আজ আন্তর্জাতিক নারী দিবস
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিজ্ঞানে সম-অধিকার: প্রশস্ত করে নারীর শোভনীয় কাজের দুয়ার’। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের ১৭টি অনুসংগঠন ও এক হাজার ৩৫০ সদস্য সংস্থা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করবে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সরকারি টেলিভিশন ও বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।দিনটির জন্ম: ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এর পর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দু বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।বাণী: বিশ্ব নারী দিবসের সাফল্য কামনা করে রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, নারীসমাজকে উন্নয়নে সম্পৃক্ত করতে তাদের উন্নত শিক্ষা, প্রশিক্ষণ ও সমান সুযোগ প্রদান করা অত্যন্ত জরুরি। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ও নাগরিক জীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। নারীসমাজের অনগ্রসরতার কারণগুলো চিহ্নিত করে সঠিক কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নারী উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।বিরোধীদলীয় নেত্রী বলেন, জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীসমাজের অগ্রগতি সাধিত হলে মানব প্রগতির সর্বাধিক বিকাশ সম্ভব হবে। এডাব: বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীর সম-অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারীনেত্রীরা। গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। নেতারা নারীর সম-অধিকার নিশ্চিতকরণ এবং তাদের ক্ষমতায়নের জন্য সরকারের কাছে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১২ দফা প্রস্তাব উত্থাপন করেন। এ সময় এডাবের চেয়ারপারসন আবদুল মতিন, পরিচালক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী বেবীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী উন্নয়ন শক্তি: গতকাল সোমবার নারী উন্নয়ন শক্তি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ‘গৃহে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে সংগঠনের নির্বাহী পরিচালক আফরোজা বানু জানান, দেশের ৬১ শতাংশ নারী স্বামী কর্তৃক শারীরিক ও যৌন নির্যাতনের শিকার। অন্যরা শ্বশুর-শাশুড়ি বা পরিবারের অন্য সদস্য দ্বারা নির্যাতনের শিকার হন। শারীরিক নির্যাতনে শহরের শতকরা ২৭ ভাগ ও গ্রামের শতকরা ২৫ ভাগ মেয়ে গুরুতর আহত হয়। আজকের অনুষ্ঠান: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা তিনটায় নারী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও মোমবাতি প্রজ্বালন করবে। ডেফোডিল ইউনিভার্সিটি নিজস্ব অডিটোরিয়ামে বেলা তিনটায় আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সুইজারল্যান্ড দূতাবাস ও আলিয়ঁস ফ্রঁসেজ যৌথভাবে বিকেল সাড়ে পাঁচটায় চিত্র প্রদর্শনী করবে। জাতীয় শ্রমিক লীগ সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করবে। গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন বিকেল চারটায় জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। নারী পক্ষ সাতমসজিদ রোডে বিকেল চারটায় অবস্থান কর্মসূচি পালন করবে। গণতান্ত্রিক মহিলা সমিতি কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা, সুশাসনের জন্য প্রচারাভিযান বেলা ১১টায় মানববন্ধন, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় বেসরকারি টেলিভিশন বৈশাখীতে কেক কাটবেন দেশে প্রতিষ্ঠিত সব পেশাজীবী নারী। ‘মাতৃত্বকালীন ভাতাকেন্দ্রিক স্বপ্ন বাজেটে চাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায় মিরপুরে ডরপের কেন্দ্রীয় কার্যালয়ে। বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল সকাল সাড়ে ১০টায় মুক্তাঙ্গনে মানববন্ধন করবে। পার্টনারশিপ অব উইমেন ইন অ্যাকশন ‘গৃহশ্রমিকদের আইনি স্বীকৃতি ও গৃহশ্রমিক নীতিমালা প্রণয়নে’র দাবিতে বেলা সাড়ে ১১টায় মুক্তাঙ্গনে মানববন্ধনের আয়োজন করেছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সকাল সাড়ে নয়টায় মুক্তাঙ্গনে ‘পাবলিক সেক্টরের মতো প্রাইভেট সেক্টরেও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা’র দাবিতে পতাকা শোভাযাত্রা করবে। মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরাম সকাল সাড়ে ১০টায় মুক্তাঙ্গনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। বিলস্ নারী শ্রমিক উন্নয়ন প্রকল্প সকাল নয়টায় কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে।