আজ আদালতে নেওয়া হবে আবু ঘাইথকে
ওসামা বিন লাদেনের জামাতা সুলাইমান আবু ঘাইথ এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে। আজ শুক্রবার ম্যানহাটনের ফেডারেল কোর্টে তাঁকে হাজির করা হবে।মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার জানিয়েছেন, আবু ঘাইথের গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি নির্ভুল বার্তাই সর্বত্র পৌঁছাবে। গত মাসে আঙ্কারার একটি বিলাসবহুল হোটেল থেকে আল-কায়েদার সাবেক মুখপাত্র আবু ঘাইথকে আটক করে তুরস্ক সরকার। ১ মার্চ তাঁকে জর্ডানে পাঠিয়ে দেয় তুর্কি কর্তৃপক্ষ। সেখান থেকে সিআইএ তাঁকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।আঙ্কারায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় ওসামার জামাতাকে আটকের বিষয়টি। ইরান ও জর্ডানে পালিয়ে থাকলেও আল-কায়েদার শীর্ষ নেতা হিসেবে মার্কিন বাহিনীর নজরে ছিলেন তিনি। আল-কায়েদার তহবিলসহ পাকিস্তান-আফগানিস্তানে সংগঠনের মূল কাঠামোতে তাঁর প্রভাব ছিল বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে।