আচার নিয়ে বর্ণাঢ্য আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে গাওয়া হচ্ছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...।’ মিলনায়তনে সমবেত সবাই তখন ‘চিরকুট’-এর শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে থাকেন। অনেকেই হাত উঁচিয়ে দুলতে থাকেন গানের ছন্দে ছন্দে। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৩তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১২’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগত সবাই ডি এল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি গাইলেন। অভূতপূর্ব সেই দৃশ্য!আয়োজনটি ছিল বাঙালির ঐতিহ্যবাহী আচার নিয়ে। প্রতিযোগিতায় আচার বানিয়ে পাঠিয়েছিলেন যাঁরা, তাঁদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল অনুষ্ঠানস্থল। তাঁদেরই একজন ঢাকার ধানমন্ডি এলাকার আফরোজা রহমান বর্ষসেরা আচারের পুরস্কার জিতে পেয়ে গেলেন দুই লাখ টাকা। শুধু নারীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় মিষ্টি আচার বানিয়ে তিনি জিতে নিলেন সেরা পুরস্কার। প্রতিক্রিয়ায় তিনি নিজের ছোট বুটিক শপে পুরস্কারের এ টাকা বিনিয়োগ করবেন বলে জানান। ‘আচার নিয়ে প্রতিযোগিতা’ ভাবলে প্রথমেই মাথায় আসে টক-ঝাল-মিষ্টির মজার উপস্থিতির কথা। শুধু কে বিজয়ী হলো আর কে হলো না—এতেই সীমাবদ্ধ ছিল না গতকালের বর্ণাঢ্য এ আয়োজন। পুরো মিলনায়তনে ছিল স্নেহ-মমতায় ভরা হূদ্যতাপূর্ণ পরিবারিক আবহ। এর সঙ্গে সংগীত, নৃত্য, মজার মজার আলাপচারিতায় আনন্দঘন হয়ে ওঠে অনুষ্ঠানটি।অনুষ্ঠানের প্রধান অতিথি নারী উদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোকেয়া আফজাল রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি আচার বানানোর প্রতি তাঁর বিশেষ আগ্রহ এবং অভিজ্ঞতা তুলে ধরেন। জানালেন আচারের মৌসুমে শত ব্যস্ততার মধ্যেও রাতে বাসায় ফিরে খাওয়াদাওয়া সেরে লেগে যেতেন আচার তৈরিতে। তিনি বলেন, ‘এটি শুধু রসনার বিষয় না, শিল্পও বটে।’অনুষ্ঠানের একেবারে গোড়ায় মিলনায়তনের আলো নিভে যেতেই পর্দায় দর্শকেরা দেখে নেন আচারের বিচার-প্রক্রিয়ার একটি তথ্যচিত্র। এরপর শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় পরিবেশিত হয় ‘নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে’ গানের সঙ্গে নাচ। প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় এরপর বক্তৃতা, গান, বিচারকদের অভিজ্ঞতায় এগিয়ে যেতে থাকে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী বলেন, ‘পরিবার থেকে যে আচার বানানোর কাজটি শুরু, তা একদিন সারা বিশ্বে বাংলাদেশের খাদ্য ঐতিহ্যকে তুলে ধরবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সত্যিকার অর্থে এটি একটি বড় পরিসরের জাতীয় অনুষ্ঠান। সারা দেশ থেকে যাঁরা অংশ নিয়ে এ আয়োজনকে সার্থক করেছেন, তাঁদের আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা যে মমতা আর যত্ন দিয়ে আচার তৈরি করেন, সেভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব।’ অনুষ্ঠানে এ আয়োজনের প্রচার সহযোগী চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হকও বক্তব্য দেন। বক্তৃতা ও অনুষ্ঠান পরিচিতির ফাঁকে এসে গান করেন ক্লোজআপ ওয়ানখ্যাত কিশোর ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ এবং চ্যানেল আই সেরা কণ্ঠ কোনাল ‘ভালো আছি ভালো থেকো’ এবং দ্বৈত কণ্ঠে ‘শোনো শোনো কথাটি শোনো’ গান গেয়ে শোনান তাঁরা। ব্যান্ডদল চিরকুট দেশের গানের পর ‘কানামাছি’ গানটি গেয়ে শোনায়। নাট্যকার জিনাত হাকিম ও অভিনয়শিল্পী আজিজুল হাকিম দম্পতি সঞ্চালকের সঙ্গে সরস কথপোকথনে সবাইকে আনন্দ দেন।প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবিদা সুলতানা, ফ্যাশন ডিজাইনার মায়া রহমান, রান্নাবিদ শাহানা পারভীন, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া, রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন, সংগীতশিল্পী নির্ঝর, কোনাল, উপস্থাপক মুনমুন, লাক্স-চ্যানেল আই বিজয়ী রাখী মঞ্চে এসে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য দেন। অপর বিচারক অভিনেত্রী অপি করিম অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।যাঁরা বিজয়ী হলেন: এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে তিন হাজার ৩৯০ জন প্রতিযোগী আট হাজারের বেশি আচার পাঠিয়েছিলেন। ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজে প্রাথমিক বাছাই শেষে ৪৮টি আচার উত্তীর্ণ হয় চূড়ান্ত পর্বে। বিচারকদের রায়ে টক, ঝাল, মিষ্টি এবং অন্যান্য—এ চারটি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন যথাক্রমে ঢাকার নওরীন করিম, ফরিদা পারভিন, সালমা আক্তার ও বরিশালের সিমী আহমেদ। বর্ষসেরা আচারের পুরস্কার জিতে নেন আফরোজা রহমান।অন্য বিজয়ীরা হলেন—টক: দ্বিতীয় শাহনাজ আক্তার, ঢাকা ও তৃতীয় কাওসার জাহান, রাজশাহী; মিষ্টি: দ্বিতীয় মাহমুদা খাতুন, ঢাকা ও তৃতীয় ল্যানী জুলিয়েট, ঢাকা; ঝাল: দ্বিতীয় এস বানু, ঢাকা ও তৃতীয় সামরোজ সুলতানা, রাজশাহী; এবং অন্যান্য বিভাগে দ্বিতীয় বেবী রানী দাস, চট্টগ্রাম ও তৃতীয় লুৎফুন নেছা বেগম, ঢাকা।আরও ৩৫ জন পেয়েছেন শুভেচ্ছা পুরস্কার। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ছিল যথাক্রমে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা দুটি বিমান টিকিট, ল্যাপটপ কম্পিউটার ও আইপিএস। শুভেচ্ছা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ডিনার সেট।