আঙিনায় ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যে তিনটি টেস্ট জিতেছে, তার দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নিজেদের কৃতিত্বে প্রথম ড্র-ও ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করেই। আঙিনায় ওয়েস্ট ইন্ডিজ ফিরিয়ে আনছে সে সব স্মৃতি। রোমাঞ্চকর ক্রিকেটের প্রত্যাশাও। এই দু দলের আগের তিনটি সিরিজের স্মৃতিচারণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার একটা বাড়তি মজা আছে।কথাটা একদমই নতুন নয়। যুগে যুগে কত ক্রিকেটারই তো বলে গেছেন! ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখার একটা বাড়তি মজা আছে। এই কথাটাই বা এমন নতুন কী! সাগরের জল-হাওয়ায় বেড়ে ওঠা ক্যারিবীয় ক্রিকেটারদের খেলায় প্রাণের একটা উচ্ছ্বাস আছে; যা মনে করিয়ে দেয় খেলার আসল কারণ—খেলা মানে আনন্দ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলারও একটা বাড়তি মজা আছে।এই কথাটা আপনার কাছে নতুন লাগতেও পারে। তবে এই দুই দলের পূর্ণাঙ্গ তিনটি সিরিজের দিকে যদি ফিরে তাকান, আপনিও হয়তো অস্ফুটে বলে উঠবেন—তাই তো!তিনটি টেস্ট সিরিজে ৬টি টেস্ট। এই ৬ টেস্টের দুটিতে জিতেছে বাংলাদেশ, বাকি চার টেস্টের একটিতে ড্র। আর কোনো দলের বিপক্ষে বাংলাদেশের এমন সাফল্য নেই। হ্যাঁ, এর পেছনে একটা গল্প লুকিয়ে আছে। তাতে কি, সেই গল্প তো আরও বেশি নাটকীয়তাময় করে তুলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথকে।সোয়া দুই বছর আগে সেন্ট ভিনসেন্ট টেস্টের আগের দিনটার কথা মনে পড়ছে। ক্রিস গেইলরা ধর্মঘটে যেতে পারেন—এ কথা শোনা যাচ্ছিল কদিন থেকেই। সেই আশঙ্কা সত্যি হয়ে গেছে। কিন্তু টেস্ট হবে কি না, হলে ওয়েস্ট ইন্ডিজ দলে কারা খেলবেন—কিছুই ঠিক নেই। যাকেই জিজ্ঞেস করি, একটাই জবাব পাই। টেস্টের আগের বিকেল নাগাদ সব জানা যাবে। কিন্তু প্রিভিউ পাঠাতে তো ততক্ষণ অপেক্ষা করার উপায় নেই। ওয়েস্ট ইন্ডিজের বিকেল মানে বাংলাদেশে পরের দিনের ভোর। পত্রিকার লেখাটেখা সব বেলা ১১টার মধ্যেই পাঠিয়ে দিতে হয়। যে টেস্ট নিয়ে এত সব প্রশ্ন, সেই টেস্টের প্রিভিউ কী লিখব?মাঠে গেলে বাড়তি কিছু জানা যেতে পারে ভেবে সকাল নয়টা থেকেই মাঠে। ১০টার দিকে ভাবলাম, এবার তো লেখা শুরু করতে হয়। কিন্তু কোথায় বসে লিখব? প্রেসবক্স তখনো খোলাই হয়নি। অগত্যা মাঠের পাশে ঘাসে বসেই ল্যাপটপের কি-বোর্ডে আঙুল ছোটাচ্ছি। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার কলিন ক্রফট পাশ দিয়ে যেতে যেতে ‘ওয়েলকাম টু ক্যারাবিয়ান’ বলে একটা অট্টহাসি দিয়ে গেলেন। টেলিভিশন প্রোডাকশন কোম্পানির ক্রুরা ক্যামেরা-ট্যামেরা ফিট করছেন আর কর্মরত বাংলাদেশের সাংবাদিকের এমন বিচিত্র কর্মস্থল দেখে বিস্ময় প্রকাশ করার পরপরই টেস্ট জয়ের অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন।এরপর কী হলো, সেটি কতটা বলা উচিত এ নিয়ে একটু সংশয়ে আছি। বাংলাদেশের ক্রিকেটের সামান্যতম অনুসারী মাত্রেরই তো ওই সিরিজের খুঁটিনাটি সব জানা। বেশি দিন আগের কথা নয় বলে সেই স্মৃতিতে ধুলোর আস্তরণও পড়েনি। শুধু ব্যক্তিগত অভিজ্ঞতাটা জানাই। ওই সফর কাভার করতে বাংলাদেশ থেকে আর কোনো সাংবাদিক ওয়েস্ট ইন্ডিজ যাননি। নিঃসঙ্গতা তার পরও খুব বেশি যন্ত্রণা দিতে পারেনি। জয় যে বাকি সবকিছুই তুচ্ছ বানিয়ে দেয়। বাংলাদেশ মাঠে নামে আর জেতে। যেন এক স্বপ্নযাত্রা। সফরের শেষ দিন টি-টোয়েন্টি ম্যাচটির আগ পর্যন্ত বাংলাদেশ অপরাজিত। হোক না ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দল, তার পরও দেশের বাইরে প্রথম টেস্ট জয়, প্রথম সিরিজ জয়ের মাহাত্ম্য তো হারিয়ে যায় না। এখন পেছন ফিরে তাকালে মনে হয়, এ আর এমন কি! কিন্তু প্রেসবক্সে বসে সেই সময়ের টেনশনটা এখনো মনে করতে পারি। ওই সিরিজে পুরো চাপটাই তো ছিল বাংলাদেশ দলের ওপর। ঠিক যেন ফুটবলে পেনাল্টি মারার মতো। জিতলে সবাই বলবে, এটা তো জেতারই কথা। হারলে সর্বনাশ। টেস্ট সিরিজে জয়টাও মোটেই সহজে আসেনি। দুই টেস্টেই প্রথম ইনিংসে পিছিয়ে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ থেকে রিপোর্ট করার বিপদটাও ভালোমতো টের পেয়েছি। গ্রেনেডায় দ্বিতীয় টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ২১৫ রান। ২১৫ বলতে যা বোঝায়, পরিস্থিতির কারণে সেটি যে আসলে তা নয়, অনেক গুণ বেশি কঠিন, সেটির বিস্তারিত ব্যাখ্যা দিয়ে লিখলাম। লিখেছি তো দিনের খেলা শুরুর আগে। পর দিন পাঠক তা পড়ার আগেই ম্যাচ শেষ। বাংলাদেশ ৪ উইকেটে জিতে গেছে জেনে-টেনে পাঠক পড়ছেন, ২১৫ রানের টার্গেট কত কঠিন! কেমন হাস্যকর ব্যাপার!৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরও ২১৫-কে কঠিন রাখেনি সাকিব ও রকিবুলের দুর্দান্ত এক জুটি। কেমার রোচের সঙ্গে রকিবুলের লড়াইটা ছিল ওই সিরিজেরই অন্যতম হাইলাইট। আর সাকিব তো যেন রূপকথার নায়ক। ছক্কা মেরে টেস্ট জয়, যাতে সম্পন্ন দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ও—বাঙালি ঔপন্যাসিকও তাঁর নায়ককে দিয়ে এতটা করাতে সাহস পাবেন কি না সন্দেহ!পুরো সিরিজটাই ছিল সাকিবের আলোয় আলোকিত। মাশরাফির ইনজুরিতে হঠাৎ অধিনায়ক, সেটি যে কোনো চাপ তা বোঝার কোনো উপায়ই ছিল না তাঁকে দেখে। ওয়েস্ট ইন্ডিজ দলের স্পনসর ডিজিসেলের সৌজন্যে সেই সিরিজে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ছিল ব্ল্যাকবেরি। সিরিজ শেষে এমন অবস্থা যে, সাকিব চাইলে ঢাকায় ফিরে ব্ল্যাকবেরির দোকান দিয়ে ফেলতে পারেন!২০০৯-এর সঙ্গে তো আর কোনো সিরিজেরই তুলনা চলে না। তবে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের আগের সফরটাও কিন্তু স্মরণীয় হয়ে আছে। ২০০৪ সালের সেই সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ জিততে জিততে ১ উইকেটে হেরে যায়। পরের দুটি ওয়ানডেতেও জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত একই পরিণতি।নিজেদের কৃতিত্বে প্রথম কোনো টেস্ট ড্র করাও সেই সফরে। সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে তিনটি সেঞ্চুরি! এর আগে ২৮ টেস্টে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি ছিল মাত্র ৫টি, আর এক টেস্টেই ৩টি! সেই তিন সেঞ্চুরির দুটি আবার ৮ ও ৯ নম্বর ব্যাটসম্যানের কীর্তি। প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে মোহাম্মদ রফিকের সেঞ্চুরিতে সে সময়ের রেকর্ড সর্বোচ্চ ৪১৬ রান। দ্বিতীয় ইনিংসে ৮ নম্বর খালেদ মাসুদের অপরাজিত সেঞ্চুরিটি ছিল ক্লাসিক ম্যাচ বাঁচানো ইনিংস। সেই টেস্টের আগে বাংলাদেশ দল প্রতিপক্ষ অধিনায়ককেই শুধু ইনিংস ঘোষণা করতে দেখেছে। সেন্ট লুসিয়ায় প্রথমবারের মতো ড্রেসিং রুম থেকে ব্যাটসম্যানদের ডেকে পাঠালেন বাংলাদেশের অধিনায়ক।বৃষ্টি আর দুদলের ফিল্ডারদের ক্যাচ ফেলার প্রতিযোগিতা মিলিয়ে সে টেস্টে আরও কত নাটক! অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারিল হার্পার তো এখনো দেখা হলেই ওই টেস্টের একটা ঘটনা বলে হাসিতে ভেঙে পড়েন। হার্পারের মুখেই শুনুন ঘটনাটা—‘আলোর সমস্যা ছিল। রফিককে জিজ্ঞেস করায় ও বলল, কোনো সমস্যা নেই। পরের বলেই চার মেরে সেঞ্চুরি করার পর বলল, “আম্পায়ার, ব্যাড লাইট!” বলেই হাঁটা শুরু করল। সো ফানি!’ব্রায়ান লারার কাছে সেন্ট লুসিয়ার ওই ড্র মোটেই ‘ফানি’ বলে মনে হয়নি। নিজের সেরাটা বের করে আনতে চ্যালেঞ্জ লাগত। জ্যামাইকায় দ্বিতীয় টেস্টের আগে নিজেই একটা চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দিলেন সামনে। বাংলাদেশ সিরিজের পরপরই ছিল ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর। ব্রায়ান লারাকে অধিনায়ক করে দল ঘোষণাও হয়ে গেছে। জ্যামাইকা টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে লারা হঠাৎই বলে বসলেন, ‘আমরা এই টেস্ট জিততে না পারলে ইংল্যান্ড সফরে অন্য কেউ নেতৃত্ব দেবে ওয়েস্ট ইন্ডিজকে।’ কিংস্টনের পেগাসাস হোটেলে হতভম্ব ওই সংবাদ সম্মেলনটা এখনো চোখে ভাসে। লারার কথাটা এমনই আচমকা যে প্রথমে কেউ ঠিকভাবে বুঝতেই পারেননি। কলিন ক্রফট ‘ঠিক শুনেছি কিনা’ জিজ্ঞেস করায় লারা কথাটা আবার বলেন।বলাই বাহুল্য, জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। সারওয়ান ২৬১* করেছিলেন। তবে আমার চোখে লেগে আছে লারার ১২০। তাঁর ব্যাটিং তো বটেই, ফিরে যাওয়ার দৃশ্যটাও। রফিকের বল খালেদ মাসুদের গ্লাভসে যাওয়ার আগে তাঁর ব্যাট ছুঁয়েছে কি না, আম্পায়ারকে সেই সিদ্ধান্ত দিতে হয়নি। লারা এর আগেই হাঁটতে শুরু করেন।২০০৪ ও ২০০৯ সিরিজ দুটি বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকার কারণ তো বোঝাই গেল। কিন্তু ২০০২? এই দুই দলের মধ্যকার প্রথম পূর্ণাঙ্গ সিরিজ? সাফল্যের দৃষ্টিকোণ থেকে সেই সিরিজ থেকে তেমন প্রাপ্তি নেই। তবে বাংলাদেশের ক্রিকেটকে সেটি একেবারেই যে কিছু দেয়নি, এমন নয়। প্রাপ্তির নাম ছিল অলক কাপালি! ওই সিরিজের মাস ছয়েক আগে শ্রীলঙ্কা সফরে অলকের অভিষেক হয়েছে। নিজেকে ভালোমতো চেনালেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঢাকায় শেষ ওয়ানডেতে অপরাজিত ৮৯ রানের পর ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫২। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস। মাত্র ১১১ বলে খেলা ওই ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছয়। এনামুল সিনিয়রের সঙ্গে সপ্তম উইকেটে ৭৩ রানের একটা পার্টনারশিপ হয়েছিল, যাতে এনামুলের অবদান ছিল মাত্র ৯!তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল ওই টেস্ট। তবে যতক্ষণ খেলা হয়েছিল, মনে হয়েছিল টেস্ট ক্রিকেটই হচ্ছে। বাংলাদেশের তিন পেসার মঞ্জুরুল, তাপস ও তালহারও বড় অবদান ছিল তাতে। অলকের ওই ইনিংসটির তো ছিলই।নয় বছর পর আবারও বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ। আবারও রোমাঞ্চকর কিছুর প্রত্যাশা তো করাই যায়। সঙ্গে যদি অলক কাপালিকে স্বমহিমায় ফিরিয়ে দেয় এই সিরিজ, বাংলাদেশের ক্রিকেটের জন্য তা হবে অনেক বড় পাওয়া।