আগের রাজার পথে পরের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মতো পদচ্যুত করা হতে পারে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতির মামলা চালু করার ব্যাপারে সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী এখন সেই পথে হাঁটছেন বলে ধারণা বিশ্লেষকদের। গতকাল সোমবার দ্য ডন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, গত ২৭ আগস্ট মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি লেখার সময় চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) তাঁকে তিন সপ্তাহের সময় বেঁধে দেন। ১৮ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা। ওই দিন বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ মামলার বিষয়ে শান্তিপূর্ণ সমাধানে আসবেন বলেও ধারণা করা হচ্ছিল। কিন্তু গিলানির মতো নতুন প্রধানমন্ত্রী পারভেজ আশরাফও মামলার বিষয়টি এড়িয়ে যেতে আগ্রহী হওয়ায় এ মামলার ভবিষ্যত্ নিয়ে সন্দিহান বিশ্লেষকেরা। এর পরিণতি হিসেবে পারভেজকে তাঁর উত্তরসূরির পথে যেতে হবে বলে ধারণা তাঁদের।পাকিস্তানের সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী নিজে এককভাবে বা মন্ত্রিপরিষদের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তাই এ ব্যাপারে আইন উপদেষ্টা ওয়াসিম সাজ্জাদকে নিয়ে আদালতে গিয়ে পারভেজ আশরাফ তাঁর বক্তব্য উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। সুইস কর্তৃপক্ষকে চিঠি না দেওয়ার সিদ্ধান্ত শুধু তাঁর নিজের নন, এটি মন্ত্রিপরিষদের সম্মিলিত সিদ্ধান্ত বলেও জানাবেন তিনি।পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংস্থার সাবেক প্রেসিডেন্ট তারিক মাহমুদ বলেন, পারভেজ আশরাফ অযোগ্য ঘোষিত হলে পরবর্তী সময়ে সংরক্ষিত বিশেষ আসন থেকে একজন নারী প্রধানমন্ত্রী হতে পারেন। এর পর তিনি যদি আইনি প্যাঁচে পড়ে পদচ্যুত হন, এতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জাতীয় পরিষদ থেকে কোনো আসন হারাবে না বলে জানান তিনি।অভিযোগ রয়েছে, সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রাখেন জারদারি। এই অভিযোগে সুইজারল্যান্ডে তাঁর বিরুদ্ধে ওই মামলা হয়। আদালত বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু করেননি সাবেক প্রধানমন্ত্রী গিলানি। এ কারণে আদালত অবমাননার দায়ে গত ১৯ জুন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয় তাঁকে।