আচরণবিধি লঙ্ঘন করে স্বাচিপের ভূরিভোজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভুরিভোজের আয়োজন করেছে আওয়ামীপন্থী চিকিত্সক সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ)। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নির্মীয়মাণ একাডেমিক ভবনে প্রায় দেড় হাজার লোকের এ ভূরিভোজ বা মেজবান সম্পন্ন হয়। বিএমএর নির্বাচনী আচরণবিধির ১ নম্বর বিধিতে লেখা রয়েছে, ‘সব ধরনের নির্বাচনী প্রচারণা ২৬ নভেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে বন্ধ থাকবে।’ তাই স্বাচিপের আয়োজিত এ মেজবান আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন বলে প্রতিপক্ষ পরিষদ অভিযোগ করেছে। তারা এ ব্যাপারে নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। ২৯ নভেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরেজমিনে দেখা গেছে, আজকের এই মেজবানে আওয়ামী লীগের নেতা আজম নাছির ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফসিউর রহমানসহ আরও অনেকে অংশ নেন।স্বাচিপের মুজিবুল হক খান-মোহাম্মদ শরীফ পরিষদের সব প্রার্থী উপস্থিত থেকে মেজবানে আগত চিকিত্সকদের কাছে ভোট প্রার্থনা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, মেজবানে দেড় হাজার লোকের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের মেন্যুতে ছিল গরু ও মাছ। অমুসলিমদের জন্য ছিল খাসি ও মাছের ব্যবস্থা। মেজবানের কথা স্বীকার করে বিএমএর সভাপতি পদপ্রার্থী স্বাচিপের মুজিবুল হক খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আচরণবিধিতে ভুলে ২৬ নভেম্বর প্রচারণা শেষ বলে ছাপা হয়েছে। আজ (২৭ নভেম্বর) রাত ১২টায় প্রচারণা শেষ হবে। আর আমরা মেজবান করেছি ডা. মিলনের শাহাদতবার্ষিকী উপলক্ষে। ওখানে প্রার্থীরা ভোট চেয়েছেন।’মুজিবুল হকের বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কাজী সফিকুল আলম। তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারণার সময় শেষ হয়েছে গত রাতেই (২৬ নভেম্বর)। স্বাচিপকে আমরা সতর্ক করে চিঠি দিচ্ছি।’সংবাদ সম্মেলন: শুধু মেজবান নয়, স্বাচিপ সংবাদ সম্মেলন করেও নিজেদের পরিষদকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছে। আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান নির্বাচনে চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্বাচিপের মোহাম্মদ শরীফ। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বাঁচানোর অপচেষ্টা হিসেবে দেশজুড়ে নৈরাজ্য, তাণ্ডব, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে বিএমএ নির্বাচন স্বাধীনতার পক্ষের শক্তির অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএমএর বর্তমান সভাপতি শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ, নুরুল ইসলাম, মাহবুবুল আলম, মনোয়ারুল হক শামীম, নূর হোসেন ভূঁইয়া শাহিন প্রমুখ।গতকাল সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত-সমর্থিত খুরশিদ জামিল-মোত্তালিব পরিষদ। এতে অভিযোগ করা হয়, স্বাচিপ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে সচেতন চিকিত্সক সমাজকে বিভ্রান্ত করছে।