আছে কেবল ‘পাড়’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরদিঘিরপাড় সিলেট নগরের বড় একটি আবাসিক এলাকা। গোটা এলাকা চষে বেড়ালেও খুঁজে পাওয়া যাবে না দিঘিটি। কিন্তু ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সাগরের মতো দিঘি ছিল বলে মহল্লার এমন নামকরণ। লালদিঘি এলাকা সিলেটের বর্তমান সময়ের একটি ব্যস্ততম এলাকা। এই এলাকাটি অসংখ্য বিপণিবিতান আর পাইকারি বাজারের জন্য বিখ্যাত, তবে এলাকায় কোনো দিঘির অস্তিত্ব না থাকলেও কেন দিঘির নামে এলাকার নামকরণ, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া যায় গুরুত্বপূর্ণ তথ্য। জানা যায়, খোদ পৌরসভা কর্তৃপক্ষ দিঘি দখল করে মার্কেট বানিয়ে সেটা বিভিন্নজনের কাছে ভাড়া দিয়েছে।জানা গেছে, সিলেট নগরের বন্দরবাজার এলাকার প্রধান ডাকঘরের ঠিক পেছনে ছিল লালদিঘির অবস্থান। প্রায় এক দশক আগে তৎকালীন পৌরসভা কর্তৃপক্ষ দিঘির বড় একটা অংশ দখল করে বিপণিবিতান তৈরি করে। পরবর্তী সময় বাকি অংশটুকুও দখল হয়ে গেছে। ফলে সেখানে আর কোনো দিঘির অস্তিত্ব নেই।সরেজমিন ঘুরে নগরে চারাদিঘি, রামের দিঘি ও সাগরদিঘি নামের এলাকাগুলো ঘুরে কোনো দিঘির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অথচ কাগজপত্রে এসব দিঘির অস্তিত্ব রয়েছে। সিলেট সিটি করপোরেশনের তালিকাভুক্ত এ দিঘিগুলোর প্রকৃত অবস্থান কোথায়, স্থানীয় বাসিন্দাদের অনেকেই তা বলতে পারেননি। তবে এসব এলাকার প্রবীণ লোকজন জানিয়েছেন, অনেক আগে দিঘিগুলো ছিল। এসব দিঘির নামেই এলাকার নামকরণ হয়েছে। কিন্তু একসময় দিঘিগুলো ভরাট করে আবাসন তৈরি করা হয়েছে। আবাসনের কারণে হারিয়ে গেছে দিঘিগুলো।সাগরদিঘি এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক খায়রুল হক বলেন, দিঘিগুলো শুধু কাগজপত্রে আছে, বাস্তবে কিছুই নেই। গত ১০ বছর আগেও সিলেট নগরের বিভিন্ন বাসাবাড়িতে যে পরিমাণ পুকুর দেখা গেছে, তা এখন প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে হাতে গোনা যে কয়েকটি পুকুর রয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে হয়তো আবাসনের কারণে সেগুলোও নিশ্চিহ্ন হয়ে যাবে।চারাদিঘি এলাকায় গিয়ে জানা গেছে, ২০০৩ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ঐতিহ্যবাহী চারাদিঘিটি ভরাট করা হয়। সিলেট জেলা পরিষদ ভরাট হওয়া দিঘিটির অর্ধেক জায়গায় এলাকাবাসীর জন্য ‘মজলিশ আমিন চারাদিঘিরপাড় জামে মসজিদ’ নির্মাণ করে দেয়। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ মসজিদটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। বাকি অর্ধেক জায়গায় একটি ‘বিদ্যালয় প্রতিষ্ঠার স্থান হিসেবে প্রস্তাবিত জায়গা’ লিখে সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়েছে।