আচেবের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজারো মানুষের ঢল
নাইজেরিয়ার প্রখ্যাত ঔপন্যাসিক চিনুয়া আচেবের অন্ত্যেষ্টিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার হাজারো মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। দেশটির আনাম্বরা রাজ্যের ছোট শহর ওজিডিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিবিসির খবরে জানানো হয়, প্রখ্যাত এই লেখককে শেষ শ্রদ্ধা জানাতে গির্জার সামনে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় সেখানে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন ও ঘানার প্রেসিডেন্ট দ্রামানি মাহামাসহ দেশ-বিদেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।আফ্রিকার ‘আধুনিক সাহিত্যের জনক’ বলে খ্যাত এই লেখকের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ওজিডি শহরজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গির্জায় কেবল আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। অন্যরা রাস্তায় দাঁড়িয়ে বড় দুটি পর্দায় সরাসরি সম্প্রচার করা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান দেখেন।প্রেসিডেন্ট জোনাথন বলেন, আচেবে তাঁর অনেক লেখায় নাইজেরিয়ার নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন। এসব লেখা রাজনৈতিক নেতাদের আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আচেবের সঙ্গে তাঁর পরিচয় ছিল না, তবে তিনি তাঁকে বেশ শ্রদ্ধা করেন। চার্চে শ্রদ্ধা নিবেদন শেষে চিনুয়া আচেবেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।আচেবের পরিবারের সদস্য ওবি আচেবে জানান, ‘তাঁর (আচেব) মৃত্যুতে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি শুধু আমাদের পরিবারের জন্য নয়, তা নাইজেরিয়া ও গোটা আফ্রিকার ক্ষতি।’চিনুয়া আচেবে গত ২২ মার্চ বার্ধক্যজনিত অসুখে ভুগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে তাঁর লাশ নিজ দেশ নাইজেরিয়ায় নিয়ে আসা হয়। সেদিনই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ আনাম্বারা স্টেডিয়ামে কিছুক্ষণের জন্য রাখা হয়। সেখানে প্রায় দুই হাজার মানুষ আচেবের মরদেহ দেখার জন্য ভিড় জমান।চিনুয়া আচেবের লেখা ‘থিংস ফল অ্যাপার্ট’ উপন্যাসটি (১৯৫৮) বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। বইটির অন্তত এক কোটি কপি বিক্রি হয়। উপন্যাসটি ৫০টির বেশি ভাষায় অনূদিত হয়। আফ্রিকার ইগবো সমাজের ঐতিহ্যকে উপজীব্য করে লেখা উপন্যাসটি। এতে পশ্চিমা সংস্কৃতি ও ইগবোদের ঐতিহ্যের মধ্যে সংঘাতকে নিপুণ হাতে এঁকেছেন তিনি। এ ছাড়া তিনি ২০টিরও বেশি বই লিখেছেন।১৯৯০ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বাস করছিলেন। ২০০৭ সালে তিনি বুকার পুরস্কার পান। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া অনলাইন।