আগ্নেয়াস্ত্র চান দিল্লির নারীরা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাসে গণধর্ষণের শিকার হয়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সেখানকার নারীরা। নিরাপত্তার জন্য নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখার কথা ভাবছেন তাঁরা। দিল্লি পুলিশের লাইসেন্স বিভাগ জানায়, ধর্ষণের ঘটনাটি ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য ২৭৪টি আবেদন এসেছে নারীদের তরফ থেকে। কীভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া যাবে—এ ব্যাপারে জানতে চেয়েছেন শত শত নারী।দিল্লি পুলিশের একজন কর্মকর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ‘ওই ঘটনার পর এ পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি নারীর ফোনকল পেয়েছি। তাঁরা যে কেবল গড়পড়তা কর্মজীবী নারী, তা নয়। এমন অনেক শিক্ষর্থী আছেন, যাঁরা দূরের কলেজে গিয়ে পড়াশোনা করেন। অনেক অভিভাবকও জানতে চেয়েছেন, কীভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাগানো যায়।’ ওই কর্মকর্তা বলেন, শতাধিক ব্যক্তি তাঁদের কার্যালয়ে এসেছেন। তাঁদের বোঝাতে হয়েছে যে জীবন সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে—এমন প্রমাণ পেলে তবেই লাইসেন্স দেওয়া হবে। এতে অনেক অভিভাবক খুশি হতে পারেননি। তাঁরা তখন বলেছেন যে গণপরিবহনও নিরাপদ বলে মনে করছেন না। আর কোনো ঘটনা ঘটার সুযোগ দিতে চান না তাঁরা।ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর গান রাইটস ইন্ডিয়ার একজন সদস্য জানান, বন্দুক রাখার জন্য দিল্লিতে নারীদের চেয়ে পুরুষদের বেশি লাইসেন্স দেওয়া হয়। যদিও নারীদের যথার্থ প্রয়োজন।গত দুই বছরে দিল্লির পুলিশ নারীদের কাছ থেকে ৮০০ আবেদন পেয়েছে। ২০১০ সালে আবেদনের সংখ্যা ছিল ৩২০টি, ২০১১ সালে তা বেড়ে ৫০০টিতে পৌঁছায়। বিভিন্ন কারণে এ সংখ্যা বাড়ছে।লাইসেন্স বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আগে নারীরা উত্তরাধিকার সূত্রে বাবা বা স্বামীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইতেন, কিন্তু বর্তমানে নারীরা আত্মরক্ষার স্বার্থে এ লাইসেন্স চাইছেন।’আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করা ব্যক্তিদের মধ্যে এখন ২০-২২ শতাংশই নারী। গত দুই সপ্তাহে এ সংখ্যা বেড়ে ৩৫ শতাংশে পৌঁছেছে। ওই কর্মকর্তা জানান, ২০১০ সালে ২৭ জন নারীকে লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে ১৭ জন পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। গত বছরের জুলাই পর্যন্ত ব্যক্তিগত হুমকির মুখে পাঁচজন নারীকে লাইসেন্স দেওয়া হয়। ব্যক্তির নিরাপত্তায় হুমকি না থাকায় ২০১০ ও ২০১১ সালে ৬০০টি আবেদন নাকচ করা হয়।