আজ আত্মদানকারীদের গভীর বেদনায় স্মরণ করবে জাতি
আজ পঁচিশে মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদারবাহিনীর কাপুরুষোচিত হামলায় আত্মদানকারীদের গভীর বেদনায় দেশবাসী আজ স্মরণ করবে। ট্যাংক, কামান ও সাঁজোয়া যান নিয়ে পাকিস্তানি সেনারা এদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও সংলগ্ন এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও আশপাশের এলাকায় হামলা চালায়। বহু শিক্ষক ও ছাত্রকে হত্যা করে তারা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশবাসী একাত্তরের সেই কালরাত স্মরণ করবে আজ। সেক্টর কমান্ডারস ফোরাম আজ রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা পর্যন্ত সব আলো নিভিয়ে ‘অন্ধকার থেকে আলোয় ফেরা’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দেশবাসীর কাছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। কমান্ডারস ফোরাম কেন্দ্রীয় পর্যায়ে আজ রাত ১০টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে কর্মসূচিটি পালন করবে।এ ছাড়া রাত আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে সমাবেশ ও মোমবাতি নিয়ে একটি আলোর মিছিল বের করবে।