আজ আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনের সমাপনী
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমীর যৌথ উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন আজ মঙ্গলবার শেষ হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বাংলা ভাষার চর্চা-সম্পর্কিত ভাষাবিদ্যা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, সমাজ, নৃবিজ্ঞান, রাজনীতি, ভূগোল, অর্থনীতি, ফোকলোর, নাট্যকলা, চলচ্চিত্র, সংগীত, বিজ্ঞান, প্রযুক্তিসহ নানা বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করা হয়।বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্ডিত, শিক্ষাবিদ ও গবেষক এসব প্রবন্ধ উপস্থাপন করেন। খ্যাতিমান বিশ্লেষক ও গবেষকেরা এসব প্রবন্ধের ওপর প্যানেল আলোচনায় অংশ নেন।বিশ্বের ২২টি দেশের দুই শতাধিক পণ্ডিত ও গবেষক দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে বিশ্বের নানা প্রান্তে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিচর্চাসহ বঙ্গবিদ্যা চর্চার নানা বিষয় তথা বাংলার সমসাময়িক সমাজ, রাজনীতি ও দর্শন ভাবনার উপস্থাপন এবং ভবিষ্যৎ দিক নির্ণয়ের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।