আচরণবিধি লঙ্ঘন করে মায়ার মনোনয়নপত্র সংগ্রহ!
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর থেকে আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং দক্ষিণ থেকে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ ও বিএনপির সালাউদ্দিন আহমেদসহ আটজন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়নপত্র নেন।ডিসিসির উত্তর ও দক্ষিণ থেকে এ নিয়ে মেয়র পদে ২৩ জন, কাউন্সিলর পদে এক হাজার ৩৪২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ২৪ মে ডিসিসির দুই ভাগে ভোট অনুষ্ঠিত হবে।আচরণবিধি উপেক্ষা করে মনোনয়নপত্র সংগ্রহের অভিযোগ উঠেছে মায়ার বিরুদ্ধে। তাঁর সঙ্গে আওয়ামী লীগের পাঁচ সাংসদসহ বেশ কিছু নেতা-কর্মী ছিলেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। গণমাধ্যমে তা ভিডিও ধারণ করা হয়েছে।’ আইন অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।