প্রি-পেইড মিটারের ওয়ারেন্টির মেয়াদ শেষ
আগ্রাবাদে বিদ্যুৎ গ্রাহকেরা ভুতুড়ে বিল আতঙ্কে
চট্টগ্রামের বড়পোল এলাকার বাসিন্দা রোকসানা বেগমের অভিযোগ, ‘প্রি-পেইড মিটার পেয়ে অনেক স্বস্তিতে ছিলাম। প্রতি মাসে বাড়তি ভুতুড়ে বিলের যন্ত্রণা থেকে মুক্ত ছিলাম। কিন্তু এখন আবার ঘুরেফিরে সেই যন্ত্রণার মধ্যেই ঠেলে দেওয়া হচ্ছে। মিটার নষ্ট হয়ে গেছে। তা সারানো যাচ্ছে না বলে আমাদের এখন পোস্ট-পেইড মিটার নিতে হচ্ছে বাধ্য হয়ে।’ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ের সামনে প্রায় প্রতিদিনই প্রি-পেইড মিটারের এ ধরনের নানা অভিযোগ নিয়ে আসছেন গ্রাহকেরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগ্রাবাদ ১৭ নম্বর ফিডারের প্রি-পেইড মিটার গ্রাহকেরা এ দুর্ভোগের মুখে পড়েছেন। মিটার ঠিক করা অথবা বদলে নেওয়ার কোনো সুযোগই নেই তাঁদের। কারণ, প্রায় চার বছর আগেই এসব মিটারের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। ঢাকায় পিডিবির কেন্দ্রীয় কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে বহু লেখালেখি হয়েছে। আগ্রাবাদ ১৭ নম্বর ফিডারের আওতায় রয়েছে চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকা (বেশির ভাগ অংশ), বড়পোল, ছোটপোল, বেপারীপাড়া, শান্তিবাগ (আংশিক), গুলবাগ এবং আগ্রাবাদ এক্সেস সড়ক এলাকা। ২০০৮ সালে এসব এলাকার গ্রাহকদের মধ্যে বিনা মূল্যে প্রি-পেইড মিটার সরবরাহ করা হয়েছিল। প্রি-পেউড মিটারের খবর নিতে আসা আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‘আমরা একসময় বিদ্যুতের ভুতুড়ে বিল থেকে রেহাই পাচ্ছিলাম না। ঠিক এ সময় পোস্ট-পেইডের বদলে আমাদের পিডিবি থেকে প্রি-পেইড মিটার দেওয়া হলো। কিছুদিন বেশ ভালোই ছিলাম। কিন্তু গত বছর মিটার বিকল হওয়ার পর আবার পোস্ট-পেইডের আওতায় নিয়ে যাওয়া হয়েছে। ওয়ারেন্টির মেয়াদ শেষ। বিকল্প কোনো উপায় না থাকায় বিদ্যুৎ কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০০৮ সালের জানুয়ারি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগ্রাবাদ ১৭ নম্বর ফিডারের অধীনে ছয় হাজার ৯৫ জন গ্রাহককে বিনা মূল্যে প্রি-পেইড মিটার সরবরাহ করা হয়।মিটার সংযোগের জন্য মেসার্স আইডিয়াল করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার প্রি-পেইড মিটার প্রকল্পের পরিচালকের চুক্তি সই হয়। আইডিয়াল করপোরেশন ২০০৬ সালে মিটার সংযোগের কাজ শুরু করে। তা শেষ হয় ২০০৭ সালে। ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে সংযোগ দেওয়া শুরু হয়। প্রতিটি মিটারের ওয়ারেন্টির মেয়াদ ছিল দেড় বছর। সে হিসাবে ২০০৯ সালের জুন মাসে ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যায়। আইডিয়াল করপোরেশন ২০১০ সালের ২৮ নভেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যায়। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি। ওয়ারেন্টির মেয়াদ পেরিয়ে যাওয়ায় পরে প্রায় আড়াই শ প্রি-পেইড গ্রাহককে পোস্ট-পেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চট্ট-মেট্রো-পশ্চিম) উদয় শেখর দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা অপর একটি প্রকল্পের আওতায় এনে এগুলোকে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছি। ফলে কেউ পোস্ট-পেইড ব্যবস্থায় ফিরে গেলেও তাদের প্রি-পেইডে ফিরিয়ে আনা যাবে।’