আজ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর বৈঠক
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আজ সোমবার প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। গত ফেব্রুয়ারির পরে এটাই হবে এই দুই রাজনীতিবিদের প্রথম সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্রের পরোক্ষ মধ্যস্থতায় আলোচনা অনুষ্ঠানের লক্ষ্যে অগ্রগতির প্রথম লক্ষণ।আগামীকাল মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৈঠকের ঠিক আগের দিন ইহুদ বারাক ও সালাম ফাইয়াদের মধ্যে এই বৈঠক হচ্ছে। ওবামা চান, এই দুই পক্ষ মুখোমুখি শান্তি আলোচনার দিকে এগিয়ে যাক।বারাকের অফিস গতকাল রোববার বলে, তিনি এবং ফাইয়াদ ‘ইসরায়েল ও ফিলিস্তিনিদের সম্পর্ক-সংক্রান্ত বিভিন্ন ইস্যু’ নিয়ে আলোচনা করবেন।ওয়েস্ট ব্যাংক ও গাজা ভূখণ্ডে একটি প্যালেস্টাইনিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার মতানৈক্য নিরসন করার জন্য এই দুই পক্ষকে একই টেবিলে বসানোর জন্য মধ্যপ্রাচ্যে ওবামার দূত জর্জ মিশেল গত মে মাস থেকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন। এ ক্ষেত্রে খুব সামান্য অগ্রগতিই হয়েছে—গত শুক্রবার এমন মন্তব্য করা হলে ওবামার এক উপদেষ্টা তা নাকচ করে দিয়ে বলেন, মিশেলের মধ্যস্থতার ফলে দুই পক্ষের মধ্যকার দূরত্ব অনেক কমেছে।নেতানিয়াহু বলেন, তিনি যত দ্রুত সম্ভব মুখোমুখি আলোচনায় বসতে চান। অন্যদিকে প্যালেস্টাইনের নেতারা বলছেন, কথাবার্তায় এখনো ততটা অগ্রগতি হয়নি, যাতে মুখোমুখি আলোচনায় বসা যায়। ফিলিস্তিনিরা বলছেন, তাঁরা সীমানা ও নিরাপত্তার বিষয়ে ইসরায়েলের কাছ থেকে স্পষ্ট উত্তর চান। এর জন্য ১৯৬৭ সালের যে যুদ্ধে ইসরায়েল ওয়েস্ট ব্যাংক ও গাজা ভূখণ্ড দখল করে, তার আগের সীমানা বরাবর ভবিষ্যতের একটি প্যালেস্টাইনিয়ান রাষ্ট্রের সীমানা নির্ধারণ—যার মধ্যে ইসরায়েলের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের বিষয়টিও আছে।ফিলিস্তিনিদের কাছে এর আরেকটি অর্থ হচ্ছে, ওয়েস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ইসরায়েলি সৈনিক ও সড়ক প্রতিবন্ধকের বদলে আন্তর্জাতিক বাহিনী নিয়োগ। আরেকটি জটিল ইস্যু হচ্ছে, ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলিদের বসতি স্থাপন। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যত্ রাজধানী হিসেবে চায়। গত নভেম্বরে নেতানিয়াহু ওয়েস্ট ব্যাংকে নতুন বসতি স্থাপন প্রকল্পের ওপর ১০ মাসের জন্য নিষেধাজ্ঞা ঘোষণা করেন। অবশ্য জেরুজালেম, যাকে ইসরায়েল তার চিরকালীন ও অখণ্ডণীয় রাজধানী হিসেবে গণ্য করে, এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। নেতানিয়াহু ও ওবামা হয়তো ওয়েস্ট ব্যাংকে নতুন বসতি স্থাপনের ওপর নিষেধাজ্ঞা সেপ্টেম্বরের পরও বলবৎ রাখা যায়, তার উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন। — রয়টার্স