আগ্রহের কেন্দ্রে মিরকাদিমের গরু
‘ঐতিহ্যবাহী মিরকাদিমের সাদা পাহাড় গরু লইতে অইলে রহমতগঞ্জের আটে আহেন। এই রকম সাদা পাহাড় গরু আর কোনোহানে পাইবেন না।’গতকাল বুধবার দুপুরে পুরান ঢাকার লালবাগ রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাঠের গরুর হাটে গেলে মাইকে এমন ঘোষণা শোনা গেল।দেখতে ধবধবে সাদা। অন্য সব গরুর চেয়ে আকারে কিছুটা বড়। সাধারণত খইল, কুঁড়া, ভুসি খাওয়ানো হয় এসব গরুকে। ঘাস খাওয়ানো হয় না। গরুগুলো বেশ সুঠাম দেহের হয়। আর মাংস বেশ সুস্বাদু।মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকা থেকে আনা গরুর বৈশিষ্ট্য মোটাদাগে এ রকমই। আর রহমতগঞ্জ খেলার মাঠের বৈশিষ্ট্য হলো, মিরকাদিমের গরু প্রধানত এ হাটে ওঠে।গতকাল দুপুরে হাটে গিয়ে দেখা যায়, ক্রেতাদের অনেকেই মিরকাদিমের গরু খুঁজছেন। হাটের ইজারাসংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারিত স্থান দেখিয়ে দেন। ক্রেতাদের বিশেষ পছন্দের বলে হাটে প্রবেশপথের কাছে এসব গরু রাখা হয়েছে। হাটে আসার তিন থেকে চার ঘণ্টার মধ্যেই গরুগুলো বিক্রি হয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৩৩ সালে হাট শুরুর পর থেকে এখানে মিরকাদিমের গরু আসতে শুরু করে। এখন তা ক্রেতাদের আকর্ষণ ও চাহিদার কেন্দ্রে রয়েছে।রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে গরুর হাটের পরিচালক ডাবলু আনোয়ার চিশতি জানান, প্রতিবছর কোরবানির ঈদের দুদিন আগে নদীপথে ট্রলার ও জাহাজে গরু আসে। এ পশুর হাট ছাড়া মিরকাদিমের গরু রাজধানীর অন্য কোনো হাটে মেলে না। এসব গরু রাখার জন্য এ হাটে নির্ধারিত জায়গা রাখা হয়। পুরান ঢাকার বড় বড় ব্যবসায়ীরা কোরবানির গরু কেনার জন্য শুধু এ হাটে আসেন।মিরকাদিম সদরপুর এলাকা থেকে আসা গরুর ব্যাপারি সাত্তার মাতবর জানান, তিনি গত রোববার রাতে চারটি গরু নিয়ে আসেন। প্রতিটি গরুর দাম ৮৫ হাজার টাকা। এর মধ্যে গতকাল দুটি গরু বিক্রি হয়েছে। মিরকাদিম কমলাঘাট এলাকা থেকে আসা গরু ব্যবসায়ী মিজান ব্যাপারি (৫৭) বলেন, ‘মঙ্গলবার দুপুরে ৫০টি গরু এনেছিলাম। এখন ১৩টি আছে। আমি এই হাটে ১১ বছর ধরে গরু নিয়ে আসছি।’ পুরান ঢাকার নবাবগঞ্জ এলাকার কসমেটিক ব্যবসায়ী আ. জলিল (৫৫) গতকাল হাটে একটি গরুর দামদর করছিলেন। বিক্রেতা দাম হাঁকলেন এক লাখ ১০ হাজার টাকা। জলিল ৭০ হাজার টাকা দাম বললেন।জলিল জানালেন, বাপ-চাচারা সব সময় মিরকাদিমের গরু কিনে কোরবানি দিয়েছেন। সেই রেওয়াজ ধরে রেখেছেন তিনিও।তবে মিরকাদিম এলাকার গরু প্রতিপালনের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, এ জাতের গরু লালন-পালনে খরচ বেশি। কিন্তু আজকাল ক্রেতাদের অনেকেই বেশি দাম দিয়ে গরু কিনতে চান না। এ কারণে তাঁদের অনেকেই এ গরু পালনে আগ্রহ হারিয়ে ফেলছেন।