আচরণ নিয়ন্ত্রণ আইনের বিপক্ষে দুই দলের সাংসদেরা একজোট
সাংসদদের আচরণ নিয়ন্ত্রণে আইন প্রণয়নের বিপক্ষে একজোট হয়েছেন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা। এ-সংক্রান্ত বেসরকারি বিলটি যাতে সংসদে পাস না হয়, সে জন্য নিজেদের মধ্যে প্রচার চালাচ্ছেন তাঁরা।সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংসদের আগামী অধিবেশনে ‘সংসদ সদস্য আচরণ বিল ২০১২’ পাসের জন্য উত্থাপন করা হবে। সাধারণত যেকোনো ধরনের বিল পাসের ক্ষেত্রে ভোটাভুটিতে দলের অবস্থান কী হবে, সে বিষয়টি দলীয় সাংসদদের কাছে আগেই স্পষ্ট করা হয়। কিন্তু এ ক্ষেত্রে সরকারি দলের তরফে আগে থেকেই কিছু জানানো হবে না। শেষ পর্যন্ত সাংসদদের বিরোধিতায় গুরুত্বপূর্ণ এই বিলটি পাস না-ও হতে পারে। অবশ্য সদস্যদের কেউ কেউ বিলটি পাসের পক্ষেও অবস্থান নিয়েছেন।ওই সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর ১৪তম অধিবেশন শুরুর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য আচরণ বিলসহ মোট তিনটি বেসরকারি বিল সংসদে উত্থাপনের পক্ষে মত দিয়েছেন। বাকি দুটি বিল হলো সাবের চৌধুরী উত্থাপিত ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ বিল’ এবং মুজিবুল হক উত্থাপিত ‘পিতামাতার ভরণ-পোষণ বিল’। তবে বিলগুলো পাস হবে কি না, সে সিদ্ধান্ত তিনি সাংসদদের ওপর ছেড়ে দিতে বলেছেন। শেষ পর্যন্ত ওই অধিবেশন মাত্র ১০ কার্যদিবস স্থায়ী হওয়ায় বিল তিনটি উত্থাপিত হয়নি।সাবের চৌধুরী ২০১০ সালের ১৪ জানুয়ারি সংসদ সদস্য আচরণ বিল সংসদে উত্থাপন করেন। বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি গত বছরের ২৪ মার্চ বিলটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) কয়েকটি সামাজিক সংগঠন শুরু থেকেই বিলটি পাসের দাবি জানিয়ে আসছে।জানতে চাইলে সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহ্ফুজুর রহমান বলেন, আগামী অধিবেশনে কয়েকটি বেসরকারি বিল উত্থাপিত হতে পারে। তবে এসব বিল উত্থাপনের নোটিশ এখনো পাওয়া যায়নি। সংসদীয় কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, কমিটির বৈঠকে আচরণ নিয়ন্ত্রণ আইন প্রণয়নের বিরোধিতা করেছেন সরকারি দলের সাংসদ মুহিবুর রহমান ও ইকবালুর রহিম এবং বিএনপির সৈয়দা আশিফা আশরাফী। তাঁদের মতে, সাংসদদের আচরণ নিয়ন্ত্রণের জন্য সংসদের কার্যপ্রণালি বিধি যথেষ্ট। কমিটির বাইরেও সরকারি ও বিরোধী দলের অনেক সাংসদ বিলটির বিপক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে চলেছেন। তাঁরা অন্য সাংসদদের নিজেদের দলে ভেড়াতে যুক্তিতর্ক চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি দলের আ স ম ফিরোজ প্রত্যেক দলের প্রধানের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছেন। অপর দিকে, সরকারি দলের আবদুল হাই, জুনাইদ আহেমদ ও হাফিজ আহমেদ মজুমদার বিলটি পাসের পক্ষে অবস্থান নিয়েছেন। আমন্ত্রিত বিশেষজ্ঞ হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সংবিধান বিশেষজ্ঞ আমীর-উল ইসলামও বিলটিকে আইনে পরিণত করার পক্ষে মত দিয়েছেন।বিলে যা আছে: বিলের ৪ ধারায় উল্লেখ আছে, সাংসদেরা কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে এই দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ সম্পৃক্ত থাকলে তা প্রকাশ করতে হবে। পরিবার বা স্বজনদের আর্থিক বা বস্তুগত সুবিধা লাভের জন্য কিছু করা যাবে না। বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে এমন কোনো আর্থিক সম্পর্ক রাখা যাবে না, যা সংসদীয় দায়িত্বকে প্রভাবিত করতে পারে। ৫ ধারায় বলা আছে, সাংসদেরা নিজের ও পরিবারের আয় ও সম্পদের উৎস-সম্পর্কিত তথ্য সংসদের প্রথম অধিবেশনে প্রকাশ করবেন এবং প্রতিবছর তা হালনাগাদ করবেন। ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংসদেরা মন্ত্রী, সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের কাছে সুপারিশ উপস্থাপন করতে পারবেন না। ১১ ধারায় আছে, জনগণকে বিভ্রান্ত করতে জ্ঞাতসারে সংসদে কোনো ভুল তথ্য বা বিবৃতি দেওয়া যাবে না। অনিচ্ছাকৃতভাবে ভুল বক্তব্য দিয়ে থাকলে নিজ দায়িত্বে তা সংশোধনে বাধ্য থাকবেন। ১২ ধারায় আছে, আইন বাস্তবায়নের জন্য সংসদে একটি নৈতিকতা কমিটি থাকবে। কোনো সাংসদ আইন অমান্য করলে নৈতিকতা কমিটি সংসদে শাস্তির সুপারিশ উপস্থাপন করবে। যুক্তরাজ্যের হাউস অব কমনস, ভারতের লোকসভা ও রাজ্যসভা এবং কানাডা ও দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের সদস্যরা আচরণবিধি ধারা নিয়ন্ত্রিত হন। এ ছাড়া অনেক দেশের সংসদেই নৈতিকতা কমিটি আছে। কিন্তু বাংলাদেশের সংসদে তা নেই।জানতে চাইলে বেসরকারি বিল কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বলেন, ‘এই বিলের ব্যাপারে সরকারি ও বিরোধী দলের মধ্যে দুই ধরনের মত আছে। বিলটি পাস হওয়ার বিষয়টি সাংসদদের ইতিবাচক মনোভাবের ওপর নির্ভর করছে।’ তাঁর আশা, কার্য উপদেষ্টা কমিটির পরবর্তী বৈঠকে বিলটির ব্যাপারে ইতিবাচক মত দেবেন সংসদ নেতা। কারণ সংসদ সদস্যদের দায়দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সদস্যদের কুরুচিপূর্ণ, অশ্লীল ও অশালীন বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য বিলটিকে আইনে পরিণত করার দরকার আছে।