আজ উইলিয়াম পরবেন লাল রঙের সেনা পোশাক
একটু পরেই শুরু হতে যাচ্ছে ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের মূল অনুষ্ঠান। বহু প্রতীক্ষার এ বিয়ের বিভিন্ন বিষয়ে মানুষের আগ্রহেরও কমতি নেই। বিয়েতে কে কে আসবেন, ভোজে কী কী ধরনের খাবার থাকবে, মিডিয়ার কভারেজ কেমন হবে—এমন অনেক কিছু নিয়ে আগ্রহ ও জল্পনা-কল্পনার শেষ নেই। বিয়েতে বর ও কনের পোশাক নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ। আজ কী পরছেন কেট ও উইলিয়াম?এখন জানা গেছে, আজ প্রিন্স উইলিয়াম পরবেন ঔপনিবেশিক আমলে আইরিশ সেনাবাহিনীর প্রহরীদের ব্যবহূত লাল রঙের পোশাক। তবে কেট মিডলটনের বিয়ের পোশাক কী হবে তা গোপন রাখা হয়েছে। কেবল বিয়ের সময়ই জানা যাবে কেট মিডলটন কী পোশাক পরেছেন। আজ শুক্রবার ব্রিটিশ রাজপরিবারের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। উইলিয়ামের মুখপাত্র জানিয়েছেন, উইলিয়াম যখন যাবেন তখন আইরিশ প্রহরীরা লাল রঙের পোশাক এবং মাথায় টুপি পরে তাঁকে সম্মান জানাবেন। আইরিশ প্রহরীদের চারজনকে নিয়ে একটি করে দল করা হবে। ফলে লাল রঙের আবহ তৈরি হবে। উইলিয়াম সোনালি ও গাঢ় লাল রঙের একটি কাপড় কাঁধের ওপর দিয়ে ঝুলিয়ে রাখবেন। এ সময়ে তাঁর কোমরে তলোয়ার রাখার একটি জায়গাও থাকবে। তবে তিনি কোনো তলোয়ার বহন করবেন না। উইলিয়ামের ছোট ভাই পরবেন নৌবাহিনীর পোশাকের মতো নীল রঙের পোশাক।