আগৈলঝাড়ায় টিআর প্রকল্পের গম আত্মসাতের অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০০৯-১০ অর্থবছরের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য টেস্ট রিলিফের (টিআর) প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।সরকারি দল অনুযায়ী বরাদ্দকৃত গমের মূল্য ৫১ লাখ ৪৭ হাজার ৩২৫ টাকা। কাজ না করায় প্রকল্প চেয়ারম্যানদের আত্মসাৎকৃত অর্থ সরকারি তহবিলে জমা দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও এ নির্দেশ তোয়াক্কা করছেন না তাঁরা।আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের সংস্কারের আওতায় এ উপজেলার জন্য ৬ জুন মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দকৃত ১০৩টি প্রকল্পের বিপরীতে ১৬৫ মেট্রিক টন ও সাধারণ ১৪২টি প্রকল্পের বিপরীতে ১৭৮ দশমিক ১৫৫ মেট্রিক টন টেস্ট রিলিফের গম বরাদ্দ দেওয়া হয়। ৩০ জুন প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়। গত ২২ জুন ২৪৫টি প্রকল্পের অনকূলে ওই গমের ডিও ছাড় করা হয়। মোট বরাদ্দের শতভাগ ডিও প্রকল্প চেয়ারম্যানদের ইস্যু করা হয়েছে। প্রকল্প চেয়ারম্যানরা স্থানীয় সরকারি গুদাম থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত গম উত্তোলন করে নিয়েছেন।২৬ সেপ্টেম্বর সরেজমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বাজারে একটি প্রকল্পের স্থানে গেলে, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আন্তক্রীড়া সম্পাদক মো. টিটু তালুকদার অভিযোগ করেন, উপজেলা যুবলীগের সহসম্পাদক মো. মানিক মোল্লা গৈলা বাজার টলঘর সংস্কার করার নামে একটি প্রকল্প দাখিল করেন। তিনি নিজেই প্রকল্প কমিটির চেয়ারম্যান হিসেবে কমিটি জমা দিয়ে বরাদ্দকৃত পাঁচ টন টিআরের গম উত্তোলন করে তা ৭৫ হাজার টাকায় বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগ প্রসঙ্গে যুবলীগের নেতা মো. মানিক মোল্লাকে জিজ্ঞাসা করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক আওয়ামী লীগের নেতা অভিযোগ করেন, রাজিহার ইউনিয়নের রাজিহার পোস্ট অফিস সংস্কার করার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা বাবুলাল মুন্সি পোস্ট অফিসের নামে প্রকল্প জমা দিয়ে বরাদ্দকৃত এক মেট্রিক টন গম বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। তবে বাবুলাল মুন্সি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক সদস্য অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা লীগের নেত্রী ও রত্নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসনে আরা বেগম বরিয়ালী হাফেজ দেওয়ান মাজার ও মসজিদ সংস্কার করার জন্য প্রকল্প জমা দিয়ে দুই টন গম উত্তোলন করে তা আত্মসাৎ করেন।অভিযোগের ব্যাপারে হোসনে আরা বেগম বলেন, আত্মসাৎ করার অভিযোগ সত্য নয়। রাজিহার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সূর্যকান্ত সরকারের বাড়ির আশ্রম ও মন্দির সংস্কার করার জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সূর্যকান্ত সরকার বরাদ্দকৃত চার মেট্রিক টন গম ৬০ হাজার টাকা বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করেছেন।মহিলা লীগ গৈলা ইউনিয়ন কমিটির সদস্য সালেহা বেগম অভিযোগ করেন, মহিলা লীগের নেত্রী আসমা বেগম গৈলা ইউনিয়নের কালুরপার রব হাওলাদারের বাড়ি মহিলা মজলিসের ঘর সংস্কার ও মহিলা লীগের নেত্রী রিজিয়া বেগম বাকাল ইউনিয়নের সরোয়ার ফকিরের বাড়ি মহিলা মজলিসের ঘর সংস্কার নামে ছয় মেট্রিক টন গম উত্তোলন করে দুজনে ৯০ হাজার টাকা বিক্রি করে তা আত্মসাৎ করেন। তবে দুই নেত্রীই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।মোল্লাপাড়া গ্রামের মো. জুয়েল হাওলাদার ও মো. শাহাদাত হোসেন অভিযোগ করেন, ওই ওয়ার্ডের যুবলীগের নেতা মো. মনির হোসেন মোল্লাপাড়া ঈদগাহ ময়দান সংস্কার করার প্রকল্প কমিটি দাখিল করে তিন টন গম উত্তোলন করে তা বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মনির দাবি করেন, পুরো বরাদ্দই সংস্কার কাজে ব্যয় করা হয়েছে। বাগধা ইউনিয়নের বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জনৈক সদস্য অভিযোগ করেন, বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার করার জন্য বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য আ. মান্নান প্রকল্প জমা দিয়ে চার টন গম উত্তোলন করে তা আত্মসাৎ করেন। সরকারি বাজারদর অনুযায়ী ওই গমের মূল্য ৬০ হাজার টাকা।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আ. মান্নান বলেন, অভিযোগ সত্য নয়। আমি গম বিক্রির টাকা দিয়ে উন্নয়নকাজ করেছি।আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফারুক হোসেন অভিযোগ করেন, গৈলা বাজার ড্রেন সংস্কারের নামে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আ. জলিল প্রকল্প দাখিল করে তিন মেট্রিক টন গম উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। তবে অভিযোগের ব্যাপারে আ. জলিল বলেন, অভিযোগের সত্যতা নেই।বেলুহার গ্রামের মো. গিয়াস উদ্দিন, ছয়গ্রাম গ্রামের স্কুলশিক্ষক শামসুল হক ও বাগধা গ্রামের ইখতিয়ার মিয়া অভিযোগ করেন, বেলুহার ক্লিনিক সংস্কারের জন্য স্থানীয় যুবলীগের নেতা মো. রেমন ভুঁইয়া দুই টন, পূর্ব বাগধা মডেল হাইস্কুল সংস্কারের জন্য আওয়ামী লীগের নেতা মো. আকবর মিয়া দুই মেট্রিক টন, গৈলা শিশু নিকেতন সংস্কারের জন্য যুবলীগ নেতা মাহমুদুল আলম চার মেট্রিক টন, ছয়গ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজ সংস্কারের জন্য রত্বপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিলাস চন্দ্র বিশ্বাস দুই মেট্রিক টন গম বরাদ্দ নিয়ে প্রকল্প চেয়ারম্যান (সিপিসি) আওয়ামী লীগ নেতারা কোনো কাজ না করে গম বিক্রির টাকা আত্মসাৎ করেন বলে একাধিক আওয়ামী লীগ নেতা ও স্থানীয়রা অভিযোগ করেন। তবে ওইসব প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান (সিপিসি) আওয়ামী লীগ নেতারা কাজ না করে বরাদ্দকৃত গম বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।আগৈলঝাড়া ত্রাণ ও পুনর্বাসন অফিসের সহকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নের তদারকি কর্মকর্তাদের (ট্যাগ অফিসার) সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। বাকাল ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান সাগর ও উপজেলা রিসোর্স সেন্টার ইনসট্রাক্টর মাহাবুব আলম রিপোর্টে উল্লেখ করেন, এ ইউনিয়নে গৃহীত ৪১টি প্রকল্পের মধ্যে অধিকাংশ প্রকল্পের কোনো কাজ হয়নি। আগৈলঝাড়া উপজেলার প্রকল্প চেয়ারম্যানরা কাজ না করায় সিপিসিদেরকে সরকারের বরাদ্দকৃত টিআর বা সরকারি মূল্য জমা দেওয়ার জন্য নির্দেশ করা হয়। এ নির্দেশ পাওয়ার পরেও কোনো কর্ণপাত করেননি ক্ষমতাসীন দলের নেতা ও প্রকল্প চেয়ারম্যানরা। এ বিষয়ে ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান সাগর জানান, বাকাল ইউনিয়নে অধিকাংশ প্রকল্পে কোনো কাজ করা হয়নি। আগৈলঝাড়া উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) শচীন্দ্র নাথ বৈদ্যের কাছে জানতে চাইলে বলেন, অভিযোগের সত্যতা রয়েছে। যাঁরা কাজ করেনি, তাঁদের কাজ করার জন্য বলা হয়েছে। ঠিকমতো কাজ না করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া প্রসঙ্গে বলেন, ভুয়া প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নিয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান বলেন, কেউ প্রকল্পের গম আত্মসাৎ করে থাকলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস বলেন, সরকারি বরাদ্দ নিয়েও যাঁরা কাজ করেনি তাঁদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টিআর প্রকল্পের গম আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।