আছে মৃত্যুভয়, তবুও যেতে হয় সাগর মোহনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়া গ্রামের দেড় শ পরিবারের প্রায় ৫০০ সদস্য এই বছরও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা চর চরহেয়ারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অথচ ওই গ্রামবাসীর কাছে এই চরহেয়ার এক ‘মৃতপুরি’। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে এই গ্রামের ২৮ জন নারী-পুরুষ-শিশু প্রাণ হারিয়েছিল সেখানে। খোঁজ নিয়ে জানা গেছে, গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরহেয়ারের স্থানীয় নাম চরকলাগাছিয়া। সেখানে স্থায়ীভাবে বসবাস করছে শ-খানেক পরিবার। তবে বছরের কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত (পাঁচ মাস) কয়েক হাজার মানুষ অস্থায়ীভাবে আবাস গড়ে ওই চরে। সাগরে বেহুনতিজাল ফেলে চাকা, চালি ও টাইগার প্রজাতির চিংড়ি ধরেন জেলেরা। আর ওই চিংড়ির মাথা ছিঁড়ে প্রক্রিয়াজাত করা হয় সেখানে। এ জন্য দরকার হয় অনেক শ্রমিকের। বছরের এই সময়টায় এলাকায় কোনো কাজ না থাকায় চাকা ও চালির মাথা ছেঁড়ার কাজের জন্য কাঞ্চনবাড়িয়ার অভাবী মানুষের দল সপরিবারে ভিড় জমায় সেখানে। একই উদ্দেশ্যে ভিড় জমায় বিভিন্ন জেলার আরও কয়েক হাজার মানুষ। তবে গত দুই বছর ধরে তাদের এ যাত্রা একটু দেরিতে শুরু হচ্ছে। শ্রমিকেরা জানান, প্রতি কেজি চিংড়ির মাথা ছিঁড়তে একজন শ্রমিককে চার টাকা মজুরি দেন ব্যবসায়ীরা। এতে মাথাপিছু দৈনিক আয় হয় ১৮০ থেকে ২০০ টাকা।কাঞ্চনবাড়িয়া গ্রামের আবদুল মজিদ (৫৫) বলেন, ‘ওইহানে (চরহেয়ারে) কোনো সাইক্লোন শেল্টার নাই। হেইলাইগ্যাই সিডরে অ্যাত্তগুলা মানুষ মরছে। সিডরের পরের বছর থেইকা আমরা দেরি কইর‌্যা রাস পূর্ণিমার পরে যাই। রাস পূর্ণিমার পর বইন্যার ডর কম।’গ্রামের আবুল পালোয়ান (৪৫) জানান, তিনি সিডরের সময় সপরিবারে চরহেয়ারে ছিলেন। ওই রাতে তাঁর স্ত্রী নূরজাহান বেগম (৩৫), ছেলে সাইদুল (১৬) এবং মেয়ে হালিমা (৫) জলোচ্ছ্বাসে ভেসে যায়। পাঁচ দিন পর স্ত্রী ও ছেলের লাশ পেলেও মেয়ের লাশ তিনি খুঁজে পাননি। আবুল পালোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সিডরে তো সব হারাইলাম। পরের বছর আর চরে যাই নাই। কার্তিকে এলাকায় কোনো কামাই (উপার্জন) থাহে না। হেইলাইগ্যা (তাই) গতবার থাইক্যা আবার যাওন শুরু করছি।’সিডরে কাঞ্চনবাড়িয়ার ডাউরি হাওলাদার বাড়ির ১০ জন নারী-শিশু মারা যায় চরহেয়ারে। ওই বাড়ির রেহেনা বেগম (৩৫) বলেন, ‘আমার কোলেগোনে (কোল থেকে) পোলা (ছেলে) শরীফ (১০) আর মাইয়া কইতুরিরে (৬) বানে ভাসাইয় নিছে। আমার বুকটা অ্যাহন খালি। হ্যার পরও আবার যাওন লাগবে হেই চরে কামাই করতে।’ গ্রামের মো. আমান উল্লাহ (৩৮) বলেন, ‘সিজনে (মৌসুমে) প্রায় ৭০-৮০ কোটি টাকার চাকা-চালির কারবার হয় চরহেয়ারে। ওই সময় বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ সেখানে মাছের কাজ করতে নিমচালের (ঝড় থেকে রক্ষা পেতে বিশেষ পদ্ধতিতে তৈরি নিচু ছাউনি) ঘর বানান। এই মানুষগুলার জন্য ওইখানে সাইক্লোন শেল্টার বানানোর কথাডা কেউ ভাবে না ক্যান? সিডরে ওই চরে এই গ্রামেরই ২৮ জন মানুষ মারা গেছে। এবারও এই গ্রামের প্রায় ৫০০ মানুষ কাম করতে যাইবে।’দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা (এনজিও) এডিএমডির সাবেক কর্মকর্তা বড়বাইশদিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আসাদুজ্জামান বলেন, ‘জীবিকার প্রয়োজনে কয়েক হাজার মানুষ চরহেয়ারে প্রতিবছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবাস স্থাপন করে। আর এই সময়টাই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মৌসুম। তাই ওইসব মানুষের দুর্যোগকালীন নিরাপত্তার জন্য সেখানে সাইক্লোন শেল্টার নির্মাণ করা দরকার।’ বড়বাইশদিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবু হাসানাত আবদুল্লাহ বলেন, ‘সিডরের পরপরই চরহেয়ারে সাইক্লোন শেল্টার ও মাটির কিল্লা নির্মাণের জন্য আমরা লিখিত আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাইনি।’ এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গলাচিপার অনেক জায়গায়ই সাইক্লোন শেল্টার নির্মাণ করা দরকার। পর্যায়ক্রমে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’