আঙ্গারুকা সেতুটি ঝুঁকিপূর্ণ
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের আঙ্গারুকা গ্রামে অবস্থিত বেইলি সেতুটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সেতুর এক পাশের রেলিংও ভাঙা। যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হলেও জীবন-জীবিকার তাগিদেই গাড়ির চালকেরা ঝুঁকি নিয়েও গাড়ি পারাপার করছেন এই সেতুর ওপর দিয়ে।সড়কটি সিলেট সদর কিংবা বিশ্বনাথ উপজেলার সঙ্গে জগন্নাথপুর উপজেলার যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে তাই ব্যস্ততা সব সময়ই বেশি।ট্রাকচালক নোমান আলী বলেন, ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে এ ধরনের আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্ট রয়েছে। যেগুলো আমাদের ঝুঁকি নিয়েই পারাপার করতে হয়। তা ছাড়া জগন্নাথপুর থেকে সিলেট যাওয়ার সময় কিংবা সিলেট থেকে জগন্নাথপুর যাওয়ার সময় বিশ্বনাথ উপজেলা সদর হয়ে যেতে চাইলেই আমাদের এ সেতু দিয়ে আসা-যাওয়া করতে হয়।’ অনেক সময় ক্রেতাদের খরচ বাঁচাতেই আমরা অতিরিক্ত মালামাল বহন করতে হয়।লাইটেসচালক নিপেন্দ্র হাওলাদার বলেন, আঙ্গারুকা সেতুটি শিগগিরই পুনর্নির্মাণ কিংবা সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, এখানে নতুন একটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি অনুমোদন পেলেই কাজ শুরু হয়ে যাবে।