সংগীতশিল্পী কনকচাঁপার আরেকটি পরিচয়—তিনি লেখালেখির সঙ্গেও জড়িত। পত্রিকায় নিয়মিত কলাম লেখেন, কবিতা লেখেন, স্মৃতিকথাও লিখেছেন। এরই মধ্যে তাঁর আত্মজীবনী নিয়ে বেরিয়েছে বই স্থবির যাযাবর। আজ অমর একুশে গ্রন্থমেলায় বেরোচ্ছে কবিতার বই মুখোমুখি যোদ্ধা।গান আর লেখালেখি নিয়ে কথা হলো কনকচাঁপার সঙ্গে।কবিতা কবে থেকে লিখছেন?তা প্রায় বছর বিশেক তো হবেই। অনেক কবিতা লিখেছি। সেগুলো থেকে ৬০টি কবিতা বেছে নিয়েছি মুখোমুখি যোদ্ধা বইটির জন্য। সংসার আর গানের বাইরে যে সময়টুকু পাই, তার পুরোটাই লেখা কিংবা পড়ার কাজে ব্যয় করি। এটা আমার একটা নেশা বলতে পারেন। ইদানীং পড়ার নেশাটা খুব বেড়েছে। জানেন, আমার একটা পড়ার টেবিল আছে। সেখানে আছে বই আর নানা রঙের কলম।কী ধরনের বই পড়ছেন?নানা ধরনের বই। একসময় তো গল্প, উপন্যাস আর কবিতা বেশি পড়তাম। এখন অবশ্য রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং পরিবেশের ওপর লেখা বইয়ের প্রতি আগ্রহটা বেশি হচ্ছে।‘মুখোমুখি যোদ্ধা’ বইয়ের কবিতাগুলো নিয়ে কিছু বলুন।এখানে প্রেম, ভালোবাসা, প্রকৃতি আর মানুষের কথা প্রাধান্য পেয়েছে। সময় এবং বয়সের সঙ্গে সঙ্গে যে লেখা আর ভাবনার ক্ষেত্রেও একটা পরিবর্তন আসে, এই কবিতাগুলো পড়লে তা স্পষ্ট বুঝতে পারবেন।আপনার গানের খবর কী?গানটা কিন্তু নিয়মিতই করছি। তবে এখন নতুন কোনো অ্যালবামের কাজ করছি না। কথা ছিল, আমার পরবর্তী অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করবে আমার ছেলে মাশুক। চারটা গান তৈরিও করেছে। কিন্তু পড়াশোনার চাপের কারণে বাকিটা শেষ করতে পারছে না। ও তো এখন বিবিএ করছে, পড়াশোনার জন্য অনেকটা সময় দিতে হয়। তাই আমিও ওকে গানের জন্য চাপ দিচ্ছি না।নতুন বই বেরোচ্ছে। কোনো প্রকাশনা অনুষ্ঠানের পরিকল্পনা আছে?হ্যাঁ, বাংলা একাডেমীর নজরুল মঞ্চে আজ বিকেল চারটায় আমার বইটির মোড়ক খুলবেন আরও কয়েকজন গানের শিল্পী, গীতিকার ও সুরকার।