অভিনয়শিল্পী বিপাশা হায়াতের আরেকটি পরিচয়, তিনি চিত্রশিল্পী। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে। আজ তাঁর একক চিত্র প্রদশর্নী শুরু হচ্ছে বেঙ্গল শিল্পালয়ে। শিরোনাম ‘ভ্রমি বিস্ময়ে’। কথা হলো বিপাশা হায়াতের সঙ্গে।বেশির ভাগ দর্শক আপনাকে অভিনয়শিল্পী ও নাট্যকার হিসেবেই জানেন। কিন্তু আপনি চিত্রশিল্পীও। নিজের আঁকা ছবি নিয়ে এবার প্রদর্শনী করছেন।‘ভ্রমি বিস্ময়ে’ আমার প্রথম একক চিত্র প্রদর্শনী। এর আগে অবশ্য বিভিন্ন যৌথ ও দ্বৈত প্রদর্শনীতে অংশ নিয়েছি। এবারের প্রদর্শনীতে আমার আঁকা ৬৮টি চিত্রকর্ম থাকছে। বেশির ভাগ কাজই অ্যাক্রিলিকে করেছি। এ ছাড়া কিছু তেলরং এবং ছাপচিত্রও রয়েছে। এই ছবিগুলো আঁকা শুরু করেছি গত বছর ডিসেম্বরে। আমি বিমূর্ত ধারার কাজের ওপর জোর দিয়েছি, তবে কিছু অবয়বধর্মী কাজও আছে। নাটক নিয়ে আপনার অনেক ব্যস্ততা। ছবি আঁকার ব্যাপারে সময়টা কীভাবে আলাদা করেছেন?আমি যখন যে কাজটা করি, তার ওপর পুরো জোর দিই। একটু খেয়াল করলে দেখবেন, আমি কিন্তু অনেক দিন নাটক লেখা থেকে দূরে আছি। যে নাটকগুলো এর মধ্যে দেখেছেন, সেগুলো আগেই লিখেছি। এই পুরো সময়টাতে বাচ্চাদের দেখাশোনা আর তাদের লেখাপড়া ছাড়া সংসারের আর কোনো কাজে নিজেকে জড়াইনি। এ ব্যাপারে আমাকে খুব সহযোগিতা করেছেন তৌকীর, আর বাসায় আমাকে সহযোগিতা করার জন্য যাঁরা আছেন, তাঁরা। তাঁরা সবাই সত্যিই অসাধারণ। আপনার আঁকা চিত্রকর্মগুলো এরই মধ্যে বেঙ্গল শিল্পালয়ে ঝুলানো হয়ে গেছে। কেমন লাগছে?যেদিন মহিলা সমিতিতে আমাদের নাটক থাকত, সেদিন মনে হতো এটা আমাদের বাড়ি। অন্যদের নাটকের দিন নিজেকে অতিথি বলে মনে হতো। এবার বেঙ্গল শিল্পালয়জুড়ে ঝুলছে আমার আঁকা ছবি। আমি অভিভূত। আজ (মঙ্গলবার) আমার জন্য একেবারেই বিশেষ দিন। আরেকটা কথা বলতেই হবে, আবুল খায়ের লিটু ও সুবীর চৌধুরীর আগ্রহের কারণেই এই প্রদর্শনী করার ব্যাপারে আগ্রহী হয়েছি।আমন্ত্রণপত্রে লেখা আছে, ‘...প্রদর্শনী উদ্বোধন করবেন শিল্পীর বাবা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত...’বাবা একদিন আমার হাতে রংতুলি তুলে দিয়েছিলেন। বাবা সিভিল ইঞ্জিনিয়ার, নিজে একজন শিল্পমনস্ক মানুষ। আমার সামনে শিল্পের দরজা খুলে দিয়েছিলেন তিনি। আমার প্রথম একক প্রদর্শনী বাবা উদ্বোধন করবেন, এটা আমার জন্য কত বড় একটা ব্যাপার—তা বলে বোঝাতে পারব না। আর এর মধ্য দিয়ে বাবাকেও একটু সম্মান জানাতে চেয়েছি।আপনার প্রদর্শনীর শিরোনাম ‘ভ্রমি বিস্ময়ে’। কেন?আমি অনেক বছর ধরে নাটক লিখছি। নাটক লেখার সময় মানুষের মনোজগৎ নিয়ে কাজ করতে হয়। নাটকে যে চরিত্রগুলো রাখি, সেগুলো নিয়ে অনেক গবেষণা করতে হয়। এবার ছবি আঁকার সময়ও সেই দিকটা কাজ করেছে। এবার আমি নিজেকে জানার চেষ্টা করেছি। একই সঙ্গে মনোজগৎ আর রঙের জগতে ভ্রমণ করেছি।