সামাজিক উন্নয়ন খাতে কর্মরত বেসরকারি সংস্থাগুলো (এনজিও) হুমকির মুখে পড়েছে। এগুলো নিয়ন্ত্রণের নানা চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নাগরিক সমাজের কাজের জায়গাতেও হামলার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতন্ত্র, উন্নয়ন ও নাগরিক সমাজ: স্বকীয়তা নিয়ে কাজের পরিবেশ’ শীর্ষক আলোচনায় এই আশঙ্কার কথা বলা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিএফ, বেলা, আইএনএএফ ও হাঙ্গার প্রজেক্টের সহায়তায় এনজিও ফেডারেশন আলোচনা সভার আয়োজন করে।আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দলীয় রাজনীতির অন্ধ আনুগত্যের বাইরে আমাদের নাগরিক সমাজের যে একটা ভূমিকা গড়ে উঠেছিল, সেই নাগরিক সমাজের কর্মকাণ্ডের জায়গা নিয়ে উদ্বেগ বা হামলার একটা আশঙ্কা আছে।’ তিনি বলেন, ‘নাগরিক অধিকার নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের বলা হয় নাগরিক সমাজ। বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোকে সরকার তাদের উন্নয়ন-সহযোগী হিসেবে দেখার কথা, কিন্তু তা করে না। কারণ, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি কর্তৃত্ববাদী সংস্কৃতির ধারা চালু আছে।’ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, নাগরিক সমাজেরও আত্মজিজ্ঞাসা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা দরকার। গণতন্ত্র সুরক্ষার জন্য নাগরিক সমাজকে দলীয় রাজনীতির বাইরে নজরদারির ভূমিকা রাখতে হবে।প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, হাইকোর্ট পরিবেশদূষণ, নদী রক্ষা, বালু উত্তোলন—কত কিছু নিয়ে রায় দেন, সেসব নিয়ে সরকারের পদক্ষেপ নেই। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আদালত রায় দিয়েছেন। এটা মানাই এখন ফরজ হয়ে গেছে, আর সব কটি সুন্নত। কারণ, এর সঙ্গে আগামী নির্বাচনের পথ সুগম করার বিষয় আছে। ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি যতটা আইনি, এর চেয়ে বেশি রাজনৈতিক। কে যেন বুঝিয়েছেন, গ্রামীণ ব্যাংকে ৩০ থেকে ৩৫ লাখ মহিলা আছেন, যাঁদের ঋণ-দেনা মাফ হয়ে গেলে তা হয়তো ভোটের ক্ষেত্রে কাজে লাগবে। এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা হচ্ছে, তা-ও একই উদ্দেশ্যে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান নাগরিক সমাজের ওপর সরকারের বিভিন্ন সংস্থার নজরদারির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘যারা সুশাসনের জন্য কাজ করছি, তাদেরও মনিটরিং করা হয়। কী দোষ করেছি আমরা? হয়তো সরকারের দু-চারটি দোষত্রুটির সমালোচনা করি। কিন্তু সমাজ সংঘাতের দিকে গেলে নাগরিক সমাজকে তো কথা বলতে হবে।’ তিনি বলেন, ‘নাগরিক সমাজ ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কাজকে অস্বীকার করা অন্যায় এবং তা সত্যকে অস্বীকার করা। এখন নাগরিক সমাজ ও এনজিওদের ওপর প্রচ্ছন্ন হামলা দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।’তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, বাংলাদেশের উন্নয়নে যাঁরা নীতি নির্ধারণ করেন, তাঁদের মধ্যে কিছুটা অজ্ঞানতা আছে। তাঁরা স্বাধীন দেশে ঔপনিবেশিক ধ্যান-ধারণা নিয়ে বসে আছেন, তাঁদের সজাগ হতে হবে। গ্রামীণ ব্যাংকের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন অনেকে ক্ষুদ্রঋণদাতাদের সুদখোর-ঘুষখোর বলে গালি দেন। দেশের দেড় কোটিরও বেশি মানুষ ক্ষুদ্রঋণ নিয়েছে। তাদের কল্যাণ হয় বলেই তারা এ ধরনের কর্মসূচিতে গেছে। এই ঋণ না পেলে তারা আরও বড় মহাজনের কাছে যেত। সরকার ১০ শতাংশ হারে যে ঋণ দেয়, এটা কজন মানুষ পায়? সরকারি ঋণ পেতে কত টাকা, সময় খরচ করতে হয়?লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এনজিওগুলোর ওপর আঘাত আসে। তারা ভাবে, এনজিওগুলো খবরদারি করে। এ ধারণা ঠিক নয়। তিনি বলেন, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো এখন বিপন্নতার মধ্যে পড়েছে। এর থেকে বের হওয়ার চেষ্টা হচ্ছে। তিনি সমঝোতার ভিত্তিতে এর সমাধান চেয়ে বলেন, জমিদারি পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়।সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, দেশের এনজিওগুলো এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এনজিওগুলো সেবা দিলে সরকার তা গ্রহণ করছে। কিন্তু তারা যখন সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন প্রতিক্রিয়াশীল শক্তির আক্রোশের শিকার হতে হয়। তিনি বলেন, দেশের বাইরে বাংলাদেশের ব্র্যান্ডিং বলতে যা বোঝায়, তা হলো দেশের ক্ষুদ্রঋণ, ড. মুহাম্মদ ইউনূস, পোশাকশিল্প, সুন্দরবন আর ক্রিকেট। আর এসবই তো হয়েছে বেসরকারি উদ্যোগে। নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার এই অগ্রযাত্রাকে চেপে ধরে রাখলে দেশ যতটুকু এগিয়েছে, ভবিষ্যতে তা-ও হয়তো হবে না।বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে মন্তব্য করে রাশেদা কে চৌধুরী বলেন, নিয়ন্ত্রণ আরোপ করলে স্বকীয়তা থাকে না। স্বকীয়তা বজায় রাখার জন্য যে পরিবেশ দরকার, তা নেই।সাবেক কূটনীতিক ফারুক সোবহান বলেন, ‘বাংলাদেশের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সুনাম বহির্বিশ্বে স্বীকৃত। আমি নিজেও যখন কমনওয়েলথ ক্যাম্পেইন করেছি, তখন আমার পরিচয় ছিল গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক। সরকার জোরেশোরে বলছে, পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ ছাড়া উন্নয়ন হবে না। সরকার একা সবকিছু করতে পারবে না।’ তিনি বলেন, ‘সরকারকে বোঝাতে হবে, আমরা আপনাদের বিরুদ্ধে কিছু করছি না। আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করলে তা দেশের উন্নতির জন্য ভালো হবে।’সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নাগরিক সমাজ সংগঠিত রাজনীতির বাইরে, কিন্তু রাজনীতির মূল্যবোধের বাইরে নয়। মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাজারব্যবস্থাসহ জনজীবনের মৌলিক উপকরণগুলো রাষ্ট্র দিতে পারেনি বলেই এ সমাজের উদ্ভব হয়েছে। তিনি বলেন, কোনো না কোনো কারণে রাজনৈতিক নেতাদের সঙ্গে নাগরিক সমাজের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এর কিছু সত্য, কিছুটা অমূলক। এ জায়গা থেকে বের হয়ে আসতে হবে। নাগরিক সমাজের সংগঠিত কণ্ঠস্বর সোচ্চার না হলে অবজ্ঞা সহ্য করতে হবে।অধ্যাপক আসিফ নজরুল বলেন, নাগরিক সমাজ ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো এ সরকারের আমলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। টিআইবি, গ্রামীণ ব্যাংক, সিপিডি, বেলা, অধিকারের ক্ষেত্রে এটা প্রকটভাবে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, গণমাধ্যমও হুমকির মুখে। দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে ব্যাপক ও গভীর অনুসন্ধানী প্রতিবেদন যে পত্রিকা ছেপেছে, সেই পত্রিকার সম্পাদককেও জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে।আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে কিছু এনজিও সরব হয়, আবার বিএনপি ক্ষমতায় এলে কিছু এনজিওর তৎপরতা বাড়ে। বিএনপির সময় এক ইয়াসমিনকে নিয়ে নাগরিক সমাজ কয়েকটি তদন্ত কমিটি করেছে। কিন্তু এখন লিমনের ব্যাপারে কেন হলো না?নিজেরা করির খুশী কবির বলেন, সব সরকারের সময়ে এনজিও ও সুশীল সমাজের ওপর খড়্গ এসেছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সাধারণ মানুষকে কথা বলার মতো করে তৈরি করা। তারা নিজেরা যদি নিজেদের কথা বলতে পারে, তাহলে আর সমস্যা থাকবে না। তিনি বলেন, র্যাবের গুলিতে পা হারানো লিমনের ব্যাপারে নাগরিক সমাজের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘নাগরিক সমাজ সোচ্চার ভূমিকা পালন না করলে সুশাসন প্রতিষ্ঠা হয় না। আর উন্নয়নের জন্য আমরা সহায়ক, অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কাজ করতে পারি। স্বাধীনতা-উত্তর উন্নয়ন হয়ে গেছে প্রশাসনিক কাজের। কিন্তু জনগণকে সম্পৃক্ত না করে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো দিয়ে দারিদ্র্য দূর করা যাবে না।’আলোচনায় সভাপতির বক্তব্যে সাবেক উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ‘গত চার দশকে দেশের আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্র, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ভূমিকা ছিল। নাগরিক সমাজ বলতে তৃণমূলের কৃষক, এমনকি প্রবাসী শ্রমিকেরাও আছেন। সব অগ্রগতি শুধু সরকার করেছে বা সবই এনজিও করেছে, তা ঠিক নয়। এ ব্যাপারে সৎ মূল্যায়ন হওয়া দরকার। তিনি বলেন, সমাজব্যবস্থায় গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করতে হলে নাগরিক সমাজের ভূমিকা বাড়াতে হবে। রাষ্ট্র অবশ্যই নিয়ন্ত্রণ করবে, তবে অযাচিত নিয়ন্ত্রণ বা উদ্দেশ্যমূলক নিয়ন্ত্রণ করাটা সমস্যা। এনজিও ব্যুরো বিলোপ করা আমাদের দাবি নয়। যে নিয়ন্ত্রণ দুরভিসন্ধিমূলক, উদ্দেশ্যমূলক ও সুশাসনবিরোধী, তা নিয়েই আমাদের বক্তব্য।’