এক বছর তিন মাস বয়সী মেয়ে দুটির চেহারায় অনেক মিল। দেখলে যে কেউই বুঝবে, ওরা যমজ। কিন্তু এটা হয়তো বললেও অনেকের বিশ্বাস হতে চাইবে না যে তারা ভূমিষ্ঠ হয়েছিল জোড়ালাগা অবস্থায়। অস্ত্রোপচার করে আলাদা করা ফুটফুটে মেয়ে দুটি এখন ইচ্ছামতো বাড়ির আঙিনাজুড়ে খেলা করে।হ্যাঁ পাঠক, মণি-মুক্তার কথাই বলা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ছয় মাস বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছিল ব্যাপক কৌতূহল। ২০০৯ সালের ২২ আগস্ট দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারে জন্ম নেয় জোড়া কন্যাশিশু মণি-মুক্তা। এ বছরের ২২ জানুয়ারি ‘শিশু মণি-মুক্তাকে আলাদা করা যাবে না?’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়লে তারা নিজেদের খরচে শিশু দুটিকে আলাদা করতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। গত ৮ ফেব্রুয়ারি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দুজনকে আলাদা করা হয়। জোড়ালাগা শিশুর সফল অস্ত্রোপচার এবং এরপর তাদের বেঁচে থাকার ঘটনা দেশে এটাই প্রথম।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে মণি-মুক্তাদের গ্রাম পালপাড়া। ২৫ নভেম্বর এ প্রতিবেদক তাদের বাড়িতে যান। মণি-মুক্তার বাবা জয়প্রকাশ পাল বললেন, ‘ওদের তো বেঁচে থাকার কথা ছিল না। ঈশ্বর নিজে বাঁচিয়ে রেখেছেন।’ সবার প্রতি তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। জয়প্রকাশ জানালেন, জন্মের সময় ওরা ছিল যেন মণি-মুক্তার মতোই শুভ্র-সুন্দর। তাই ল্যাম্ব হাসপাতালের এক নার্স সনাতন পঞ্জিকা ও রাশি মিলিয়ে নাম রাখেন মণি-মুক্তা।মণি-মুক্তাকে নিয়েই এখন সারা দিন কাটে ওদের ঠাকুরদা—অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শরৎচন্দ্র পালের। তিনি বলেন, ‘ওরা এখন কথা বলতে শিখেছে। সম্পর্কে কে কী হয়, বলতে পারে। কোনটা হাত, কোনটা পা—এসবও দেখাতে পারে। সারাক্ষণ “মা-বাবা”, “দাদা-দিদি”, “বাবু-কাকা” বলে বেড়ায়।’জানা গেল, মণি-মুক্তা হাঁটতে শিখেছে এক বছর বয়সেই। খাওয়াদাওয়া ও ঘুম ঠিকমতোই হয়। স্বাস্থ্য ভালো। মাঝখানে দুজনের সাত দিনের ব্যবধানে একবার জ্বর হওয়া ছাড়া কোনো সমস্যা হয়নি। শরীরে অস্ত্রোপচারের দাগ এখনো আছে। তবে তা তিন বছরের মধ্যে মিশে যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বর্তমানে মণির ওজন নয় কেজি আর মুক্তার সাড়ে নয়। মুক্তার উচ্চতা ২৭ ইঞ্চি, মণির এক ইঞ্চি কম।দেখা গেল, দুই বোনের মধ্যে বেশ সখ্য। একসঙ্গে খেলে। একজন আরেকজনকে খাইয়ে দেয়, আদর করে। তবে এক খেলনা নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয় কখনো কখনো। মজার ব্যাপার হলো, চেনা কঠিন বলে সবাই ওদের দুজনকেই ডাকে মণি-মুক্তা বলে। ঠাকুরদা সন্ধ্যায় পূজায় বসলে দুই বোন পাশে গিয়ে বসে। দাদার দেখাদেখি প্রণাম করে। উলুধ্বনি দেওয়ার চেষ্টা করে। জয়প্রকাশ পাল একজন কৃষক। মা কৃষ্ণা রানী পাল গৃহিণী। ১৯৯৩ সালে বিয়ে হয় তাঁদের। দীর্ঘ ১৫ বছর প্রতীক্ষার ফসল এই মণি-মুক্তা। জোড়া শিশু জন্ম দেওয়ায় নানা কথা শুনতে হয়েছে এই দম্পতিকে। ওই শিশুরাই যে একদিন দেশজুড়ে আলোচিত হয়ে সবার নজর কাড়বে আর সহানুভূতি পাবে, এটা কে জানত?কৃষ্ণা রানী বললেন, ‘মণিটা চঞ্চল। সে-ই আগে হাঁটতে শিখেছে। মুক্তাটা একটু শান্ত। তবে ও আগে কথা বলতে শুরু করেছে।’মণি-মুক্তার মা আরও জানালেন, বুকের দুধ ছাড়াও কৌটার শিশুখাদ্য, খিচুড়ি, ভাত, মাছ-মাংস, সবজি, ফল সবই খায় ওরা। রাত নয়টার মধ্যে ঘুমিয়ে পড়ে, ওঠে ভোর পাঁচটায়। দিনের বেলায় একদম ঘুমাতে চায় না। তাই সারাক্ষণ পেছনে কাউকে না কাউকে লেগে থাকতে হয়।গত ২২ আগস্ট মণি-মুক্তার প্রথম জন্মদিনের অনুষ্ঠান হয়েছে ঢাকা শিশু হাসপাতালে। ওদের চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবকিছু মিলে ভালোই কাটছে মণি-মুক্তার দিন।জয়প্রকাশ নিজে কৃষক হলেও মেয়েদের ভালোভাবে পড়াশোনা করাতে চান। বড় হলে ওদের চিকিৎসক বানাবেন—এটাই তাঁর স্বপ্ন।