আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘পৌর নির্বাচনে কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুতর হলে প্রার্থিতা বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।’আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন সার্ভার স্টেশন পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মেয়র পদপ্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন।সিইসি বলেন, ‘আমরা চাই, দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্দলীয় একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। তার জন্য কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় নির্বাচন থেকেই দলীয় ব্যানারে সব নির্বাচন হওয়া উচিত। তাহলে মাঠপর্যায় থেকেই একজন নেতার জনপ্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।’ আর পৌর নির্বাচনের পরপরই আগামী মার্চ মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।এ সময় জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, উপনির্বাচন কমিশনার জাহিদ হোসেন, মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বদরউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আ. আউয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক, মেয়র পদপ্রার্থী আ. হাই আকন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।