আজ আ.লীগের গণশোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার রাজধানীতে আওয়ামী লীগের গণশোভাযাত্রা কর্মসূচি। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন শিখা চিরন্তন থেকে গণশোভাযাত্রা শুরু হওয়ার কথা। এর আগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে জমায়েত হবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী বক্তব্য দেবেন এবং গণশোভাযাত্রার সূচনা করবেন।১২ মার্চ বিরোধী দলের কর্মসূচি সামনে রেখে রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন ও দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে আওয়ামী লীগ এই কর্মসূচি পালন করছে বলে জানা গেছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন গণশোভাযাত্রায় অংশ নেবেন। দলীয় সূত্র জানায়, গণশোভাযাত্রার গন্তব্য পথ হলো: শিখা চিরন্তনী থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরী, মিরপুর রোড ধরে কলাবাগান ও শুক্রাবাদ হয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। আওয়ামী লীগের নেতারা জানান, মহানগর আওয়ামী লীগ রাজধানীর ৯০টি ওয়ার্ডের প্রতিটি থেকে দুই হাজার করে লোক জড়ো করার কথা ঘোষণা দিয়েছে। দলের সব কটি সহযোগী সংগঠনকে ২০ হাজার করে লোকসমাগমের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার পাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও লোক আনা হবে। দলীয় সব সাংসদ এবং যাঁরা মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে চান, তাঁদের লোক সংগ্রহের জন্য বিশেষ দায়িত্ব হয়েছে। মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুরান ঢাকার ঐতিহ্য প্রদর্শনের হাতি-ঘোড়া নিয়ে গণমিছিলে অংশ নেবেন।