নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণে গতকাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭টি ওয়ার্ডকে নয় ভাগে ভাগ করে জেলা প্রশাসনের নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও সহিংসতা রোধে নয়জন জুডিশিয়াল ও ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নিরপেক্ষতা রক্ষায় নারায়ণগঞ্জের বাইরে থেকে এসব ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে কমিশন। তাঁদের নিয়োগ হওয়ার আগে আপাতত জেলা প্রশাসনের নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। একেকজন ম্যাজিস্ট্রেট তিনটি ওয়ার্ডের দায়িত্বে থাকবেন।এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ছয়জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৩৩২ জন ও সংরক্ষিত মহিলা পদে ৬২ জন মনোনয়নপত্র কিনেছেন। আলোচিত সম্ভাব্য তিন প্রার্থী শামীম ওসমান, সেলিনা হায়াত আইভী ও তৈমুর আলম খন্দকার ছাড়াও মনোনয়নপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ এস এম আকরাম।স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী মুখোমুখি হয়ে পড়েছেন। এ রকম পরিস্থিতিতে এস এম আকরামের মনোনয়নপত্র কেনায় স্থানীয় রাজনীতিতে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দাঁড়াল তিন। এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আচরণবিধি প্রার্থীরা মেনে চলছেন কি না, তা পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান শহরের নিতাইগঞ্জে এক কাউন্সিলর পদপ্রার্থীকে সঙ্গে নিয়ে অবস্থান করছেন খবর পেয়ে আমরা তা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই।’