ভোলা চরফ্যাশনে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে মো. সবুজ নামের এক আওয়ামী লীগের কর্মীকে ২১ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম এ সাজা প্রদান করেন।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক প্রথম আলোকে জানান, জাহানপুর ইউনিয়নের বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কাশেম তাঁদের কাছে লিখিত অভিযোগে জানান, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আকবর ফরাজী ও তাঁর কর্মীরা বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও কর্মীদের ওপর হামলা, মামলা ও লুটপাট চালিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছেন। গত মঙ্গলবার রাত আটটার সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আকবর ফরাজীর লোকজন বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কাশেম ও তাঁর কর্মীদের ওপর কয়েক দফা হামলা করেছে। পরে তাঁরা চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম বরাবর একটি লিখিত অভিযোগ করেন। গতকাল রাতে পুলিশ প্রশাসনের সামনে জাহানপুর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি জুনু মাঝির ছেলে মো. সবুজ (১৮) আলী আকবর ফরাজীর প্রতিপক্ষ আবুল কাশেমের কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছিল। এ সময় পুলিশ তাঁকে আটক করে। আজ সকালে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সবুজকে ২১ দিনের কারাদণ্ড প্রদান করেন।