অভাবের তাড়নায় মা-বাবার স্নেহ, বড় ভাইবোনের সোহাগ যাদের দুঃখ ঘোচাতে পারেনি, তাদের আবার দুঃখ কী? নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেই তারা বড় হয়েছে। জীবন টিকিয়ে রাখতে লড়াই করছে। এরই মধ্যে লেখাপড়াও করছে। এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে। এ ধরনের আটজন অদম্য মেধাবীকে নিয়ে এই প্রতিবেদন:জুলেখা খাতুনের মনে অনেক কষ্টমেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের জুলেখা খাতুন বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।মা আমিরুন খাতুন জানান, জুলেখার দুই বছর বয়সে ওর বাবা মারা যান। দুই বোন এক ভাইয়ের মধ্যে জুলেখা দ্বিতীয়। অভাবের কারণে বড় বোন নাসরিন খাতুনকে অল্প বয়সেই বিয়ে দিয়েছেন। প্রতিবেশীদের উৎসাহে জুলেখা স্কুলে যাওয়া শুরু করে। শিক্ষকদের নজরে পড়ে সে। জুলেখা জানায়, টাকা-পয়সা না থাকায় পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিতে পারেনি। পরে শিক্ষকদের অর্থ সহযোগিতায় অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়ে সে বৃত্তি পায়। তার ছোট ভাই মিঠুন হোসেন পাশের মালসাদহ সিএসএম মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। মুরগি পালন করে তার পড়াশোনার খরচ চালায় জুলেখা। শিক্ষার খরচ বহনের কারণে বছরের পর বছর মুরগি পালন করলেও সে মুরগির ডিম না খেয়ে বিক্রি করে দিয়েছে। পড়ার প্রতি আগ্রহ দেখে প্রতিবেশীরা একটি চার্জার লাইট কিনে দিয়েছে। পাশের বাড়ি থেকে প্রতিদিন চার্জারে চার্জ দিতে হয়। প্রতিদিন কেরোসিন কেনাও কষ্টকর বলে তা দিয়েই চলে পড়াশোনা। রোজা-ঈদ বলে কিছু নেই। তাদের সারা বছরই রোজা রাখার মতো করে জীবন ধারণ করতে হয়। ঈদে প্রতিবেশীরা নতুন-পুরোনো পোশাক দিলে বাড়ির একটা মুরগি জবাই করে ঈদ করি।জুলেখার কষ্ট, ‘পরীক্ষার সময় অনেকের মা-বাবা পরীক্ষাকেন্দ্রে গিয়ে সন্তানের জন্য কত পুষ্টিকর খাদ্য নিয়ে অপেক্ষা করেন। কত মা-বাবা সন্তানের ভালো রেজাল্ট শুনে কত জায়গায় বেড়াতে নিয়ে যান। কিন্তু আমার তো বাবা নেই। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। দুটো পয়সার জন্য সারা দিন কাঁথা সেলাই করেন। পরীক্ষার হলে প্রতিদিন একাই গেছি। একাই ফিরেছি।’ কথাগুলো বলতে বলতে চোখ ভিজে যায় জুলেখার।এত কিছুর মধ্যেও জুলেখা ভবিষ্যতে একজন ম্যাজিস্ট্রেট হতে চায়। স্কুলের সহকারী শিক্ষক তৌফিজ উদ্দিন বলেন, ‘আমার ১৩ বছরের শিক্ষকতা জীবনে জুলেখার মতো এত পরিশ্রমী ও মেধাবী ছাত্রী দেখিনি। নবম ক্লাস থেকে শিক্ষকেরা তার বই, পোশাকসহ যাবতীয় খরচ বহন করেন। শিক্ষকেরা সবাই জানতেন, জুলেখা গোল্ডেন জিপিএ-৫ পাবে।’এনএসআই কর্মকর্তা হতে চায় ইমামুল মিয়াফরিদপুর জিলা স্কুলের ইমামুল মিয়া (১৬) এবার এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাড়ি সদর উপজেলার বিলমামুদপুর গ্রামে। মা মনোয়ারা বেগম জানান, ১১ মাস বয়সে ওর বাবা ওমর মিয়া ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। স্বামীর অকাল মৃত্যুর পর একমাত্র ছেলে ইমামুলকে নিয়ে শুরু হয় তাঁর জীবন-সংগ্রাম। ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় এক ব্যাংক কর্মকর্তার বাসায় ঝিয়ের কাজ করেন আর ছেলেকে স্কুলে ভর্তি করে দেন। এর মধ্যে মাসে এক হাজার ৪০০ টাকা বেতনে পৌরসভায় ঝাড়ুদারের চাকরি পান তিনি। নবম শ্রেণীতে ওঠার পর ইমামুলের পড়াশোনার খরচ আরও বেড়ে যায়। ওর বাবা এক প্রকার বিনা চিকিৎসায় মারা গেছেন। এ কারণে ইমামুলের ইচ্ছে ছিল বিজ্ঞান বিভাগে পড়ে চিকিৎসক হওয়ার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু অভাবের কারণে কম খরচের জন্য ইমামুল শেষ পর্যন্ত বেছে নেয় বাণিজ্য বিভাগ। কমলাপুর মহল্লার জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদী রেজাউল মতিনের বাড়িতে মনোয়ারা বেগম তাঁর ছেলেকে নিয়ে বসবাস করেন। রেজাউল মতিন বলেন, ‘ইমামুল সব সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। পড়াশোনার দিকে কোনো নজর নেই। তার পরও জিপিএ-৫ পেয়েছে।’ইমামুল জানায়, ভালো ফল করতে হলে সব সময় পড়তে হবে এমন কোনো কথা নেই। তবে যেটুকু সময় পড়াশোনা করেছি মনোযোগের সঙ্গে করেছি। দিনে তিন ঘণ্টাও নিয়মিত পড়িনি। দুজন ছাত্রের কাছে পড়েছি ইংরেজি ও অঙ্ক। তবে স্কুলের স্যাররা তেমন সাহায্য করেননি, খোঁজখবরও রাখেননি। সরকারি স্কুলের স্যার তো, তাই ছাত্রদের প্রতি দরদ কম।ইমামুল বলে, ‘পড়াশোনা শেষ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স) বিভাগে যোগ দেওয়ার ইচ্ছা আছে।’ কেন? উত্তরে ইমামুল বলে, ‘দেশের রাজনীতিবিদদের পর্যবেক্ষণ করব। রাজনীতিবিদেরা সন্ত্রাসীদের লালন করেন, প্রশ্রয় দেন। পাড়ায়-মহল্লায় ছোট-বড় সন্ত্রাসীদের ব্যবহার করেন। এ সন্ত্রাসীরাই সব অনিষ্টের পেছনে থাকে। এরাই সাধারণ মানুষের সুখ-শান্তি কেড়ে নেয়। তাদের সায়েস্তা করার জন্যই এনএসআই কর্মকর্তা হতে চাই।’ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস বলেন, ‘ইমামুল অনেক ওপরে উঠবে। তবে একটা গরিব মা আর কত ব্যয় বহন করতে পারবে?’প্রীতম চিকিৎসক হয়ে বাবা-মায়ের কষ্ট ঘোচাতে চায়খুলনার তেরখাদা উপজেলার প্রণব সাহার (৪২) ছেলে প্রীতম এ বছর ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা প্রণব সাহা জানান, সহায়-সম্পদ সব হারিয়ে তিনি স্ত্রী ও একমাত্র সন্তান প্রীতমকে নিয়ে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। ছেলেকে রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। বেঁচে থাকার প্রয়োজনে সেখানে এক দোকানে কর্মচারী হন। ওই সামান্য আয়ে সংসার চলাই দুষ্কর বুঝে সন্তানকে বাধ্য হয়ে অন্যের বাড়িতে রেখে দিই। সেখানে অনেক কষ্ট করে অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার পর শিক্ষকেরা তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রণব সাহা (৪২) বলেন, ‘আমার ছেলের পড়ার খরচই আমি জোগাড় করতে পারিনে। আমার জন্যই তো আজ ওদের এই অবস্থা।’রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ভাড়া করা ছোট্ট একটা মাটির ঘরে গেলে মা মনিষা সাহা (৩৫) বলেন, ‘প্রীতম এইচএসসির পুরোনো বই জোগাড় করতে উজ্জ্বল স্যারের বাসায় গেছে। তিনি মুখে কাপড় চেপে ধরে বলেন, আমাদের দুঃখ-কষ্টের শেষ নেই। কীভাবে আমাদের সংসার চলে তা বলতে পারব না। তবে ওই প্রীতমই আমাদের শেষ ভরসা। পড়তে পড়তে কখন যে রাত শেষ হয়ে যেত প্রীতম তা টেরও পেত না। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ছেলের জন্য খরচ করেছি, এখন কীভাবে শোধ করব জানিনে।’ কিছু সময় পরে বাসায় ফেরে প্রীতম। সে বলে, ‘আলম স্যার, উজ্জ্বল স্যারের অবদান সীমাহীন। ভবিষ্যতে আমি চিকিৎসক হয়ে মা-বাবার কষ্ট দূর ও দেশের কাজ করতে চাই।’আশ্রয়দাতা ও রঘুনাথপুর স্কুলের পরিচালনা কমিটির সদস্য চণ্ডিদাস দেওয়ান বলেন, ‘বিভিন্ন কারণে আজ ওদের মতো মানুষ আমার এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রীতমের মেধা দেখে যতটুকু পেরেছি সহায়তা করেছি।’ রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম বলেন, ‘প্রীতম ব্যতিক্রমী ছাত্র। স্কুলের শিক্ষকেরা তাকে ফ্রি পড়িয়েছেন। আমাদের সভাপতি শাহিন হোসেন হাওলাদার ওর ফরম পূরণের টাকাও দিয়েছেন। তা ছাড়া স্কুলে কখনো টাকা-পয়সাও নেইনি।’পুলক চায় লেখাপড়া চালিয়ে যেতেপটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যালয় থেকে পুলক চন্দ্র দাস এবারের এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। পুলকের বাবা নিতাই চন্দ্র দাস শহরের একটি দর্জির দোকানে দর্জিশ্রমিক হিসেবে কাজ করেন। যে রোজগার হয় তা দিয়ে সংসার চলে না। পাড়া-প্রতিবেশী ও শিক্ষকদের সহযোগিতায় পুলক এত দিন লেখাপড়া চালিয়ে আসছিল। বাবা নিতাই দাস বলেন, ‘আমি আর পারমু না এই ছেলের লেহাপড়া করাইতে। বড় ছেলে পলাশও জিপিএ-৫ পাইছিল। ওর এহন পড়াইতেই মানুষের কাছে দৌড়াইতে হয়। পুলকেরে পড়ামু কেমনে? পুলকের লেহাপড়ার ভার দেশের দশজনের ওপর ছাইরা দিলাম।’ পুলক বলে, ‘যেভাবেই হোক আমি লেখাপড়া ছাড়ব না। ঢাকার কোনো ভালো কলেজে ভর্তি হতে পারলে উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফলাফল করব।’ পুলকের ইচ্ছা চার্টার অ্যাকাউনটেন্ট হওয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব মিয়া বলেন, ‘পুলকের অন্য রকম প্রতিভা। এত দিন আমরাই ওর লেখাপড়ায় সহায়তা করেছি। পুলকের বড় ভাই পলাশও আমার বিদ্যালয়ে থেকে জিপিএ-৫ পেয়েছিল। ওরা দুভাই মেধাবী। এত দিন আমরা বিদ্যালয় থেকে এবং বিদ্যালয়ের শিক্ষকেরা ওদের সহায়তা করেছি।’সেনা কর্মকর্তা হতে চায় হোসেন আলীহোসেন আলী এ বছর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ নিয়ে এসএসসি পাস করেছে। তার বাবা হবিবর রহমান একজন প্রান্তিক চাষি। ১০ কাঠা জমিতে তৈরি পানের বরজের ওপর নির্ভর গোটা পরিবার। হোসেন আলীর বড় ও মেজো দুভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্সে লেখাপড়া করছেন। বাবার এই সামান্য আয়ে সংসারই ঠিকমতো চলে না। প্রাথমিক ও জুনিয়র বৃত্তির টাকায় লেখাপড়া করেছে সে। বাবা হবিবর রহমান বলেন, ‘মুনিষ (কামলা) নিতি ট্যাকা লাগে তাই হোসেনের সাতে নিয়েই পানের বরজে কাজ করি। ইর কারণে ছেলেডা অনেক দিনই ঠিকমতো স্কুলি যাতি পারেনি। সে অ্যারাম রেজাল্ট করবে ইডা ভাবতিই পারিনি। বড় দুই ছেলে টিউশনি কইর্যা অনেক কষ্টে লেখাপড়া করে। অ্যাকন কেই আগি না আসলি ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে।’ হোসেন আলী বলে, ‘ভালো ফলাফলই আমার পরিবারে বিপদ ডেকে এনেছে। খারাপ হলে পড়াশোনা ছেড়ে দিতাম। কোনো একটা কাজে লেগে যেতাম। তাতে সংসারেও দুই পয়সার জোগান আসত। লেখাপড়ার বাড়তি খরচের জন্যও কাউকে ভাবতে হতো না।’ হোসেন জানায়, তার সাফল্যের পেছনে নিজের নিরলস চেষ্টা এবং স্কুলের আনারুল ও লিংকন স্যার এবং পবন কুমার নামের এক তরুণের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভবিষ্যতে সেনা কর্মকর্তা হওয়ার ইচ্ছা তার। চিকিৎসক হতে চায় অপু সরকারযশোরের মনিরামপুরের অপু সরকার এবার চেঁচুড়িয়া কেবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। ভবদহ জনপদের জেলে পরিবারের কোনো শিক্ষার্থী এই প্রথম ভালো ফলাফল করেছে। মাছের ডিপোয় কাজ করে এবং টিউশনির ফাঁকে ফাঁকে লেখাপড়া করে অপু এই সাফল্য অর্জন করেছে। জানা যায়, উপজেলার ভবদহ জনপদের কপালিয়া গ্রামের রাজবংশী (জেলে) পাড়ার হতদরিদ্র বিনয় সরকারের তিন ছেলের মধ্যে অপু মেজো। তার মায়ের নাম লক্ষ্মী সরকার। পরের ঘের ও পুকুরে জাল টেনে অপুর বাবা যে পারিশ্রমিক পান তা দিয়ে চলে তাদের সংসার। বাবা বিনয় সরকার বলেন, ‘ছুয়ালডারে (ছেলে) ভ্যালোমতন (ভালো) খাতিপত্তি দিতি পারিনি। ওর পুড়াশুনোর প্রতি ঝোঁক ছিল বলেই ভগবান ওরে ভালো পাস করাইয়েছে।’অপু বলে, ‘ভবিষ্যতে আমি চিকিৎসক হয়ে অবহেলিত জনপদের মানুষের সেবা করতে চাই। আমি সবার আশীর্বাদ চাই।’ স্কুলের বিজ্ঞান শিক্ষক এনায়েত হোসেন বলেন, ‘নবম শ্রেণীতে অপু বাণিজ্য বিভাগে ভর্তি হয়েছিল, কিন্তু তার প্রতিভা ও মেধা দেখে আমরা ওকে বিজ্ঞান বিভাগে ভর্তি করি।’ স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কেসমত আলী শেখ বলেন, ‘ও ছিল বিদ্যালয়ের উজ্জ্বল নক্ষত্র। ওর ফলাফলে আমরা আলোকিত হয়েছি।’দিনমজুরির কাজ করেও শাহরিয়ার কবির পেল জিপিএ-৫মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন জি সি একাডেমির বাণিজ্য বিভাগের ছাত্র শাহরিয়ার কবির এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর তাহের মাদবরের কান্দির দিনমজুর আকমত বেপারির ছেলে।পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, শাহরিয়ার শিশু বয়সে মাকে হারানোর পর তার বাবা আবারও বিয়ে করেন। পাঁচ ভাইবোন আর মা-বাবাকে নিয়ে সাতজনের সংসার চালানো দিনমজুর পিতার পক্ষে অসম্ভব। একসময় সিদ্ধান্ত নেওয়া হয় লেখাপড়া বন্ধ করে ওকে নিজের সঙ্গে সব সময়ের জন্য কাজে নিয়ে নেবেন বাবা। এ অবস্থায় প্রতিবেশী আবুল কালাম আজাদ শাহরিয়ারকে তাঁর বাড়িতে থাকা-খাওয়ার ব্যবস্থা করেন। শাহরিয়ার কবির বলেন, ‘অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। অভাবের কারণে বাবার সঙ্গে দিনমজুরির কাজও করেছি। আমার বড় ব্যাংকার হওয়ার ইচ্ছা। কিন্তু বাড়ির কেউ তো পেটভরে খেতেই পারে না। আমার পড়ার টাকা কীভাবে জোগাবে। আমার স্কুল থেকে বেতন নেয় নাই বলে এত দিন পড়তে পেরেছি। স্যাররাও অনেক সহযোগিতা করেছেন। বন্ধুরাও বই হাওলাদ দিছে পড়তে।’বাবা আকমত বেপারি বলেন, ‘বড় সংসার। আমাগো কোনো জমিজমা নাই। অন্যের জমিতে কামলা খাইটা সংসার চালাই। প্রতিবেশী ও আত্মীয়স্বজনগো থিকা সাহায্য আইনা পোলাডার ফরম পূরণ করছিলাম। এখন পোলাডা ভালো ফল করলে কী অইব। আমার তো কোনো উপায় নাই, ওরে পড়ামু কেমনে?’ প্রধান শিক্ষক সম্ভুনাথ সাহা বলেন, ‘শাহরিয়ার কবির অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। লেখাপড়ার জন্য স্কুল থেকে সব শিক্ষকই তাকে সহযোগিতা করেছেন। এখনো যদি কেউ সহযোগিতার হাত বাড়ায় তাহলে ভবিষ্যতেও সে তার মেধাকে কাজে লাগাতে পারবে।’গান গেয়ে লেখাপড়ার খরচ চালিয়েছে আরবিনানড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় গ্রামের আরবিনা খানম চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। বাবা ইদ্রিস শেখ (৬৮) দিনমজুর ছিলেন। এখন কর্ম অক্ষম। মা মমতাজ বেগম সিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়ার কাজ করেন। চার ভাইবোনের মধ্যে আরবিনা সবার ছোট। বড় দুই ভাই ঢাকায় বাবুর্চির কাজ করেন। তারা বাড়িতে কোনো টাকা-পয়সা দেন না। আরেক ভাই নির্মাণশ্রমিক। মা মমতাজ বেগম বলেন, ‘বসত-ভিটা ছাড়া নিজেদের কোনো জমিজমা নেই। ছেলেদের আয় দিয়ে তাদের নিজেদেরই চলে না। মেয়ের বাবা এখন কাজ করতে পারেন না। আমার বেতন ৬০০ টাকা আর আরবিনার গান গেয়ে যে আয় হয় তাই দিয়েই চলে সংসার। অন্য ছেলেমেয়েরা কেউ লেখাপড়া জানে না। মেয়েটা ভালো ফল করেছে। এখন সংসারের এই অবস্থায় ওর লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় আছি।’আরবিনা বলে, ‘লোহাগড়ার অনির্বাণ শিল্পগোষ্ঠীর সঙ্গে আমি জড়িত। গান গেয়ে নিজের লেখাপড়ার ও সংসারের টুকটাক খরচ চালাই। এতে লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। চিকিৎসক হওয়ার ইচ্ছা। এখন আমাদের গরিবের সংসারে কীভাবে স্বপ্নপূরণ হবে সেই ভাবনায় আছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওহিদুজ্জামান ঠান্ডু বলেন, ‘সংসারের টানাপোড়েনের কঠিন প্রতিকূলতার মধ্যেও সে জিপিএ-৫ পেয়ে আমাদের অবাক করেছে। এখন সমাজের বিত্তবান ব্যক্তিদের তার সহযোতািয় এগিয়ে আসা দরকার।’[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন ফরিদপুর ও পটুয়াখালী অফিস এবং মেহেরপুর, চুয়াডাঙ্গা, ডুমুরিয়া (খুলনা), মনিরামপুর (যশোর), শিবচর (মাদারীপুর) ও লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি]