গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি আজ দুপুর দুইটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।শুনানিতে অংশ নিয়ে গতকাল রোববার মুহাম্মদ ইউনূসের আইনজীবীরা আইনি যুক্তি তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা গ্রামীণ ব্যাংক গঠন, প্রতিষ্ঠানটিকে বিশ্বের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা এবং এর এমডি পদ থেকে সম্মানের সঙ্গে সরে দাঁড়ানোর চেষ্টায় ইউনূসের উদ্যোগ এবং সম্মানের মর্যাদা না পাওয়া প্রসঙ্গে আবেগপূর্ণ বক্তব্য দেন।আইনজীবীরা বলেন, গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে ড. ইউনূসের নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। ১২ বছর ধরে ওই পদে তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়া পরোক্ষভাবে বাংলাদেশ ব্যাংকেরই অনুমোদন বলে মত দিয়েছেন আইনজীবীরা।মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নয়জন সদস্য পৃথক দুটি রিট আবেদনে অব্যাহতিসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করেন ৩ মার্চ। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে।আদালত ৩ মার্চ শুনানি নিয়ে গতকাল আদেশ দেওয়ার কথা বলেছিলেন। গতকাল কার্যতালিকায় আদেশের জন্য আবেদনপত্র দুটি ১ ও ২ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। তবে ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে দেওয়া ইউনূসের চিঠি ও কিছু সম্পূরক কাগজপত্র জমা দেন। এরপর শুনানি হয়।মুহাম্মদ ইউনূস গতকাল সকাল নয়টার আগেই হাইকোর্ট চত্বরে যান। অবস্থান করেন আইনজীবী ড. কামাল হোসেনের চেম্বারে। এরপর পৌনে ১২টার দিকে এজলাসে প্রবেশ করেন। শুনানি হয় দুপুর সোয়া ১২টা পর্যন্ত। এরপর আবার সোয়া দুইটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত শুনানি হয়। সাড়ে চারটায় মুহাম্মদ ইউনূস আদালত চত্বর ত্যাগ করেন।শুনানি: মধ্যাহ্ন বিরতির আগে মুহাম্মদ ইউনূসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম শুনানিতে বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে নিয়োগ দিয়েছে। এই ক্ষমতা পরিচালনা পর্ষদের। এরপর বাংলাদেশ ব্যাংক তাতে অনুমোদন দেয়। তাঁর নিয়োগ হয়েছে বিশেষ আইনের মাধ্যমে। সাধারণ আইন বিশেষ আইনকে বাতিল করতে পারে না। তাই ওই আইন তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আদালত বলেন, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর নিয়োগ আছে কি? জবাবে মাহমুদুল ইসলাম বলেন, ‘অব্যশই আছে। যদি বিতর্কের খাতিরে ধরেও নিই নেই, তাহলে ১০ বছর পর কেন? এ নিয়ে আলোচনা হয়েছে, নিরীক্ষাও করা হয়েছে। বলা হচ্ছে, ১৯৯৯ সালে তাঁর মেয়াদ শেষ হয়েছে। তাহলে ১৯৯৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এই ১২ বছর পর তাদের ঘুম ভাঙা উদ্দেশ্যপ্রণোদিত।’মাহমুদুল ইসলাম আরও বলেন, হইচই করছে বয়স নেই। বয়স পার হয়ে গেছে। তাহলে এত দিন কীভাবে চালালেন? বাংলাদেশ ব্যাংকের তো দায়িত্ব রয়েছে। ১২ বছর কার্যক্রম পরিচালনা করেছে। এর মাধ্যমে পরোক্ষ অনুমোদন ছিল। অবৈধ হলে এত দিন কী করল? এটা উদ্দেশ্যমূলক ও আইনের অপব্যাখ্যা। তিনি রুল জারির আরজি জানান।এরপর সোয়া দুইটায় শুনানিতে চার কারণ তুলে ধরেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা অনুসারে জনস্বার্থে, মুদ্রানীতি, ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ, আমানতকারীদের স্বার্থ ও নীতি উন্নয়নের জন্য ব্যবস্থা নিতে পারে। এখানে কোনো ব্যত্যয় হয়নি। কেন্দ্রীয় ব্যাংক অব্যাহতি দিল গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ ধারায়। এটা সাংঘর্ষিক।রোকন উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও অব্যাহতি দেওয়ার। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করেন পরিচালনা পর্ষদ। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক শুধু ব্যক্তির বিরুদ্ধে কোনো জনহিতকর কাজের দৃষ্টান্ত থাকলে সেটি দেখে। ১৯৯০ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তাঁকে নিয়োগ দেওয়া হয়। পরে সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪(১) অনুসারে তিনি নিয়োগ পান। এর আগে ১৯৮৩ সালে তাঁকে প্রথম নিয়োগ দেওয়া হয়। ১৯৯০ সালে এ-সংক্রান্ত নোটিফিকেশনও হয়। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের বিধান অনুসারে চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। অনুরূপ না হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন লাগবে।রোকন উদ্দিন মাহমুদ বলেন, ১৯৯৯ সালে তাঁর ৬০ বছর পূর্ণ হয়। ওই বছরের ২০ জুলাই পর্ষদ সভায় গ্রামীণ ব্যাংকের এমডির অবসরের বিষয়টি ওঠে। সভায় সরকারের প্রতিনিধি রোজিনা আক্তার বেগম বলেন, বয়স বড় বিষয় নয়। চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, গ্রামীণ ব্যাংক অন্য ব্যাংকের মতো নয়। ৯৩ শতাংশ ভূমিহীন এর মালিক, সাত শতাংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারের। বিধিমালা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সভায় ব্যাংকের উন্নয়নকল্পে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁকে এমডি পদে রাখার সিদ্ধান্ত হয়। আদালত বলেন, তাঁর (ইউনূস) প্রতি আবেগ আছে, শ্রদ্ধা নিবেদনও হতে পারে। কিন্তু বিধিমালা তাঁর ক্ষেত্রে কেন প্রযোজ্য হতে পারবে না?জবাবে রোকন উদ্দিন মাহমুদ বলেন, বিধিমালায় সুনির্দিষ্টভাবে এমডি নিয়োগের ক্ষেত্রে কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। যত দিন পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত না নেবে তিনি তত দিন এমডি থাকবেন। ১৯৯৯ সালের পর বছর বছর প্রতিবেদন দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৪ ধারায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের ক্ষমতা রয়েছে। এর ভিত্তিতে প্রতিবেদনও দিয়েছে। আগের সিদ্ধান্তের সঙ্গে পরের সিদ্ধান্তের ব্যত্যয় ঘটেনি। ১৯৯০ সালে নিয়োগে অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক।রোকন উদ্দিন মাহমুদ বলেন, পত্রপত্রিকায় যেভাবে লেখা হচ্ছে তাতে মনে হচ্ছে, ইউনূস সাহেব পদ ধরে বসে আছেন। কেউ কেউ উপহাস করে বলছেন, নোবেল প্রাইজটা নিয়ে নিলেই এর অবসান হয়। এ পর্যায়ে আদালত বলেন, নোবেল প্রাইজের আলাদা গুরুত্ব আছে। রোকন বলেন, কর্মচারী ও ব্যবস্থাপনা পরিচালক আলাদা বলা আছে। নিয়োগবিধি কর্মীদের জন্য। এমডির জন্য নয়। উনি কর্মকর্তা নন। এটা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।রোকন উদ্দিন মাহমুদ বলেন, আইন অনুসারে কর্মীদের বয়স ৬০ বছর। বাণিজ্যিক ব্যাংকগুলোতে এমডির অবসরের বয়সসীমা ৬৫ বছর। নোবেলজয়ী একজন পাঁচ বছর বেশি থাকলে পান থেকে চুন খসে না। উনি সত্তর বছর থাকাতে অপরাধটা কোথায়? অবসর সর্বজনীন বিষয়। বয়সসীমা সর্বজনীন নয়। এটা একেক দেশে একেক রকম।রোকন উদ্দিন মাহমুদ এ পর্যায়ে ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে ইউনূসের দেওয়া চিঠি তুলে ধরেন। বলেন, ইউনূস সাহেব চেয়েছিলেন তাঁর বিদায় যেন সম্মানজনক হয়। একটা প্রতিষ্ঠানকে তিনি এককভাবে নিজ মেধা দিয়ে গড়লেন, আকাশছোঁয়া সম্মানের কাছে নিয়ে গেলেন। নোবেল পেলেন, সে কারণে তিনি সম্মান নিয়ে বিদায় নিতে চাইলেন। এর চেয়ে যৌক্তিক দাবি আর কিছু হতে পারে না। কিন্তু আজ তাঁকে ভিখারির মতো আপনাদের দুয়ারে আসতে হয়েছে এই বলে যে আমাকে সম্মান দিয়ে বিদায় দেন। এটা কি তিনি চাইতে পারেন না জাতির কাছে?আদালত বলেন, উনি ব্যবস্থাপনা পরিচালক থেকে বিদায় চেয়েছেন, কিন্তু চেয়ারম্যান হতে চেয়েছেন। জবাবে রোকন উদ্দিন বলেন, পদ আঁকড়ে থাকতে চান না। ম্যান্ডেলার চেয়ে উনি খাটো নন, সমান? বিপক্ষের আইনজীবী ম্যান্ডেলাকে বড় করে দেখিয়েছেন।রোকন উদ্দিন বলেন, চেয়ারম্যান কেন হতে চেয়েছেন? চেয়ারম্যানের কোনো ক্ষমতা নেই। তিনি বোর্ড সভায় সভাপতিত্ব করে থাকেন। যিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি তো চেয়ারম্যান থাকতেই পারেন। এ পর্যায়ে আদালত বলেন, এটা দুই ভাইয়ের যোগাযোগের বিষয়। মুহিত ভাই ও ইউনূস ভাইয়ের মধ্যকার যোগাযোগ।রোকন উদ্দিন মাহমুদ বলেন, সরকারি কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৫৭ বছর। বিচারপতিরা অবসরে যান ৬৭ বছরে। আইনজীবীদের কোনো বয়সসীমা নেই। ৯০ বছর বয়সে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান আদালতে আসছেন। বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বয়স ৬৫ বছর। একেক দেশে একেক রকম।তিনটা ৫০ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করেন আদালত। উভয়পক্ষের সম্মতিতে আজ দুপুরে দুইটায় আবার শুনানির সময় নির্ধারণ করা হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ড. কামাল হোসেন, সারা হোসেন, মুস্তাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ উপস্থিত ছিলেন। {এ বিষয়ে সর্বশেষ খবর জানতে লগ ইন করুন www.prothom-alo.com}