আচরণবিধি প্রতিপালন ও বিচারকগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সব রাষ্ট্রেই বিচারকেরা নিয়ন্ত্রিত জীবন যাপন করে থাকেন এবং সাধারণ্যে তাঁদের খুব একটা মিশতে দেখা যায় না। ৭ মে, ২০০০ থেকে কার্যকর আচরণবিধিতে উল্লেখযোগ্য যেসব বিষয় আলোকপাত করা হয়েছে, তার মধ্যে আছে বিচারকেরা পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধব ব্যতীত অপর কারও কাছ থেকে কোনো ধরনের উপহারসামগ্রী বা আতিথেয়তা গ্রহণ করবেন না। উচ্চ আদালতের যেসব বিচারক কঠোর নৈতিকতা অনুসরণ এবং উচ্চমাত্রার মূল্যবোধ লালন করেন, তাঁদের কখনো একজন আইনজীবীর উদ্যোগে আয়োজিত সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি। পাকিস্তানের শাসনামলে উচ্চ আদালতের সব বিচারকই এ নিয়মটি প্রতিপালন বিষয়ে সর্বদা সচেষ্ট থাকতেন। বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৯৫ অবধি প্রধান বিচারপতিদের অনড় ও কঠোর অবস্থানের কারণে এ নিয়মটি প্রতিপালিত হতে দেখা গেছে। ১৯৯৫-পরবর্তী যাঁরা প্রধান বিচারপতি হিসেবে আসীন হয়েছেন, তাঁদের কেউ কেউ এ ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগদান নৈতিকতার পরিপন্থী বিবেচনা করেননি। এর ফলে অনেক বিচারক তাঁদের অনুসরণ করতে থাকেন। বর্তমানে এ বিষয়টি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে প্রতি মাসে দু-চারবার উল্লেখযোগ্য সংখ্যক বিচারককে এ ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। আচরণবিধিতে বলা হয়েছে, বিচারকেরা কোনো মামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট থাকলে তাঁরা সে মামলার শুনানি গ্রহণ করবেন না। একটি মামলায় ন্যায়বিচার নিশ্চিতের জন্য এ ধরনের বিধান থাকা অপরিহার্য। যদিও আগে দেখা গেছে, এ ধরনের বিধানের অনুপস্থিতিতেও বিচারকেরা বিবেকবোধ দ্বারা তাড়িত হয়ে এরূপ ক্ষেত্রে মামলার শুনানি গ্রহণ থেকে নিজেকে বিরত রেখেছেন। কিন্তু বর্তমানে এমন অনেক দৃষ্টান্ত আছে যে আইনজীবী থেকে উচ্চ আদালতের বিচারক নিয়োগ-পরবর্তী নিজ চেম্বারের মামলা জুনিয়রের মাধ্যমে শুনানি করিয়ে প্রতিকার দিয়েছেন। একজন বিচারক সংবিধানে বর্ণিত যে শপথবাক্য পাঠ করেন তাতে বলা হয়েছে, তিনি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করবেন এবং ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করবেন। বাংলাদেশে উচ্চ আদালতে কর্মরত এমন একাধিক বিচারপতি/বিচারক রয়েছেন, যাঁরা বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানিতে বিব্রতবোধ করেছেন। সম্প্রতি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ইজারা বাতিল বিষয়ে রিট দায়ের করা হয়। তিনটি দ্বৈত বেঞ্চের তিনজন কনিষ্ঠ বিচারক এবং চতুর্থ দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক রিট শুনানিতে বিব্রতবোধ করেন। বর্তমানে বিষয়টি শুনানির জন্য পঞ্চম বেঞ্চ গঠন করা হয়েছে। পঞ্চম বেঞ্চেও আদৌ বিষয়টি শুনানি হবে কি না, এ নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। একজন বিচারকের জন্য অত্যাবশ্যক সংবিধানে বর্ণিত শপথ পাঠ পর্যালোচনা করলে দেখা যায়, কোনো অবস্থাতেই একজন বিচারক ওপরে বর্ণিত দুটি ক্ষেত্রের কোনোটিতেই শুনানিতে বিব্রতবোধ করতে পারেন না। অনেক বিচারক মনে করতে পারেন তিনি এর মাধ্যমে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু প্রকারান্তরে এ ধরনের বিব্রতবোধের মাধ্যমে তিনি যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং শপথের মর্যাদা সমুন্নত রাখতে অক্ষম, এটিই প্রতিষ্ঠিত করলেন।উচ্চ আদালতকে অধস্তন আদালতগুলোর ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করা হয়েছে। এ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ফলপ্রসূভাবে কার্যকর হচ্ছে কি না, তা দেখার জন্য প্রধান বিচারপতি কর্তৃক নির্দেশিত হয়ে হাইকোর্ট বিভাগের বিচারকেরা বিভিন্ন জেলা আদালত পরিদর্শন করে থাকেন। পাকিস্তানের শাসনামলে উচ্চ আদালতের একজন বিচারক একটি জেলা আদালত সফরে গেলে জেলা জজ তাঁকে একবেলা খাওয়ানোর আগ্রহ ব্যক্ত করলে ওই বিচারক প্রতি-উত্তরে বলেছিলেন, কখনো উচ্চ আদালতের বিচারকদের খাওয়ানোর ব্যাপারে দুঃসাহস দেখাবেন না। পাকিস্তান আমলে হয়তো সামন্ততান্ত্রিক মানসিকতা থেকে উচ্চ আদালতের বিচারক এ ধরনের মন্তব্য করেছিলেন। সে সময় থেকে অদ্যাবধি সর্বক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়েছে এবং বিচারকদের মনমানসিকতায়ও পরিবর্তন এসেছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ অপরাপর বিচারকেরা মাঝেমধ্যে বিভিন্ন জেলায় সফরে গিয়ে থাকেন। অনেক সময় জেলার বিচারকেরা সম্মিলিতভাবে চাঁদা উত্তোলনের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করেন। অধিকাংশ বিচারককে বিরাগভাজনের পরিবর্তে সন্তুষ্ট হতেই দেখা যায়। যদিও আচরণবিধি জেলা আদালতের বিচারক কর্তৃক এ ধরনের আপ্যায়নের ব্যবস্থা অনুমোদন করে না।বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের একটি ঘটনা বলি। তত্কালীন আইনমন্ত্রী উচ্চ আদালতের দুজন অবসরপ্রাপ্ত বিচারকের সম্মুখে হাইকোর্টের দুজন বিচারককে স্থায়ীভাবে বিভিন্ন আদালত পরিদর্শনের জন্য নিয়োগ করার প্রস্তাব দেন। উভয় অবসরপ্রাপ্ত বিচারক বলে ওঠেন, এতে নিম্ন আদালতের যে কজন সত্ জেলা জজ আছেন, তাঁরাও সত্ থাকতে পারবেন না। উচ্চ আদালতে এখনো এমন একাধিক বিচারক রয়েছেন, যাঁরা জেলা আদালত সফরে গেলে তাঁদের ও সফরসঙ্গীদের অবস্থান ও আহারসংক্রান্ত ব্যয়ভার নিজেরা বহন করেন। জেলা আদালতের বিচারকদের চা-চক্রে অথবা একবেলা আহারে আমন্ত্রণ করে নিজেদের মহানুভবতা প্রকাশ করে থাকেন। পাকিস্তানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রণীত আচরণবিধি জিয়াউর রহমানের আমলে আমাদের সুপ্রিম কোর্ট গ্রহণ করেছিলেন। কিন্তু অনেকেরই তা জানা ছিল না। স্বাধীনতার আগ থেকেই বিচারকরা কার্যত স্ব-আরোপিত আচরণবিধি মনে চলতেন। তাঁরা উচ্চমূল্যবোধ, নৈতিকতা, বিবেক ও আদর্শের প্রাধান্য নিশ্চিত করতেন। কোনো বিচারককে এমন কোনো কাজ করতে দেখা যায়নি, যার মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদা ও সম্মান খাটো হয়েছে। তাই উচ্চ আদালতের বিচারকেরা নৈতিকতা ও বিবেকবোধ দ্বারা সমৃদ্ধ হয়ে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে যদি অবিচল থাকেন, তাহলে দেখা যাবে লিখিত আচরণবিধি বিচারকদের মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে গৌণই থেকে যাচ্ছে।