পাবনায় উত্তেজনা রাতে শান্তির পক্ষে শাসক দলের একটি অংশের মিছিল
আজ আসামিদের আত্মসমর্পণ, ডিসি অফিস ঘেরাও
পাবনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলার আসামিরা আজ রোববার স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে পৌর আওয়ামী লীগ। গতকাল শনিবার দুপুরে শহরের আবদুল হামিদ সড়কে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সুধীজনদের সঙ্গে পাবনা জেলা প্রশাসনের বৈঠকের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তবে আজ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি থাকায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে পরীক্ষাকেন্দ্রে হামলা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা গতকাল পাবনা শহরে মিছিল ও সমাবেশ করেন। সন্ধ্যা সাতটার দিকে শহরের জুবলী ট্যাংক এলাকা থেকে ‘সন্ত্রাস নয়, নৈরাজ্য নয়, পাবনায় শান্তি নিবাস গড়তে চাই’ স্লোগান দিয়ে মিছিলটি শহর ঘুরে ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান। তিনি বলেন, ‘কিছু লোক পাবনায় নৈরাজ্য ও সন্ত্রাস করছে। আমরা তা হতে দিতে চাই না। আমরা পাবনাবাসীকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই এবং সন্ত্রাসীদের নির্মূলের দাবি জানাই।’ সমাবেশে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান বলেন, ‘গুটিকয়েক মানুষ পাবনায় অন্যায়-অত্যাচার, নৈরাজ্য-সন্ত্রাস করে টাকা রোজগার করছে। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে শান্তি নিশ্চিত করতে চাই।’ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ বলেন, ‘সরকারি দলের নাম ভাঙিয়ে পাবনায় কিছু মানুষ নৈরাজ্য ও বিশৃঙ্খলা করছে। আমরা তাদের শাস্তি চাই।’ সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আবদুল আজিজ বলেন, ‘পাবনার মানুষের শান্তিতে থাকার অধিকার আছে। কিন্তু কিছু মানুষ এই অধিকার কেড়ে নিতে চায়। আমরা তাদের নির্মূলের দাবি করি।’সমাবেশে আরও বক্তব্য দেন সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলি, পৌর আওয়ামী লীগের নেতা রিয়াজুল, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিবুল হাসান এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক বাপ্পী। পৌর আওয়ামী লীগের বৈঠক: পৌর আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বৈঠক করে আওয়ামী লীগ। বৈঠক শেষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী তসলিম হাসান সাংবাদিকদের জানান, সভায় শুরুতে সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক এবং বৈঠকে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতো সাংবাদিকদের ডেকে হামলার ঘটনা নিয়ে বিষোদ্গার করার নিন্দা জানানো হয়। এ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের মিথ্যা মামলা এবং জেলার উন্নয়নের জন্য বরাদ্দ করা ১৫২ মেট্রিক টন চাল ও জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণ না করে টাকা ফেরত পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে জেলার উন্নয়নে ‘বাধাদানকারী’ জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদিরের অপসারণের দাবিতে নেতা-কর্মীরা আজ বেলা ১১টায় শহরে বিক্ষোভ মিছিল করবেন। এরপর প্রশাসনের করা মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণের পর নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবেন।আওয়ামী লীগের নেতা তসলিম বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে হাজির করে স্বেচ্ছায় আত্মসমর্পণ ও কারাবরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠকে পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সামাদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শহীদুর রহমান প্রমুখ। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি-মৌলবাদীদের বোমা হামলার মতো পাবনার জেলা প্রশাসক সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন করে অব্যাহতভাবে সভা ও পাবনার তথাকথিত সুধী সমাবেশের মাধ্যমে পাবনাবাসীদের এক ভাইকে অন্য ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। তিনি সাংঘর্ষিক অবস্থা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত উল্লেখ করে এর নিন্দা জানানো হয়।প্রসঙ্গত, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ১৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, ভাঙচুর চালান এবং প্রশাসনের কর্মকর্তা ও পরীক্ষার্থীদের লাঞ্ছিত করেন।