি আনতে হবে।গত ম্যাচে অনেকেই ব্যাট হাতে ভালো শুরু করেছিল। তবে আমি মনে করি, ভালো শুরু করে সেট হয়ে যাওয়া কারও না-কারও পুরো ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল। ফলাফল যা-ই হোক, ইনিংসটা ব্যাটসম্যানদেরই শেষ করে আসা উচিত ছিল। ৪০ ওভার পর্যন্ত আমাদের মাত্র ৪ উইকেট পড়েছিল, সেখানে ৫০ ওভার শেষে ৯ উইকেট পড়ে যাওয়াটা দুঃখজনক। আয়ারল্যান্ড ম্যাচে ব্যাটসম্যানদের এই বিষয়টা মনে রাখতে হবে। কেউ যদি ভালো শুরু করে, সে যেন বড় ইনিংস খেলে আসে। কথাটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য।কোনো সন্দেহ নেই, এই কন্ডিশনে আমাদের স্পিন সামলানোটা কঠিন হবে আয়ারল্যান্ডের পক্ষে। এখানে তাদের বোলিংটাও খুব ভালো হওয়ার কথা নয়। এগুলো যদি ওদের মাইনাস পয়েন্ট হয়, প্লাস পয়েন্ট হলো দলটা খুবই আত্মবিশ্বাসী, ভালো করার তাড়না আছে সবার, সাহস আছে। এটা তাদের সবচেয়ে বড় শক্তিরও জায়গা। দলটা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এ রকম দলের টিম স্পিরিট ভালো হয়। কিছু পাওয়ার জন্য মুখিয়ে থাকে তারা।আইরিশরা ম্যাচের আগে অনেক কিছুই বলছে। তারা নাকি আমাদের উৎসব মাটি করে দেবে। এসব কথার কোনো জবাব আমি দিতে চাই না। কারও ও রকম মনে হলে বলতেই পারে। দুই দলের আগের ইতিহাস থেকে আমি এটাও বলব না যে ম্যাচটা প্রতিশোধের। আমাদের ভালো খেলতে হবে, বিশ্বকাপে টিকে থাকতে হলে আয়ারল্যান্ডকে হারাতে হবে—এটাই বুঝি আমি। শুধু আয়ারল্যান্ড নয়, গ্রুপ পর্বে হল্যান্ডের বিপক্ষেও একই পরিস্থিতিতে পড়তে হবে আমাদের। এসব দলের বিপক্ষে হারলে সবই শেষ।্রফেরার আর সুযোগ থাকবে না।আগেই যেটা বলেছি, এসব ম্যাচে অনেক সময় নিজেদের সঙ্গেই নিজেদের লড়াই করতে হয়। প্রতিপক্ষ দুর্বল হলে অনেক সময় আয়েশিভাব চলে আসে সবার মধ্যে। তবে আমার বিশ্বাস, আমাদের ক্ষেত্রে সেটা হবে না। এমনকি প্র্যাকটিস ম্যাচেও আমরা কেউ গা ছেড়ে দিইনি। হলে আমরা কানাডার বিপক্ষে ও রকম ভালো খেলতে পারতাম না।ভারতের বিপক্ষে হারার পর সবার উত্তেজনায় যেন একটু ভাটা পড়েছে। এক দিক দিয়ে ভালোই হয়েছে বলব। খেলোয়াড়েরা একটু নির্ভার থাকতে পারবে। তবে আমার বিশ্বাস, এই ম্যাচেও দর্শকেরা তাদের প্রাণঢালা সমর্থন নিয়ে আমাদের পাশে থাকবে। গত ম্যাচে তারা আমাদের যে রকম সমর্থন দিয়েছে, এর চেয়ে ভালো কিছু আর সম্ভব না। দর্শকেরা যদি ওই রকমই থাকে, আমরা হয়তো আরও ভালো কিছু দিতে পারব এই ম্যাচে।