আজ আ.লীগের সঙ্গে বিশেষ কমিটির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আজ বুধবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করবে। এর মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ কমিটির বৈঠক শেষ হবে। এ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করবে কমিটি। সংসদের আগামী অধিবেশনেই তা উপস্থাপন করা হবে। এ নিয়ে সংসদে আলোচনা শেষে তা পাস হবে। এটি হবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী।সংশ্লিষ্ট সূত্রমতে, আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন প্রক্রিয়া এবং দলের বিপক্ষে সাংসদদের ভোটাধিকারসংক্রান্ত অনুচ্ছেদগুলো বেশি প্রাধান্য পাবে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ দুপুর ১২টায় বৈঠক হওয়ার কথা। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের পক্ষে নেতৃত্ব দেবেন। এর আগে ১৯ থেকে ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে বিশেষ কমিটি। ওই বৈঠকে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়।বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দল ও বিশেষজ্ঞরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার পক্ষে মত দেন। তবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিদ্যমান বিধান নিয়ে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে। বেশির ভাগ রাজনৈতিক দল সর্বশেষ প্রধান বিচারপতিকেই এ সরকারের প্রধান হিসেবে রাখতে চায়। অপরদিকে সংবিধান বিশেষজ্ঞদের মতে, প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার মাধ্যমে বিচার বিভাগকে বিতর্কিত করা হচ্ছে। তা ছাড়া এ সুযোগ থাকলে বিচারপতিদের মধ্যে যে অভিলাষ তৈরি হয়, তা বিচার বিভাগের জন্য বাঞ্ছনীয় নয়।রাজনৈতিক দলগুলো সাবেক প্রধান বিচারপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাখতে চায়। তাদের মতে, এ পদটি নিয়ে মোটামুটি এক ধরনের মতৈক্য আছে। বিচারকদের দায়িত্ব থেকে অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐক্য থাকলেও সাবেক প্রধান বিচারপতি ও বিশিষ্ট আইনজ্ঞরা এর বিরুদ্ধে মত দেন। বিশেষজ্ঞরা বিচারপতিদের অপসারণ বা অভিসংশনের ব্যাপারে সংবিধানে যে বিধান বিদ্যমান রয়েছে, তা বহাল রাখার পক্ষে মত দেন। সে ক্ষেত্রে সংশোধিত আকারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ওই ক্ষমতা রাখার পক্ষে তাঁরা।তবে রাজনৈতিক দলগুলোর মত হলো, রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষমতা সংসদের থাকলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্তদেরও সংসদ অপসারণ করতে পারবে। সে জন্য বিচারকদের অপসারণে বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে বিধান রয়েছে, তা সংশোধন করে এ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে হবে।তিন দিনের এ বৈঠকের প্রথম দিনে ২৪ এপ্রিল বিশেষ কমিটি মতবিনিময় করে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন, সদস্য আমীর-উল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, আইনবিশারদ রফিক-উল হক, এম জহির প্রমুখ ব্যক্তিদের সঙ্গে। পরদিন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ ও গণতন্ত্রী পার্টির সঙ্গে মতবিনিময় হয়। প্রধান বিরোধী দল বিএনপি ও এলডিপি বৈঠক বর্জন করে। জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়নি। বিএনপি বৈঠকে না গেলেও বিভিন্ন সভা-সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং রাষ্ট্রধর্ম বহাল রাখার পক্ষে বক্তব্য দিচ্ছে। এ দুটো অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হলে তারা আন্দোলন করারও হুমকি দিচ্ছে।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপি নেই। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, রাষ্ট্রধর্ম ইসলামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যাতে হাত দেওয়ার সাহস না পায়, সে জন্যই সভা-সমাবেশে দলীয় নেতারা কথা বলছেন।বৈঠক সম্পর্কে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিশেষ আমন্ত্রণে কোনো কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার ঘটনা এবারই প্রথম ঘটতে যাচ্ছে। এ ঘটনা দেশের সংসদীয় গণতন্ত্র চর্চার ক্ষেত্রে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা বিশেষ কমিটির সভায় যোগ দিলে কমিটি আরও উপকৃত হতো।