আগৈলঝাড়ায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন স্থানে সামাজিক কর্মকাণ্ডে এবং হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় অনুদান দিয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন। কেউ দলীয় সমর্থনের আশায় হাইকমান্ডের কাছে ধরনা দিচ্ছেন। ইউপি নির্বাচন নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। বিএনপির একক সম্ভাব্য প্রার্থী থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে।আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে ১ নম্বর রাজিহার ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আফজাল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস তালুকদার, সাবেক কৃষক লীগ নেতা মতিউর রহমান হাওলাদার ও সাইফুল ইসলাম শওকত। এ ছাড়া ২ নম্বর বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য যতীন্দ্রনাথ মিস্ত্রী, সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি প্রার্থী নিরোদবরণ হালদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিটন তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি বিপুল দাস ও ইলিয়াস কাঞ্চন। ৩ নম্বর বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ভাট্টি, উপজেলা যুবলীগের সহসভাপতি কিশোর বিশ্বাস, তাঁর ছোট ভাই ছাত্রলীগ নেতা মিঠুন বিশ্বাস, উপজেলা যুবলীগ নেতা বজলুল হক ও আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী সিরাজ হাওলাদার, আকবর আলী, আমেরিকা প্রবাসী নিলু হাওলাদার ও রেজাউল ফয়েজ। ৪ নম্বর গৈলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি সদস্য মজিবর সেরনিয়াবাত, আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য পনির সেরনিয়াবাত, যুবলীগ নেতা ইলিয়াস শরীফ ও ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ। ৫ নম্বর রত্নপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের নেত্রী হোসনেয়ারা বেগম, আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক অরুণকৃষ্ণ হালদার, মুক্তিযোদ্ধা কুদ্দুস শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোস্তফা সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আ. মান্নান আকন, আওয়ামী লীগ সমর্থক শাহীন আলম, ব্যবসায়ী গিয়াস উদ্দিন জামাল, সুরেশ সরকার ও আনোয়ার শাহর নাম শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য প্রার্থী এলাকায় ক্যালেন্ডার বিতরণ, শুভেচ্ছা বিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে অনুদান প্রদানসহ প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।