আগের সরকার বহালে বিএনপির আপত্তি
সংবিধান সংশোধনের লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেওয়া প্রস্তাবকে বিএনপি পুরোপরি নাকচ করেনি, আবার পুরোপুরি গ্রহণও করেনি। বিএনপি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য সময় নির্ধারণ করা যেতে পারে। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ে ওই সরকার নির্বাচন করতে ব্যর্থ হলে সুপ্রিম কোর্টের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা উচিত। কিন্তু পূর্ববর্তী সরকারে ফিরে যাওয়া একেবারে ঠিক হবে না।গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির কাছে আওয়ামী লীগের প্রস্তাব তুলে ধরে। বিএনপি এই কমিটিতে তাদের কোনো প্রস্তাব দেয়নি।বিএনপির নীতিনির্ধারকেরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে আওয়ামী লীগের দেওয়া প্রস্তাবের একাংশের বিরোধিতা করেছেন। তা হলো ‘তত্ত্বাবধায়ক সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে পূর্ববর্তী সরকার বহাল হবে এবং তাদের অধীনে নির্বাচন হবে।’ বিএনপির নেতারা বলেন, এই প্রস্তাবটির কারণে সংবিধান সংশোধনে ক্ষমতাসীনদের আগ্রহের কারণ দেশবাসীর কাছে স্পষ্ট।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, ‘আমরা বারবার বলে এসেছি, সংবিধান সংশোধন কোনো ভালো উদ্দেশ্যে হচ্ছে না। এখন সরকারের সেই উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। সংবিধানের অসামঞ্জস্য দূর না করে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার প্রস্তাব দিয়েছে।’আওয়ামী লীগের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে বিএনপির নেতারা তাঁদের অবস্থান প্রথম আলোর কাছে তুলে ধরেছেন। তাঁরা মনে করেন, সংবিধানকে যুগোপযোগী করতে এবং অসামঞ্জস্য দূর করার জন্য সংশোধন করা যেতে পারে। তবে আওয়ামী লীগের প্রস্তাবের কোনো কোনোটির কারণে এই অসামঞ্জস্য আরও বাড়বে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আংশিক সংশোধনের পক্ষে: বিএনপির নেতারা মনে করেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের জন্য সময় নির্ধারণ করা যেতে পারে। সে ক্ষেত্রে বিএনপির প্রস্তাব হলো, নির্ধারিত সময়ে ওই সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে সুপ্রিম কোর্টের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ বা ১২০ দিন করার পক্ষে।যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় সংশোধনী আনতে আওয়ামী লীগ যে প্রস্তাব দিয়েছে, তাতেই সংশোধনের উদ্দেশ্য প্রকাশ পায়। সংবিধান সংশোধনের এই চেষ্টা দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে এ ধরনের প্রস্তাব দিয়েছে। ‘পূর্ববর্তী সরকারে ফিরে গিয়ে নির্বাচন’ এটা মোটেই গণতান্ত্রিক হতে পারে না। মূলত বাকশালের আদর্শে ফিরে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধান উপদেষ্টা নিয়োগের পরিধি বাড়ানোর দরকার নেই: সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার বর্তমান ব্যবস্থার পক্ষে বিএনপি। কিন্তু নতুন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হলে তারা মানবে না।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন যেমন আছে, সেটা ঠিক আছে। এটি সংশোধনে সরকারের উদ্দেশ্য শুভ নয়। তা ছাড়া আদালতের রায়ে এ ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। সরকার জ্যেষ্ঠতা লঙ্ঘন না করলে এই প্রক্রিয়া সঠিকভাবেই কাজ করবে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টা করার জন্য প্রধান বিচারপতি নিয়োগ প্রাধান্য পেলে সংকট তৈরি হবে।রাষ্ট্রধর্মের প্রস্তাব ধোঁকাবাজি: বিএনপি মনে করে, রাষ্ট্রধর্ম ইসলাম রাখার ব্যাপারে আওয়ামী লীগের প্রস্তাব জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। কারণ, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম রাখাটা পরস্পরবিরোধী। আওয়ামী লীগকে এর যেকোনো একটি বেছে নিয়ে অসামঞ্জস্য দূর করা উচিত।এম কে আনোয়ার বলেছেন, এখানে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা বুদ্ধিবৃত্তিক অসততার চরম উদাহরণ।ধর্মভিত্তিক দল প্রসঙ্গে বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগ রাষ্ট্রধর্মের পক্ষে থাকলে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বিপক্ষে থাকতে হবে।বিচারপতিদের অভিশংসন প্রসঙ্গ: এম কে আনোয়ার বলেছেন, এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই। সংবিধানে সাংসদদের এই ক্ষমতা দেওয়া যেতে পারে বা বর্তমান অবস্থাও বলবৎ থাকতে পারে। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে আছে। তবে এর কিছু সমস্যাও আছে। অনেক সময় ক্ষমতার অপপ্রয়োগ হতে পারে।৭০ অনুচ্ছেদ থাকা উচিত: দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার ক্ষমতা সংবিধানে সাংসদদের না দেওয়াই ভালো বলে মনে করে বিএনপি। এই অনুচ্ছেদটি তাই থাকা উচিত। তবে কিছুটা মার্জিত করা যেতে পারে বলে মনে করে বিএনপি।তবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ও জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যে কথা আওয়ামী লীগ বিশেষ কমিটিকে বলেছে, তা ভেবে দেখা যেতে পারে বলে বিএনপির নেতারা মন্তব্য করেছেন।