আজ আন্তর্জাতিক সিডও দিবস
আজ সোমবার আন্তর্জাতিক সিডও দিবস। জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদ হচ্ছে নারীর সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক জীবনের সর্বক্ষেত্রে মানবাধিকারের একটি দলিল। দেশীয় প্রেক্ষাপটে প্রতিবারের মতো এবারও বিভিন্ন সংগঠন দিবসটির বিভিন্ন আনুষ্ঠানিকতায় এই সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবে।১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হওয়ার কারণে প্রতিবছর ৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সিডও দিবস হিসেবে পালন করা হয়।দিবসটি উপলক্ষে ৪২টি বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার মোর্চা সিটিজেন ইনিশিয়েটিভ অন সিডও, বাংলাদেশ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে।বাংলাদেশ মহিলা পরিষদ দিবসটি উপলক্ষে পোস্টার ছাপিয়েছে। এতেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায় সনদের ধারা ২ ও ১৬.১ (গ) থেকে আপত্তি তুলে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মহিলা পরিষদ দিবসটি উপলক্ষে বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে।