জাতীয় সংসদে বিরোধীদলীয় সাংসদ সৈয়দা আশিফা আশরাফীর বক্তব্য প্রসঙ্গে স্পিকার আবদুল হামিদ বলেছেন, এই আচরণ দুঃখজনক। গতকাল সোমবার সংসদের অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে দাঁড়ালে স্পিকার এ কথা বলেন।বিরোধীদলীয় চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনি কিছু বলবেন? তার আগে আমাকে কিছু বলতে দেন। গতকাল (রোববার) আমার প্রতি যে আচরণ করা হয়েছে, আপনারা তার প্রতিকার করেননি। আপনারা আমার প্রতি সহানুভূতি দেখালেন না। আমাকে আপনাদের একজন সদস্য বললেন, মাইক দে। এই আচরণ দুঃখজনক। আমি তো শুধু স্পিকার নই। আমি তো তাঁর বাবার বয়সীও।’ এরপর তিনি সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনাদের সকলেই কার্যপ্রণালি বিধি জানেন। আমি আপনাদের সহযোগিতা নিই। তার মানে এই নয় যে আপনাদের সব কথা হুবহু তামিল করব। সংসদে আমার কথাই চূড়ান্ত বলে গণ্য হবে।’স্পিকারের বক্তব্যের জবাবে জয়নাল আবদিন বলেন, ‘আমাদের সদস্য এ ধরনের কথা বলতে পারেন না। তবে আপনি রেকর্ড দেখতে পারেন। রেকর্ডে এ রকম কথা থাকলে আমি তাঁর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ তিনি বলেন, রোববার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিদেশ গমনের সময় বিএনপির অনেক সাংসদকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়নি এবং তাঁদের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে দেয়নি।স্পিকার এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন এবং অভিযোগ খতিয়ে দেখার্রজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।এরপর চিফ হুইপ আবদুস শহীদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমরাও আইনশৃঙ্খলা বাহিনীর একই আচরণের শিকার হয়েছিলাম। কিন্তু সংসদে এসে তা বলতে পারিনি।’