বেলোয়াড়ি কাচের চুড়ি থেকে তবক দেওয়া সাঁচিপানের খিলি, সূচিকর্মের নকশা করা হাতব্যাগ, মশা মারার বৈদ্যুতিক ব্যাট—পাওয়া যাচ্ছে সবই। মেলাটি যদিও বইয়ের, তবু বরাবরের রীতি-রেওয়াজ ধরে মেলার প্রবেশ-নির্গমন পথের পাশ দিয়ে বসে গেছে এসব হরেক পণ্যের পসরা। এতে আবহমানকালের গ্রামবাংলার লোকজ মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে মহানগরে। ফেরিওয়ালাদের হাঁকডাক, বাঁশির সুর, ঢোল-টুমটুমির শব্দে রোজ বিকেল থেকে প্রাণবন্ত হয়ে উঠছে মেলা। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার জন্য মেলায় গ্রন্থানুরাগী কমতে পারে বলে ধারণা করেছিলেন অনেক প্রকাশক। তবে বাস্তবে প্রচুর গ্রন্থানুরাগীর সমারোহ ঘটেছে এবং বিক্রিও হয়েছে ভালো।আজ সকাল থেকেই: সকাল থেকেই আজ দোর খুলবে মেলার। সকাল ১০টা থেকে মূল মঞ্চে শুরু হবে শিশু-কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা। স্টল খোলার নির্ধারিত সময় বেলা ১১টা। সবাই আশা করছে, প্রথম শুক্রবারের চেয়ে আজ দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে লোকসমাগম বাড়বে।চুরির বিষয়টি রহস্যজনক: টাস্কফোর্স মেলার পথের যে স্টলগুলোকে নিষিদ্ধ করেছিল, তার মধ্যে দুটিকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানালেন, অননুমোদিত বই না রাখার অঙ্গীকার করায় উপজাতি সংস্কৃতি কেন্দ্র ও সেভ দ্য উইমেনের স্টলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে মেলার পথে অবস্থিত স্টলে দুই দফায় চুরির ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। তদন্ত করা হয়েছে। অনেকেই একাডেমীর প্রাঙ্গণে আসতে চায়। চুরির ঘটনা একটি অজুহাত হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে।’ভালো বইয়ের পাণ্ডুলিপি কম: ‘ভেবেছিলাম এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় আজ মেলায় পাঠক কমতে পারে, কিন্তু তা হয়নি। বিক্রিও ভালো’—বললেন অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথ। তাঁর কাছে জানা গেল, পাঠকদের মধ্যে মননশীল প্রবন্ধ, গবেষণা গ্রন্থ, ভালো মানের সৃজনশীল বইয়ের চাহিদা বেড়েছে। কিন্তু সে তুলনায় মানসম্মত বই প্রকাশিত হয় খুবই কম। কারণ, ভালো বইয়ের পাণ্ডুলিপির অভাব। তিনি বললেন, ‘ভালো সংশোধক, পাণ্ডুলিপি সম্পাদকেরও অভাব আছে। জাতীয় গ্রন্থকেন্দ্র প্রশিক্ষণ দিয়ে এই অভাব পূরণ করতে পারত। কিন্তু বই ও প্রকাশনার উন্নয়নে তাদের কোনো কার্যক্রম নেই। এটি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন-পর্ব অব্যাহত ছিল। তাম্রলিপি থেকে প্রকাশিত নুশেরা তাজরীনের চিকিত্সাবিষয়ক গ্রন্থ শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা-এর মোড়ক উন্মোচন করেন আনিসুল হক, আহমাদ মোস্তাফা কামাল ও লুত্ফর রহমান রিটন।নতুন বই: তথ্যকেন্দ্রের তালিকায় নতুন ৯৯টি বইয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে ছিল সাহিত্য প্রকাশ থেকে আনোয়ার কবিরের প্রামাণ্যচিত্রের গন্থরূপ সশস্ত্র বাহিনীতে গণহত্যা: ১৯৭৫ থেকে ১৯৮১। সশস্ত্র বাহিনীতে উল্লিখিত সময়ে যেসব কর্মকর্তা ও সেনাকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই অজানা বিষয়গুলোই দীর্ঘ অনুসন্ধানে তথ্য-উপাত্তসহ তুলে আনা হয়েছে এ বইতে। অন্যপ্রকাশ থেকে এসেছে হুমায়ূন আহমেদের নতুন উপন্যাস মাতাল হাওয়া, প্রথমা থেকে এসেছে শেখ আবদুল হাকিমের উপন্যাস বিষবৃক্ষ ও জাফর আলম অনূদিত কৃষণ চন্দরের গল্প পেশোয়ার এক্সপ্রেস, রোদেলা থেকে হরিপদ দত্তের উপন্যাস নিষিদ্ধ ঠিকানা, পাঞ্জেরী থেকে মঞ্জু সরকারের উপন্যাস বরপুত্র, পার্ল থেকে আনিসুল হকের উপন্যাস পাই বা না পাই, সময় থেকে রেজানুর রহমানের উপন্যাস সরলরেখা, গ্লোব লাইব্রেরি থেকে হোসনে আরা শাহেদের শিশুতোষ অলস তিন ভাই, আগামী থেকে ফরহাদ মজহারের কবিতা ক্যামেরাগিরি, মনজুরে মওলার কাব্য কবিতা ও খুনি, ইত্যাদি থেকে বেগম মুশতারী শফীর প্রবন্ধ মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী, শুদ্ধস্বর থেকে হরিশংকর জলদাসের প্রবন্ধ জীবনানন্দ ও তার কাল, সিসটেক পাবলিকেশন থেকে মুমিনুল ইসলামের কম্পিউটারবিষয়ক মাস্টারিং জুমলা, অ্যাডর্ন থেকে ফেরদৌস নাহারের কবিতা পান করি জগত্ তরল, ঐতিহ্য থেকে রিজিয়ার রহমানের রম্য রচনা খাওয়া-খায়ির বাঙালি, আতাউর রহমানের আত্মকথা জীবনস্মৃতি ও জীবনরঙ্গ, মম প্রকাশ থেকে দিলীপ বিশ্বাসের সংগীতবিষয়ক দ্বিজেন্দ্রলাল রায়, গান ও স্বরলিপি, খালেকুজ্জামান এলিজর ইন্টারনেট থিওরী এন্ড প্র্যাকটিক্যাল, বিজয় প্রকাশ থেকে শামসুজ্জামান খান সম্পাদিত রূপকথা মেঘমল্লার, আমার ব্লগ ডটকমের ১৪০ জন ব্লগারের বই মলাটবন্দি আমার ব্লগ। এ ছাড়া অনুপম প্রকাশনী থেকে এসেছে মুত্তালিব বিশ্বাসের সংগীতবিষয়ক প্রবন্ধ মন্দ্রমধ্যতার, মুনতাসীর মামুনের ঢাকায় প্রথম, মুহম্মদ জাফর ইকবালের ভূত সমগ্র, রশীদ হায়দারের প্রবন্ধ চিম্বুকের নিচে অন্ধকার। মিজান পাবলিশার্স থেকে শাহেদ জাহেদীর ছড়া ঘুম তাড়ানি, পাঠসূত্র থেকে পল্লিকবি জসীমউদ্দীনের কয়েকটি চরিত্র নিয়ে লায়েকুজ্জামানের প্রবন্ধ আসমানীদের গাঁয়ের পথে, অন্যপ্রকাশ থেকে সালেহ উদ্দিন আহমদের উপন্যাস ঘূর্ণি নিলয়।গাজীউল হক: মূল মঞ্চে ছিল ‘ভাষাসংগ্রামী গাজীউল হক’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পড়েন আমিনুর রহমান, সভাপতিত্ব করেন আমীর-উল-ইসলাম। আলোচনা করেন আবদুল মান্নান চৌধুরী ও বেবী মওদুদ। শেষে ছিল আবৃত্তি, লালন ও হাসন রাজার গানের আসর। আজ ছুটির দিনে গ্রন্থানুরাগীদের মহাসমারোহে ভরে উঠবে মেলার প্রাঙ্গণ।