আজ উদ্বোধন হচ্ছে না গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সেতুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সেতুর (ফ্লাইওভার) নির্মাণকাজের উদ্বোধন আজ শনিবার সকালে হওয়ার সময় নির্ধারিত থাকলেও তা হচ্ছে না। ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আজ উড়াল সেতুর নির্মাণকাজের উদ্বোধন হচ্ছে না। কেন হচ্ছে না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। ২০ জুনের মধ্যে এটি উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানের জন্য গোলাপবাগ মাঠে মঞ্চ তৈরি করা হয়েছিল। আড়াই হাজার আমন্ত্রণপত্র (কার্ড) ছাপিয়ে বিলিও করা হয়েছিল অনেকগুলো। আমন্ত্রণপত্রে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে ঢাকার মেয়র সাদেক হোসেনের নাম উল্লেখ করা হয়।এর আগে গত ১৩ মে উদ্বোধনের পূর্ণ প্রস্ততি ছিল, কিন্তু হয়নি। দুবার তারিখ ঘোষণা করেও কেন উদ্বোধন করা হচ্ছে না—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এর আগে ৩ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এক চিঠিতে ডিসিসিকে ১২ জুন উড়াল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলে জানানো হয়। এর ভিত্তিতে গোলাপবাগ মাঠে উদ্বোধনী মঞ্চ, নির্মাণ ফলক তৈরিসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়।