আঘাত বিশ্বকাপ থেকে ছিটকে দিল ব্রেট লিকে
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের সঙ্গে আরেকটি দুঃসংবাদ শুনতে হচ্ছে অসি সমর্থকদের। এ ম্যাচে আঘাত পাওয়া অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন। এরই মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষ থেকে আইসিসির কাছে লির বদলি খেলোয়াড় হিসেবে একজনকে চাওয়া হয়েছে। আইসিসির অনুমতি পেলে দলে ডাক পেতে পেরেন ডগ বলিঞ্জার বা রায়ান হ্যারিসের মধ্যে যে কেউ। আঘাত যেন কিছুতেই পিছু ছাড়ছে না লির। আঘাতে জর্জরিত লি দেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে। আঘাত কাটিয়ে এই ফাস্ট বোলার যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে আবারও মাঠে ফিরলেন, তখনই আরেকটি আঘাত। গতকাল সেন্ট লুসিয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভারে ১৩ রান খরচায় ১ উইকেট নেওয়ার পর পেশিতে টান অনুভব করে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার এ গতিমানব। এরপর এমআরআই স্ক্যানে ধরা পড়ে লির পেশিতে টান পড়ার বিষয়টি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, লির পেশিতে টান পড়েছে। আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে অস্ট্রেলিয়া লির বদলে একজন খেলোয়াড় চেয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।