আছে শুধু নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ঠিকানা ৩৮, সৈয়দ আওলাদ হোসেন লেন। কাপড়ের কারবারের জন্য বিখ্যাত পুরান ঢাকার ইসলামপুর এলাকার এই সরু গলির আগের নাম ছিল আশিক জমিদার লেন। লেনের নামের মতো ৩৮ নম্বর হোল্ডিংয়ের ভবনটিও বদলে গেছে আমূল। ইসলামপুর রোড় থেকে উত্তর দিকে লেনটি ধরে খানিক এগিয়ে গেলে পড়বে লায়ন সিনেমা হল। তারপর পশ্চিম পাশের পথের ওপরই ভবনটি। এর নাম অবশ্য বদলায়নি, ‘ইসলাম খাঁ জামে মসজিদ’ নামটিই আছে।পাঁচতলা নতুন ভবন। ভেতরের কাজ প্রায় শেষ। পশ্চিম দিকের মিনার তৈরি হচ্ছে এখন। ভেতরে প্রতি তলায় তিন হাজার ২০০ বর্গফুটের মেঝে। দেওয়াল-মেঝেতে মসৃণ টালি বিছানো। ভেতরের আধুনিক স্থাপত্যরীতির থামগুলোর শীর্ষপ্রান্ত রঙিন নকশা করা। উত্তর দিকে সিঁড়ি। তবে সেগুলোর শুধু কংক্রিট ঢালাই দেওয়া অবস্থায়। বাহির দেওয়ালেও পলেস্তারার কাজ বাকি। এলাকাবাসীর দানে নির্মাণকাজ চলছে। তাই কাজের গতি একটু ধীর বলে জানালেন মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক আবু নাসের।জরাজীর্ণ অবস্থায় ২০০০ সাল পর্যন্ত এখানে টিকে ছিল প্রায় পৌনে ৪০০ বছরের পুরোনো তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ। তারপর সেটিকে ভেঙে এই নতুন মসজিদ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে রাজধানী ঢাকা তথা আমাদের দেশ থেকে চিরতরে হারিয়ে গেছে একটি মহামূল্যবান প্রত্ননিদর্শন। এই মসজিদে যে রীতিতে তিনটি গম্বুজ নির্মাণ করা হয়েছিল, পরবর্তী সময়ে সেই রীতি অনুসরণ করেই বাংলায় তিন গম্বুজ শোভিত মসজিদগুলো নির্মাণ করা হয়েছিল। বাংলাপিডিয়ায় বলা হয়েছে, ‘এ ইমারতটির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এটি বাংলার তিন গম্বুজবিশিষ্ট মসজিদের একটি নতুন ধারার সূচনা করেছিল।’ এর মাঝের গম্বুজটি ছিল বড় এবং পাশের দুটি ছিল ছোট। পথিকৃৎ স্থাপনাটিকেই টিকিয়ে রাখা যায়নি।ইসলাম খাঁ মসজিদে কোনো শিলালিপি পাওয়া যায়নি। ফলে ঠিক কবে এটি নির্মিত হয়েছিল এবং কে এর নির্মাতা তা নিশ্চিতভাবে জানা যায় না। প্রচলিত ধারণা হলো, রাজধানী হিসেবে ঢাকার প্রতিষ্ঠাতা মোগল সুবাদার ইসলাম খাঁ চিশতীর স্মৃতি এর সঙ্গে জড়িত। অধ্যাপক মুনতাসির মামুন তাঁর ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী বইতে উল্লেখ করে এ সম্পর্কে বলেছেন ‘অনুমান করে নেওয়া হয় ইসলাম খাঁই তৈরি করেছিলেন।’ ইসলামপুর এলাকাটির নামকরণও সুবাদারের নামানুসারেই। বাংলাদেশের প্রত্নসম্পদ বইতে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াও বলেছেন, ‘স্থানীয় জনপ্রবাদ মতে ঢাকার প্রথম মোঘল সুবাদার ইসলাম খান এ মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের গঠন প্রণালী ও স্থাপত্যকৌশলও তা প্রমাণ করে।’ তবে বাংলা পিডিয়ার ভাষ্য আলাদা। মূল মসজিদটির ভেতরে আট কোনাবিশিষ্ট মেহরাব ও তার পাশের প্রক্ষিপ্ত মিনার থাকায় এটি ১৬৩২ থেকে ১৬৪০ সালের মধ্যে নির্মিত বলে উল্লেখ করা হয়েছে। সে সময় যিনি সুবাদার ছিলেন তিনিও এক ইসলাম খান। পুরো নাম ইসলাম খান মাশহাদি (১৬৩৫-১৬৩৯)। স্থপতি হিসেবেও তাঁর খ্যাতি ছিল। যে ইসলাম খাঁ-ই মসজিদটি নির্মাণ করুন না কেন ইতিহাস বলছে, আমাদের দেশের স্থাপত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই স্থাপনাটি।আদি মসজিদটির ভেতরের মাপ ছিল দৈর্ঘ্য ১০.৬ মিটার, প্রস্থ ৪.১১ মিটার। চার কোণে আষ্টভূজাকৃতির বুরুজ। বরুজগুলো ছাদ থেকে বেশ খানিকটা উঁচু। এর শীর্ষে ছিল কলস আকৃতির নকশা খচিত চূড়া। কেবলা দেওয়ালে তিনটি মেহরাব। মাঝেরটি বড় । উত্তর-দক্ষিণে দুটি এবং পূর্ব দিকে তিনটি প্রবেশ দ্বার। প্রধান প্রবেশ দ্বারও ছিল অলংকৃত মিনার খচিত।গতকাল সোমবার দুপুরে মসজিদ কমিটির সম্পাদক আবু নাসের জানালেন, মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে আছে। বেশ কয়েকবার এর সংস্কার করা হয়েছিল। মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় প্রথমে একবার একটি বারান্দা নির্মাণ করা হয়েছিল। পরে তার সামনে আরও একটি বারান্দা করা হয়। মূল মসজিদটিকে অক্ষুণ্ন রেখে এই বারান্দায় দোতলা ভবন করা হয়। বিভিন্ন সময়ে এই নির্মাণগুলো হয়েছিল। এর মধ্যে মসজিদটির ছাদ ও গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এ অবস্থায় ২০০০ সালে পুরোনো স্থাপত্যটি ভেঙে নতুন করে মসজিদটি নির্মাণের সিদ্ধান্ত হয়। ওই বছর ১৪ জুলাই প্রায় চার শতাব্দীর পুরোনো অমূল্য স্থাপত্য নিদর্শনটি ভেঙে সেখানে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। সে কাজ চলছেই।