আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনার নির্দেশ দেওয়ার পর নগরজুড়ে গতকাল সোমবারও সম্ভাব্য প্রার্থীদের নানা রঙের ব্যানার-ফেস্টুন ঝুলতে দেখা যায়। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধির কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহারের দিন ২৯ নভেম্বর পর্যন্ত কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না। ইতিপূর্বে লাগানো সব ধরনের রঙিন পোস্টার ও ব্যানার খুলে ফেলতে হবে। সরেজমিনে দেখা গেছে, নগরজুড়ে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নানা রঙের পোস্টার, ব্যানার ঝুলছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেখা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে তিনজন সম্ভাব্য মেয়র প্রার্থীর ছবি। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদের রঙিন ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এ ধরনের ছবি দিয়ে পোস্টার ও ব্যানার নগরের পৌর বাজার, রাজা রামমোহন মার্কেট, প্রেসক্লাব, জাহাজ কোম্পানির মোড়, পার্কের মোড়, কলেজ রোড, মাহিগঞ্জ, মেডিকেল মোড়, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। এদিকে গত সোমবার মধ্যরাত পর্যন্ত নগরের পাড়া-মহল্লায় শোভাযাত্রা বের করা হয় বিভিন্ন প্রার্থীর সমর্থনে। জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, ‘আমার পক্ষে লাগানো সব পোস্টার-ব্যানার নিজ উদ্যোগেই সরিয়ে ফেলা হবে। তবে একটু সময়ের ব্যাপার।’ জাতীয় পার্টির সম্ভাব্য অন্য দুই প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাওয়া যায়নি। মহানগর আওয়ামী লীগের সভাপতি সম্ভাব্য মেয়র প্রার্থী সাফিয়ার রহমান বলেন, ‘হঠাৎ করে তফসিল ঘোষণা হওয়ায় এসব ব্যানার-ফেস্টুন, পোস্টার সরাতে দুই-এক দিন সময় তো লাগবে। একই মন্তব্য করেন আওয়ামী লীগের সম্ভাব্য আরও দুজন মেয়র প্রার্থী শরফুদ্দিন আহমেদ ও ফিরাজ কবির চৌধুরী। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে।’