আজ আবারও হরতাল, বিভিন্ন পরীক্ষা স্থগিত
বিএনপি আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এ ঘোষণা দেন।এর আগে একই দাবিতে বিএনপি রোববার ও সোমবার দেশব্যাপী হরতাল করেছে। বিএনপির ডাকা হরতালের কারণে চলমান উচ্চমাধ্যমিকসহ (এইচএসসি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম সাময়িক ও অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা একের পর এক পিছিয়ে যাচ্ছে। এতে সেশনজটের আশঙ্কা বাড়ছে। নতুন করে হরতালের ডাক দেওয়ায় আজ মঙ্গলবার অনুষ্ঠেয় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল রাতে এ কথা বলা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, আটটি সাধারণ বোর্ডের অধীন আজকের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে।আর কারিগরি বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম জানিয়েছেন, তাঁদের আজকের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। তবে আজ মাদ্রাসা বোর্ডের অধীনে কোনো পরীক্ষা নেই। বিএনপির নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’ ঘটনার প্রতিবাদে বিএনপি এক দিন করে পর পর তিন দিন হরতালের ডাক দিয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির ডাকা হরতালে গত বৃহস্পতিবার সিলেট ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। হরতালের কারণে রাজধানীসহ শহরকেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান প্রথম সাময়িক পরীক্ষাও স্থগিত হয়ে যাচ্ছে। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোকুল চন্দ্র দাস জানান, তাঁদের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগের পরীক্ষাও স্থগিত করা হয়। নতুন সময় পরে জানিয়ে দেওয়া হবে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম জানান, রোববার তাঁদের যে পরীক্ষা ছিল, সেটি হবে আগামী ২ মে। আর গতকাল সোমবারের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি আজ জানিয়ে দেওয়া হবে। রাজধানীর বিজ্ঞান কলেজ সংযুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান আলী বলেন, গতকাল সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়। এখন এই পরীক্ষা আগামী ৪ মে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হরতালের কারণে এ রকম প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার সময় হরতাল না ডাকার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠেয় ২০১০ সালের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ মে একই সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।বিএনপির ব্রিফিং: দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে গতকাল মির্জা ফখরুল বলেন, ইলিয়াসকে সশীরের হাজির করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, ইলিয়াস আলীকে এ মুহূর্তে খুঁজে বের করে তাঁর পরিবারের কাছে ফেরত না দিলে লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা এবং নৈরাজ্য, আইনশৃঙ্খলায় হতাশাজনক পরিস্থিতি, লুটপাট, দখল, গুম, খুন, গুপ্তহত্যা, অপহরণ ও সব শেষে সুরঞ্জিত সেনগুপ্তর লজ্জাজনক দুর্নীতির ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। সরকার খুনের রাজনীতি শুরু করেছে। ইলিয়াস আলী অপহরণের পর এখন আর কোনো মানুষই নিরাপদ নয়। দেশের মানুষ সবাই আতঙ্কিত।ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার ইলিয়াস আলীর গুমের বিষয়টি নিয়ে নাটক বা প্রহসন করছে। এখনো ইলিয়াসকে জনসমক্ষে হাজির করছে না, অথচ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনেকের কথার মধ্যে অসংলগ্নতা প্রকাশ পাচ্ছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টা চলছে, অথচ প্রধানমন্ত্রী বলছেন, বিরোধীদলীয় নেতাই তাঁকে গুম করেছেন। এতে প্রমাণ হয়, সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে। ইলিয়াস আলীকে অপহরণের নায়কই হচ্ছে সরকার।