নিউমার্কেটের অলিগলি ঘুরে ক্লান্ত সাদ্দাক মাহমুদ খান ও জহিরুল জয়। দুজনেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। গ্রামের বাড়ি যাবেন। কিন্তু যাওয়ার আগে ঈদের পোশাকটা কিনে নিতে চান ঢাকা থেকে। তাই পছন্দের পোশাকের খোঁজে দুই বন্ধু সাদ্দাক ও জয় ঘুরে বেড়াচ্ছেন এখানে-ওখানে। দুজনের দুই রকম পছন্দ। একজনের পছন্দ যুগোপযোগী আধুনিক পোশাক, অন্যজন চান আরামদায়ক পোশাক। নিউমার্কেটে পছন্দের পোশাক না পেয়ে দুজন ছুটলেন অন্য বাজারে। ঈদের পোশাকে তরুণদের পছন্দে যে ভিন্নমাত্রা রয়েছে—এই দুজন যেন তারই প্রমাণ।পবিত্র রমজান যতই এগিয়ে যাচ্ছে, ঈদ ততই ঘনিয়ে আসছে। তরুণদের পোশাকের বাজারও আস্তে আস্তে হয়ে উঠছে সরগরম। তরুণদের চাহিদা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে সমন্বয় ঘটেছে রঙের এবং নান্দনিক নকশার। ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলোও ব্যস্ত পোশাক তৈরি আর বিক্রিতে।এবারের ঈদে খাঁটি দেশি পোশাকের দিকে তরুণদের আগ্রহ থাকবে বলে মনে করেন রঙের মালিক বিপ্লব সাহা। তিনি বলেন, ‘তরুণদের জন্য বছরজুড়েই কাজ করা হয়। ঈদে নতুন নতুন ট্রেন্ড তৈরি করার দিকেই সবার আগ্রহ। তরুণেরাও অপেক্ষায় থাকেন নতুন ঢঙের পোশাকের।’রঙের পোশাকের মূল আকর্ষণ পাঞ্জাবি। এবারের ঈদে গরম থাকবে। তাই আরামদায়ক কাপড় নির্বাচনে বাড়তি সতর্কতা ছিল। রাজকীয় মোটিভ ব্যবহার করে ‘মোগল পাঞ্জাবি’ নামের শর্ট ও লং পাঞ্জাবি তৈরি করা হয়েছে। দাম পড়বে ৫৫০ থেকে পাঁচ হাজার টাকা। এখানে একই ঢঙের পাঞ্জাবি খুব বেশি করা হয়নি। পাঞ্জাবির সঙ্গে নিতে পারেন চুড়িদার, ধুতি পাজামা বা কাবলি পাজামা। আছে উত্তরীয়ও। পাশাপাশি ফতুয়া-শার্টের ওপর কুরুশের কাজ, কটন ও সিল্কের কাজ আছে। ফতুয়ায় কারচুপির এমব্রয়ডারি ব্যবহার করা হয়েছে।উত্তরার স্কাইলাইন গ্যালেরিয়া বিপণিবিতানের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ডিজাইন ঢাকা’র কর্ণধার রাফি লুৎফুল করিম বলেন, তরুণদের জন্য প্রিন্টের কটন কাপড়ে পশ্চিমা ধাঁচের পাঞ্জাবি বানানো হয়েছে। এতে থাকছে নানা ধরনের হাতের কাজ। থাকছে কটন ও সুপারকম্বড ফেব্রিকের তৈরি টি-শার্ট। এক হাজার থেকে দুই হাজার ৫০০ টাকার পাঞ্জাবিগুলো আকর্ষণীয়ও বটে। এ ছাড়া ৭৫০ থেকে এক হাজার ৮৫০ টাকার মধ্যে মিলবে নানা ঢঙের শার্ট। শার্টে থাকছে প্রিন্ট ও চেকের প্রাধান্য। তরুণদের আগ্রহের বিষয়টি মাথায় রেখে রাখা হয়েছে টিউন ফিট ও রিল্যাক্সড ফিটিং প্যান্ট। ডেনিম পাওয়া যাবে এক হাজার ৫০ থেকে তিন হাজার টাকার মধ্যে।বাজার ঘুরে দেখা গেছে, তরুণদের জন্য এবার বাজারে আনা হয়েছে বলাকা সিল্ক, অ্যান্ডি সিল্ক, কন্ডি সিল্ক, কটনের পাঞ্জাবি। এসেছে মেলোড্রামা নামে নতুন ঢঙের পাঞ্জাবি। এ ছাড়া দুপাশে বুক পকেট আছে কলার ও কলার ছাড়া—এমন পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে বেশ। তরুণদের বিশেষ গুরুত্ব দিয়ে পোশাক তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর অন্যতম হচ্ছে দর্জিবাড়ি, একস্ট্যাসি, আড়ং, অঞ্জন’স, কে ক্র্যাফট, সাদাকালো, বাংলার মেলা, মেন্জ ক্লাব, রিচম্যান, ক্যাটসআই, স্মার্টেক্স, সিল, প্লাস পয়েন্ট, ব্যাঙ, ইনফিনিটি, লুবনান, নিত্য উপহার, পঙিক্ত, স্বপ্নবাজসহ আরও অনেকে।দর্জিবাড়ির পরিচালক মাসুদ হোসেন জানান, তরুণদের পাঞ্জাবির সঙ্গে ক্যাজুয়াল, ফরমাল শার্ট, বেপারি শার্ট, সেমি ফিট শার্ট, ফরমাল-ক্যাজুয়াল প্যান্ট, টিকেনলেস-উইথটিকেন প্যান্ট, জিন্স ও গ্যাবার্ডিনও রয়েছে। প্রায় সব পোশাকেই দেশের সঙ্গে পশ্চিমা ঢঙের সমন্বয় ঘটানো হয়েছে।বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তরুণেরা এখন কেনাকাটার চেয়ে ঘুরেফিরে দেখছেন। নিজের সঙ্গে যুৎসই পোশাক পছন্দ করছেন। কিছুদিন পরে শুরু করবেন কেনাকাটা। রাজধানীর নিউমার্কেট, পলওয়েল সুপার মার্কেট, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, ফার্মগেটে সেজান পয়েন্ট, মৌচাক মার্কেট, ধানমন্ডিতে প্লাজা এ আর, মেট্রো শপিং মল ও বসুন্ধরা সিটি শপিং মল ঘুরে এমন চিত্রই দেখা গেছে।তরুণদের অনেকের এবার আগ্রহ রয়েছে ফরমাল শার্টের দিকে। টি-শার্ট তো থাকছেই। ঈদের দিন নামাজ আর পারিবারিক অনুষ্ঠানের জন্য আলাদা পাঞ্জাবির কথাও ভেবে রেখেছেন অনেকে। কেউ কেউ আবার শুরুতে পাঞ্জাবি, পরে শার্ট-ফতুয়া কিংবা টি-শার্ট পরতে চান। ক্যাটসআইয়ের পরিচালক সাদেক কুদ্দুছ বলেন, কটনের ওপর প্রিন্টের নকশা করে কিছু ফরমাল ও রঙিন শার্ট এবার তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আছে কটন, জিন্স, ফরমাল ও কার্বো প্যান্ট। এ ছাড়া বিশ্বকাপে জ্যোতিষী হয়ে ওঠা অক্টোপাস পলের আকর্ষণে বাজারে পাওয়া যাচ্ছে তরুণদের জন্য ‘অক্টোপাস’ জিন্স। পলওয়েল মার্কেটে পাওয়া যাবে রকমারি নকশার জিন্স। দামেও তা সস্তা।