আগৈলঝাড়ায় হিজবুত তাওহিদের ৪ নারী সদস্য আটক
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুরপাড় এলাকা থেকে পুলিশ আজ শনিবার সকালে হিজবুত তাওহিদের সন্দেহভাজন চারজন নারী সদস্যকে আটক করেছে। তাঁদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তর হওয়া নারীরা হলেন, যশোরের হিজবুত তাওহিদের সদস্য ও শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী আসমা আক্তার ওরফে রুনা, গৌরনদী উপজেলার সাহজিরা গ্রামের আবদুল মান্নান মীরের স্ত্রী বকুল বেগম, উজিরপুর উপজেলার ঘটেশ্বর কালীহাতা গ্রামের বাদল ফকিরের স্ত্রী জেবুন্নাহার ও বাবুগঞ্জ উপজেলার চরহোগলপাতি গ্রামের মনির আকনের স্ত্রী ফারজানা আক্তার মনি।আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুরপাড় এলাকায় আজ সকালে বোরকাপরা চার নারীকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চার নারীকে আটক করে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।