‘ইভ টিজিং রুখব, সোনার বাংলা গড়ব। ইভ টিজিং করে যারা, দেশের কলঙ্ক তারা। ছাত্রসমাজ এক হও, ইভ টিজিং রুখে দাও’—এ ধরনের নানা স্লোগান দিয়ে ২৬ জুলাই সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও শপথ গ্রহণ করেছে।আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও শিক্ষকেরা গৌরনদী-পয়সারহাট, মাহিলাড়া-পয়সারহাট, বাগধা-আগৈলঝাড়া, রাজিহার-আগৈলঝাড়াসহ উপজেলার গুরুত্বপূর্ণ ১০টি সড়কের দুই পাশে মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং ইভ টিজিং-বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম ঘোষণা করে এলাকাবাসীও মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ইভ টিজিং প্রতিরোধে শপথ গ্রহণ করে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান জসিম সরদার, থানার ওসি অশোক কুমার নন্দী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কো-অডিনেটর প্রেম সং ম্রং, ডেভিট সুজন গ্রেগরি, জহিরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেনগত ১০ মে ইভ টিজিংয়ের বলি হয়েছে উপজেলার ছবিখাঁরপাড় গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রিমা খানম। এ ঘটনার মাত্র ১৩ দিন পর (২৩ মে) ইভ টিজিংয়ের বলি হয়েছে আরেক মেধাবী ছাত্রী নাঘিরপাড় গ্রামের মিতালী মণ্ডল। এ ছাড়া বখাটেদের উত্ত্যক্তের কারণে আগৈলঝাড়া উপজেলার পাঁচজন ছাত্রীর স্কুল ও কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়।জুতাপেটা ও কান ধরে উঠবস: ইভ টিজিংবিরোধী মানববন্ধন ও শপথ গ্রহণ চলাকালীন স্কুলছাত্রীর ছবি তোলায় এক বখাটে যুবককে জুতাপেটা ও কান ধরে উঠবস করানো হয়েছে। আগৈলঝাড়া উপজেলার সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লৈনেন তপাদার জানান, তাঁদের স্কুলের শিক্ষার্থীরা দাসেরহাট-সেরাল সড়কে মানববন্ধনে অংশ নেয়। এ সময় বখাটে সেন্টু সরদার মোবাইল ফোনে বিদ্যালয়ের এক ছাত্রীর ছবি তোলে। ছাত্রীরা বখাটেকে আটক করে শিক্ষকদের কাছে নিয়ে যায়। তাৎক্ষণিক বখাটে সেন্টুকে ৫০ ঘা জুতাপেটা ও ৫০ বার কান ধরে উঠবস করিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বখাটে সেন্টু সরদারের বাড়ি উপজেলার মুরিহার গ্রামে। সে ওই গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে।